Sharad Kapoor-কে মনে আছে? এক সময়ের দাপুটে অভিনেতা হারতে বসেছিলেন জীবনের লড়াইয়ে

ইংরেজিতে একটা কথা আছে, “Out of side out of mind”। বিশেষ করে সেই সব মানুষদের ক্ষেত্রে যাঁরা সেলিব্রিটি। যতক্ষণ সফল, ততক্ষণই মানুষ তাঁকে মনে রাখে। এমন কী তাঁর পরিবারও। সম্প্রতি এমনই এক ভয়ঙ্কর সত্যি উঠে এসেছে বলিউড থেকে। একটা সময় হিন্দি সিনেমার পর্দায় তাঁর উপস্থিতি নজর কাড়ত দর্শকদের। শাহরুখ খানের সঙ্গে একই ছবিতে অভিনয় করে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে যেন বদলে গিয়েছে সব কিছু। একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করা সেই শরদ কাপুর (Sharad Kapoor)-এর বর্তমান পরিস্থিতির কথা সামনে আসতে চমকে গিয়েছে সবাই। শারীরিক অসুস্থতা, মানসিক অবসাদ, এমনকি অবলম্বন ছাড়া হাঁটার ক্ষমতাও নেই তাঁর। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকায় সবাই ভুলেই গিয়েছিল তাঁকে। একটা ঘটনা সেই অপ্রিয় সত্যিকে সামনে এনে দিয়েছে। তাঁকে নিয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। তবে তাঁর আবেদন, আর্থিক সাহায্য নয়, তিনি চান কাজের সুযোগ।

বলিউডের ঝলমলে দুনিয়ার আড়ালে যে কত মানুষের ব্যক্তিগত লড়াই লুকিয়ে থাকে, শরদ কাপুরের সাম্প্রতিক পরিস্থিতি যেন তারই এক মর্মস্পর্শী উদাহরণ।


শরদ কাপুরের সাম্প্রতিক খবরের সূত্রপাত তাঁর চার পোষ্য কুকুরকে নিয়ে। অভিনেতার শারীরিক ও ব্যক্তিগত পরিস্থিতির কথা সামনে আসার পর তাঁর পোষ্যদের দেখভালের দায়িত্ব সাময়িকভাবে একটি পশুকল্যাণ সংস্থার হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এই কাজে এগিয়ে আসেন তাঁর দীর্ঘদিনের পরিচিত হেমা চৌধুরী। তিনি মুম্বইয়ের ‘বেজুবান পাবলিক ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর সঙ্গে যুক্ত।

কুকুরগুলির থেকে সাময়িক বিচ্ছেদের মুহূর্তের ভিডিওতে দেখা গিয়েছে, প্রিয় পোষ্যদের থেকে বিচ্ছেদ তাঁকে কতটা আবেগপ্রবণ করে তুলেছে। চার পোষ্য যে তাঁর জীবনের কতটা কাছের, তা তাঁর আচরণেই স্পষ্ট হয়ে যায়। জীবনের কঠিন সময়ে যখন বহু মানুষের সঙ্গে যোগাযোগ কমে গিয়েছিল, তখন এই অবলা প্রাণীগুলিই তাঁর জীবনের অন্যতম সঙ্গী হয়ে উঠেছিল। তখনই প্রথম নজরে আসে বলিউডের এই বিখ্যাত ভিলেন। গাল ভর্তি দাঁড়ি, ভেঙে যাওয়া শরীর, ক্রাচে ভর দিয়ে হাঁটা, প্রাথমিকভাবে কথাও ছিল কিছুটা অসংলগ্ন।

বিভিন্ন ভিডিও, পডকাস্টে শরদকে নিয়ে আরও উদ্বেগজনক কিছু তথ্য সামনে এনেছেন হেমা চৌধুরী। তাঁর দাবি, অভিনেতাকে যখন তিনি প্রথম দেখেন, তখন দীর্ঘদিন ধরে তিনি বিছানায় শয্যাশায়ী ছিলেন। এমনকী নিজের দৈনন্দিন পরিচর্যা এবং খাবারদাবারের ক্ষেত্রেও সমস্যার মধ্যে ছিলেন বলে দাবি হেমার। প্রায় দু’বছর ধরে শরদের জীবনযাপন অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল বলেও জানিয়েছেন তিনি।

শরদের শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক অবস্থাও যে ভালো ছিল না, তা অভিনেতা নিজেও স্বীকার করেছেন। সম্প্রতি নিজের কঠিন সময়ের কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, জীবনের একটা পর্যায়ে কাজ করার ইচ্ছা, উৎসাহ এবং মানসিক শক্তি হারিয়ে ফেলেছিলেন। পরিস্থিতির চাপে এমন সময়ও গিয়েছে, যখন ঠিকমতো খাওয়াদাওয়া পর্যন্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।

শরদ কাপুরের জীবনের কঠিন সময়ের সঙ্গে জড়িয়ে রয়েছে ২০২৪ সালের একটি বিতর্কও। ওই বছর মুম্বই পুলিশের কাছে তাঁর বিরুদ্ধে এক মহিলা অভিনেতা ও প্রযোজককে যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়েছিল। শরদ অবশ্য অভিযোগ অস্বীকার করেছিলেন। সম্প্রতি অভিনেতা জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছিল। তাঁর বক্তব্য, এমন অভিযোগের মুখোমুখি হওয়ার পর তিনি অবসাদে চলে যান। কারও সঙ্গে দেখা করতে বা কাজ করতে ইচ্ছা করত না। ধীরে ধীরে অভিনয়ের জগৎ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন।

