২৬ নভেম্বর, ২০০৮, মুম্বই (26/11 Mumbai Attack)। ভারতের ইতিহাসে এক কালো অধ্যায়। বাণিজ্যনগরী মুম্বইয়ের বুকে নেমে এসেছিল ভয়াবহ সন্ত্রাসের রাত। একের পর এক বিস্ফোরণ, নির্বিচারে গুলিবর্ষণ, হোটেলে বন্দি সাধারণ মানুষ এবং দীর্ঘ ৬০ ঘণ্টার নিরাপত্তা অভিযান—সব মিলিয়ে গোটা দেশ প্রত্যক্ষ করেছিল এক ভয়ংকর অধ্যায়। ১৮ বছর পেরিয়ে গেলেও ২৬/১১-র সেই স্মৃতি আজও ভারতীয়দের মনে গভীর ক্ষত হয়ে রয়েছে।
২০০৮ সালের ২৬ নভেম্বর সন্ধ্যার পর থেকেই মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় শুরু হয় জঙ্গি হামলা। পাকিস্তান থেকে সমুদ্রপথে ভারতে প্রবেশ করা ১০ জন সশস্ত্র জঙ্গি শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তাদের নিশানায় ছিল সাধারণ মানুষ, বিদেশি পর্যটক, হোটেল, রেলস্টেশন হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। হামলার উদ্দেশ্য ছিল শুধু প্রাণহানি ঘটানো নয়, ভারতের অর্থনৈতিক রাজধানীতে ভয়ের আবহ তৈরি করা।
সেই রাতেই বদলে গিয়েছিল মুম্বইয়ের পরিচিত চেহারা। যে শহর কখনও ঘুমোয় না, সেই শহর পরিণত হয়েছিল আতঙ্কের নগরীতে।
তদন্তে উঠে আসে, হামলার নেপথ্যে ছিল পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba)। ১০ জন জঙ্গি সমুদ্রপথে মুম্বইয়ে প্রবেশ করেছিল। ২৩ নভেম্বর পাকিস্তানের করাচি থেকে যাত্রা শুরু করে তারা। মাঝসমুদ্রে ভারতীয় মাছ ধরার ট্রলার ‘এমভি কুবের’ দখল করে এবং তার কর্মীদের হত্যা করে। পরে ওই ট্রলার ছেড়ে ছোট রাবারের নৌকায় চেপে মুম্বইয়ের উপকূলে পৌঁছয় তারা।
২৬ নভেম্বর রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে কোলাবার বুধওয়ার পার্কের কাছে উপকূলে নামে জঙ্গিরা। এরপর চারটি দলে ভাগ হয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায়। তাদের হাতে ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গ্রেনেড এবং বিস্ফোরক।
ভারতের তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, হামলায় মুম্বইয়ের ১৩টি জায়গায় গুলি, গ্রেনেড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই তালিকাটা অনেকটা এরকম— ছত্রপতি শিবাজি টার্মিনাস, লিওপোল্ড ক্যাফে, তাজ মহল প্যালেস হোটেল, ওবেরয়-ট্রাইডেন্ট হোটেল, নারিমান হাউস ও কামা হাসপাতাল। বাদ যায়নি মুম্বইয়ে রাস্তাও।
শহরকে বাঁচাতে প্রাণ দিয়েছিলেন মুম্বই পুলিশের সাহসী অফিসারেরা। ২৬/১১ শুধু সন্ত্রাসবাদীদের নৃশংসতার ইতিহাস নয়, এই ঘটনা ভারতীয় নিরাপত্তাবাহিনীর অসীম সাহস ও আত্মত্যাগের ইতিহাসও।
হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছিলেন মুম্বই পুলিশের একাধিক অফিসার। সন্ত্রাসবাদীদের মোকাবিলা করতে গিয়ে প্রাণ হারান মুম্বই পুলিশের তৎকালীন অ্যান্টি-টেররিজম স্কোয়াডের প্রধান হেমন্ত কারকারে, অতিরিক্ত পুলিশ কমিশনার অশোক কামতে এবং এনকাউন্টার স্পেশালিস্ট বিজয় সালাসকর। এ ছাড়াও প্রাণ হারান একাধিক পুলিশকর্মী ও নিরাপত্তারক্ষী। তাজ হোটেলে জঙ্গী হামলায় শহীদ হন মেজর উন্নিকৃষ্ণণ।

এই হামলার অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল আজমল কাসাবকে জীবিত গ্রেফতার করা। কাসাব ও তার সঙ্গী আবু ইসমাইলের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় সামনে এগিয়ে এসেছিলেন সহকারী পুলিশ সাব-ইনস্পেক্টর তুকারাম ওম্বলে।
নিরস্ত্র অবস্থায় তিনি কাসাবের বন্দুকের নল ধরে ফেলেছিলেন। জঙ্গির গুলিতে গুরুতর আহত হয়ে প্রাণ হারান তিনি। কিন্তু তাঁর অসীম সাহসের ফলে কাসাবকে জীবিত অবস্থায় গ্রেফতার করা সম্ভব হয়। পরবর্তী সময়ে এই গ্রেফতারিই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে ওঠে।
৬০ ঘণ্টারও বেশি সময় ধরে চলেছিল অপারেশন। ২৬ নভেম্বর রাত থেকে ২৯ নভেম্বর সকাল পর্যন্ত মুম্বই কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল।
প্রাথমিকভাবে মুম্বই পুলিশ, সেনাবাহিনী এবং নৌবাহিনীর মেরিন কমান্ডোরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে দিল্লির মানেসর থেকে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা NSG কমান্ডোদের মুম্বইয়ে নিয়ে আসা হয়।
তাজ, ওবেরয়-ট্রাইডেন্ট এবং নারিমান হাউসে একযোগে অভিযান চালানো হয়। একদিকে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, অন্যদিকে আটকে থাকা মানুষদের নিরাপদে বের করে আনার চেষ্টা—দুই কাজই ছিল অত্যন্ত কঠিন।
