সুচরিতা সেন চৌধুরী, কল্যাণী: রবিবার আইএসএলের প্রথম কলকাতা ডার্বি (Kolkata Derby)। তার আগে কল্যাণীর বি-১৪ আদিবাসী পাড়ায় ফুটবল ঘিরে উত্তেজনা তুঙ্গে। এই পাড়ারই ছেলে সন্দীপ মান্ডি খেলছেন ইস্টবেঙ্গলের হয়ে। অথচ তাঁর পুরো পাড়া মোহনবাগান সমর্থক। আর এখানে বেশ বিপাকে পড়েছেন পাড়ার সবাই। একদিকে ঘরের ছেলে, আর অন্যদিকে প্রিয় ক্লাব। তাহলে কি ঘরের ছেলের টানে এবার সবুজ-মেরুন ছেড়ে লাল-হলুদে রঙ বদলাবে গোটা পাড়া? নাকি ডার্বির আবেগে নিজেদের পুরনো সমর্থনেই অটুট থাকবে কল্যাণীর বি-১৪ আদিবাসী পাড়া?
ডার্বির আগে এমন মজার ফুটবল-সমীকরণ খুব একটা দেখা যায় না। একদিকে পাড়ার ছেলে সন্দীপ মান্ডি, যিনি এখন ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠে নামছেন। অন্যদিকে তাঁর নিজের পাড়ার ফুটবলপ্রেমীদের বড় অংশই মোহনবাগানের সমর্থক। ফলে রবিবারের ডার্বি ঘিরে কল্যাণীর বি-১৪ আদিবাসী পাড়ায় উত্তেজনার পারদ যে একটু বেশিই চড়বে, তার আগাম প্রস্তুতি নিজের চোখে দেখে এলাম শুক্রবার। তবে সমর্থনের পাল্লা কোনদিকে ঝুঁকবে তার কিন্তু স্পষ্ট করে কেউই বললেন না।
স্বাধীনতার আগে থেকেই এই পাড়ার অস্তিত্ব। বর্তমানে ১৫০-এরও বেশি পরিবারের বাস এই এলাকায়। বিহার ও ওড়িশা থেকে আসা এই সব পরিবারের পূর্বপুরুষরা একসময় কৃষিকাজের সূত্রে এখানে বসতি গড়েছিলেন। সময়ের সঙ্গে অবশ্য বদলেছে এলাকার চেহারা, কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা রয়ে গিয়েছে একই রকম। আর সেকারণেই তৈরি হয়েছে কল্যাণী আদিবাসী স্পোর্টিং ক্লাব। এই গ্ৰামে থাকে সাঁওতাল আর ওঁরাও আদিবাসী। এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাস। আর সেই পাড়া থেকেই যখন একজন ভারতীয় ফুটবলে হিরো হয়ে যান তখন উৎসবের প্রদীপ জ্বলে সব ঘরেই।

বাড়ির সামনের মাঠে সন্দীপ মান্ডির মা, পিসি-সহ পরিবারের লোকেরা
এই পাড়ার সঙ্গে ফুটবলের সম্পর্ক প্রায় পাঁচ দশকের। স্থানীয় ফুটবল লিগে ৪৮ বছরের অংশগ্রহণের ইতিহাস রয়েছে। আস্ত একটা আদিবাসী দল বানিয়ে স্থানীয় লিগ খেলে এই ক্লাব। ক্লাব সচিব দুলাল মান্ডিই প্রথম পথ দেখিয়েছিলেন পাড়ার গণ্ডি ছেড়ে বেরিয়ে কলকাতার ক্লাবে খেলার। তিনি খেলতেন তালতলায়। মজা করেই বলছিলেন, “আমাদের পাড়ায় ফুটবল নিয়ে এতটাই পাগলামি রয়েছে যে, মাঠে ব্যাট, বল ফেলে রেখে দিলেও কেউ ঘুরে তাকাবে না।”