অভিযোগের সত্যতা নিয়ে আইনি প্রক্রিয়ার বাইরে কোনও সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয়। তবে এই বিতর্ক যে তাঁর মানসিক অবস্থার উপর প্রভাব ফেলেছিল, সেই অভিজ্ঞতার কথাই জানিয়েছেন অভিনেতা।

২০০০ সালে ‘জোশ’ মুক্তি পাওয়ার পর মানুষের জায়গা করে নিয়েছিলে শরদ। শাহরুখ খানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সেই সব দৃশ্যে যেন সমানে সমানে টক্কর দিয়েছিলেন তিনি। তবে শুরুটা হয়ে গিয়েছিল ১৯৯৬ সালের ‘দস্তক’ দিয়ে। মিস ইউনিভার্স সুস্মিতা সেনের প্রথম ছবিতে একজন সাইকো প্রেমিকের চরিত্রে তিনি নিজেকে প্রথম চিনিয়েছিলেন। এর পর ফারহা খানের লক্ষ্য, এলওসি কার্গিল, সলমন খানের সঙ্গে জয় হো-এর মতো সিনেমার দেখা গিয়েছিল তাঁকে।

এ ছাড়াও ‘স্বাভিমান’, ‘ওয়ান্টেড’-এর মতো কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ক্যাবারে’ ছবিতে শেষবার তাঁকে পর্দায় দেখা গিয়েছিল বলে জানা যায়। তার পর প্রায় নিরুদ্দেশ হয়ে যান তিনি। এত বছর পর আবার তাঁর হদিশ পাওয়া গেল, তবে চূড়ান্ত খারাপ পরিস্থিতিতে। এই খবর সামনে আসতেই তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সলমন খান ও সোনু সুদ। বলিউডের দুই কমন নাম, যাঁরা যে কোনও পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ান। সোনু সুদ নিজে তাঁর বাড়িতে গিয়ে দেখা করে আসেন। সেই ভিডিও সামনে এসেছে। অভিনেতা নিজে জানিয়েছেন, সলমন খানের টিমের তরফেও তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।

অন্যদিকে, অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনও (AICWA) শরদকে কাজের সুযোগ দেওয়ার জন্য চলচ্চিত্র জগতের প্রযোজক, পরিচালক ও কাস্টিং সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে। সংগঠনের বক্তব্য, একজন শিল্পীর কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়ানো উচিত গোটা ইন্ডাস্ট্রির।

এই সমস্ত ঘটনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শরদ কাপুরের নিজের বক্তব্য। সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে তিনি বলিউডের সহকর্মীদের কাছে কাজের আবেদন জানান। তাঁর বক্তব্য, তিনি কারও কাছে দয়া বা ভিক্ষা চাইছেন না। তিনি চান অভিনয়ের সুযোগ। নিজের প্রতিভার উপর এখনও আস্থা রয়েছে তাঁর।

শরদের কথায়, তিনি আবার অভিনয় করতে চান। জীবনের খারাপ সময় কাটিয়ে নতুন করে শুরু করতে চান। দীর্ঘদিন কাজের বাইরে থাকার পর ফের ক্যামেরার সামনে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন অভিনেতা। এমনকী তিনি এটাও বলে দিয়েছেন, তাঁর নাম করে কেউ যদি টাকা তোলার চেষ্টা করেন, তাতে যেন কেউ সাড়া। না দেন। তাঁর অনুমতি ছাড়া কাউকে তাঁর নামে টাকা দিতে নিষেধ করেছেন শরদ।

জীবনের অন্ধকার অধ্যায় পেরিয়ে ফের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন শরদ। ১৬ নভেম্বর প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, একটি হলিউড ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। আগামী জানুয়ারি থেকে সেই ছবির কাজ শুরু হওয়ার কথা বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি বলিউডেও কাজ চালিয়ে যেতে চান। তাঁর কথায়, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারলে আগামী কয়েক মাসের মধ্যে সবকিছু আবার স্বাভাবিক ছন্দে ফিরবে বলে আশা করছেন তিনি।

১৮ নভেম্বর এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শরদ জানিয়েছেন, তাঁর চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পরিকল্পনা রয়েছে। চিকিৎসার পর দ্রুত সুস্থ হয়ে ওঠার আশাও প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে চলচ্চিত্র জগতের যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

একসময় যে অভিনেতাকে দর্শক বড় পর্দায় প্রতিপক্ষের চরিত্রে দেখে হাততালি দিয়েছেন, আজ সেই অভিনেতাই নতুন করে নিজের জায়গা ফিরে পাওয়ার লড়াই করছেন। জনপ্রিয়তা, পরিচিতি কিংবা অতীতের সাফল্য—কোনও কিছুই জীবনের কঠিন সময়ে সব সমস্যার সমাধান করতে পারে না। শরদ কাপুরের সাম্প্রতিক পরিস্থিতি সেই বাস্তবতাকেই সামনে নিয়ে এসেছে।

তাঁর জীবনের এই অধ্যায়ের শেষটা কেমন হবে, তা সময়ই বলবে। তবে একটা বিষয় স্পষ্ট—তিনি এখনও হাল ছাড়তে চান না। তাঁর চাওয়া খুব সাধারণ, আবার কাজ করতে চান, ক্যামেরার সামনে দাঁড়াতে চান, নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিতে চান।

তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও বেশ কিছু তথ্য উঠে আসছে। তাঁর কলকাতা কানেকশন খুবই স্ট্রং। একটা সময় কলকাতায় দীর্ঘ সময় কাটিয়েছেন। ভালো বাংলাও বলতে পারেন। এখন জানা যাচ্ছে তাঁর স্ত্রী পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাতনি। তবে তিনি যে। শরদের সঙ্গে থাকেন না তা স্পষ্ট। বাকি তাঁর পরিবার নিয়ে বিশেষ কিছু জানা যায়নি এখনও।

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google