হোটেলের ভিতরে কোথায় কতজন জঙ্গি রয়েছে, কোথায় সাধারণ মানুষ আটকে আছেন, কোন ঘরে বিস্ফোরক রাখা হয়েছে—কিছুই নিশ্চিতভাবে জানা যাচ্ছিল না। ফলে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হচ্ছিল।
২৮ নভেম্বর ওবেরয়-ট্রাইডেন্ট এবং নারিমান হাউসের অভিযান শেষ হয়। কিন্তু তাজ হোটেলে তখনও লড়াই চলছিল। অবশেষে ২৯ নভেম্বর সকালে শেষ জঙ্গিকেও নিকেশ করা হয়। সমাপ্তি ঘটে দীর্ঘ সন্ত্রাসবিরোধী অভিযানের।
এই অভিযানে কয়েকশো মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। ১৬৬ জনের মৃত্যু হয়, আহত হন ২৩৮ জন। যারা আজও সেই ট্রমা থেকে বেরিয়ে আসত পারেননি।
সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ করা হয়েছে, ২৬/১১ হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল এবং ২৩৮ জন আহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ছিলেন ২৬ জন বিদেশি নাগরিক এবং ১৮ জন পুলিশ ও অন্যান্য নিরাপত্তাকর্মী।
১০ জন জঙ্গির মধ্যে নিরাপত্তাবাহিনীর অভিযানে ৯ জন নিহত হয়। একমাত্র জীবিত ধরা পড়েছিল আজমল আমির কাসাব।
এই হামলায় শুধু প্রাণহানিই হয়নি, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল মুম্বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার। তাজ হোটেলের ঐতিহাসিক স্থাপত্যের ক্ষত সারাতেও দীর্ঘ সময় লেগেছিল।
কাসাবকে জীবিত গ্রেফতার করার পর শুরু হয় দীর্ঘ আইনি প্রক্রিয়া। তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসবাদ, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা-সহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়।২০১০ সালের ৬ মে বিশেষ আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। পরে বম্বে হাইকোর্ট সেই সাজা বহাল রাখে। ২০১২ সালের ২৯ আগস্ট সুপ্রিম কোর্টও মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়ার পর ২০১২ সালের ২১ নভেম্বর মহারাষ্ট্রের পুণের ইয়েরওয়াড়া কেন্দ্রীয় সংশোধনাগারে আজমল কাসাবের ফাঁসি কার্যকর করা হয়।
মুম্বই হামলা ভারতের নিরাপত্তা ব্যবস্থার একাধিক দুর্বলতা সামনে এনে দিয়েছিল। বিশেষ করে সমুদ্রপথে জঙ্গিদের প্রবেশ, বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব এবং দ্রুত কমান্ডো বাহিনী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সমস্যা নিয়ে প্রশ্ন উঠেছিল।
এই ঘটনার পর দেশের সন্ত্রাসবিরোধী নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়। ২০০৮ সালেই জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA গঠনের আইনি প্রক্রিয়া শুরু হয়। উপকূলীয় নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদানপ্রদান এবং দ্রুত সন্ত্রাসবিরোধী অভিযানের উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

স্মরণে…
মুম্বই হামলা বুঝিয়ে দিয়েছিল, সন্ত্রাসবাদ মোকাবিলায় শুধু অস্ত্র বা বাহিনী থাকলেই হয় না, প্রয়োজন গোয়েন্দা তথ্য, প্রযুক্তি, দ্রুত সিদ্ধান্ত এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়।
আজ ২০২৬ সালের ২৬ নভেম্বর। সেই ভয়াবহ হামলার ১৮ বছর পূর্ণ হল। সময় এগিয়েছে, মুম্বই আবার নিজের ছন্দে ফিরেছে। তাজ হোটেল আবার অতিথিদের স্বাগত জানাচ্ছে। CST-তে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করছেন। লিওপোল্ড ক্যাফেতেও ফিরেছে স্বাভাবিক জীবন।
কিন্তু যাঁরা সেই রাতে প্রিয়জনকে হারিয়েছিলেন, তাঁদের কাছে ২৬ নভেম্বর কোনও সাধারণ দিন নয়। যাঁরা নিজের চোখে দেখেছিলেন মৃত্যু ও ধ্বংসের সেই ভয়াবহতা, তাঁদের স্মৃতিতে আজও অমলিন সেই রাত।
২৬/১১ আমাদের মনে করিয়ে দেয়, সন্ত্রাসবাদের কোনও ধর্ম, জাতি বা মানবিক পরিচয় নেই। নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়ে কোনও আদর্শ প্রতিষ্ঠা করা যায় না।
এই দিনটি তাই শুধু শোকের নয়, সাহস, আত্মত্যাগ এবং ঐক্যের কথাও মনে করিয়ে দেওয়ার দিন। যাঁরা দেশের মানুষকে বাঁচাতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোই ২৬/১১-র সবচেয়ে বড় শিক্ষা।
১৬৬ জন নিরপরাধ মানুষের মৃত্যু, অসংখ্য পরিবারের কান্না এবং নিরাপত্তারক্ষীদের আত্মত্যাগ—মুম্বইয়ের সেই রক্তাক্ত রাত ভারত কোনও দিন ভুলবে না।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