এখানকার একাধিক ফুটবলার বিভিন্ন সময়ে বড় ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। দুলাল মান্ডির পাশাপাশি কলকাতার ক্লাবে সেই সময়ই নাম লিখিয়েছিলেন গব্বর কুজুর, তিনি খেলতেন হাওড়া ইউনিয়নের হয়ে। সন্তোষ ওরাঁও, সাগ্ৰাম মান্ডি খেলেছেন মোহনবাগানে। মদন মান্ডি, প্রভাত লাকড়া, সন্দীপ লাকড়ার মতো ফুটবলাররাও নিজেদের পরিচিতি তৈরি করেছেন। শুধু পাড়া কেন, সন্দীপ মান্ডির পরিবারটাও আস্ত একটা ফুটবলের ইতিহাস বয়ে চলেছে এই এলাকার। বাবা সুন্দর মান্ডি, কাকা সাগ্ৰাম মান্ডি যখন ফুটবলার, তখন পিসি কুসুম মান্ডি আন্তর্জাতিক রেফারি।
এই ফুটবল-ঐতিহ্যেরই নতুন প্রজন্মের প্রতিনিধি সন্দীপ মান্ডি। বর্তমানে ইস্টবেঙ্গলের হয়ে খেলছেন তিনি। ফলে ডার্বির আগে নিজের পাড়ায় যে তিনি আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু, তা বলার অপেক্ষা রাখে না।

আদিবাসী স্পোর্টিং ক্লাবের মূল উদ্যোক্তা দুলাল মান্ডি, গব্বর কুজুররা
রবিবার মাঠে ইস্টবেঙ্গল-মোহনবাগান লড়াইয়ের ফল কী হবে, তা সময়ই বলবে। তবে কল্যাণীর বি-১৪ আদিবাসী পাড়ায় এবারের ডার্বির লড়াই যেন একটু অন্য রকম। সেখানে প্রতিপক্ষ শুধু দুই ক্লাব নয়, লড়াইটা কিছুটা ঘরের ছেলের ভালোবাসা আর দীর্ঘদিনের সমর্থনেরও। তবে মাঠে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। একটাই আফসোস, আগের মতো আর ধামসা, মাদল নিয়ে গ্যালারি থেকে ছন্দে ছন্দে গলা ফাটানোর সুযোগ নেই। গব্বর কুজুর বলছিলেন, “আগে মাঠে যখন এতো বিধিনিষেধ ছিল না, তখন আমরা আমাদের ট্র্যাডিশনাল বাদ্য ধামসা-মাদল নিয়ে মাঠে যেতাম। পাড়া থেকে লড়ি ভর্তি করে সবাই যেতো। এখন সে সুযোগ নেই।” তাতে অবশ্য ফুটবল প্রেমে কোনও ঘাটতি নেই।
এই পাড়ার গল্প তাই শুধু কয়েকজন ফুটবলারের সাফল্যের গল্প নয়। পরিশ্রম, লড়াই এবং স্বপ্ন দেখার গল্প। কৃষিকাজের সঙ্গে যুক্ত পরিবার থেকে উঠে এসে ফুটবলের বড় মঞ্চে পৌঁছনোর স্বপ্ন দেখেছে একটা পুরো আদিবাসীপাড়া। তাঁদের সাফল্য পরবর্তী প্রজন্মকেও উৎসাহ জুগিয়ে চলেছে। পড়ন্ত বিকেলে সন্দীপ মান্ডির বাড়ির সামনের কিছুটা অবিন্যস্ত ফুটবল মাঠে বল নিয়ে কচিকাঁচাদের হুড়োহুড়ি যেন তারই জ্বলজ্যান্ত উদাহরণ।
কারণ, এই পাড়ার মানুষের কাছে ফুটবল নিছক একটি খেলা নয়। ফুটবল তাঁদের পরিচয়ের অংশ, তাঁদের ইতিহাসের সাক্ষী, ভালো থাকার রসদ। যা আরও একবার উস্কে দিয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে সন্দীপ মান্ডির উইনিং হেড।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
