Sports Medicine নিয়ে সেমিনারে সিএসজেসিতে হাজির বিখ্যাত অর্থোপেডিক সার্জন ডাঃ সুনীল জি কিনি

খেলাধুলা, শরীরচর্চা এবং অবসর সময়ে বিভিন্ন ধরনের শারীরিক কর্মকান্ডে মানুষের অংশগ্রহণ যত বাড়ছে, আধুনিক চিকিৎসাব্যবস্থায় ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে স্পোর্টস মেডিসিন বা ক্রীড়া চিকিৎসা। লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, পেশিতে চোট লাগা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জয়েন্টের সমস্যা—খেলাধুলার কারণে হওয়া এই চোটগুলি শুধু একজন ক্রীড়াবিদের পারফরম্যান্সেই প্রভাব ফেলে না, দৈনন্দিন চলাফেরা এবং জীবনযাত্রার মানও ব্যাহত করতে পারে। আর সে কারণেই বাড়ছে স্পোর্টস মেডিসিনের গুরুত্ব (Sports Medicine)। বৃহস্পতিবার এই বিষয় নিয়েই এক সেমিনারের আয়োজন হয়েছিল স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও মনিপাল হসপিটালের যৌথ উদ্যোগে।

স্পোর্টস মেডিসিনের গুরুত্ব প্রসঙ্গে বেঙ্গালুরুর মণিপাল হাসপাতাল, ওল্ড এয়ারপোর্ট রোডের (মেন ব্রাঞ্চ) অর্থোপেডিক ও রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বিভাগের প্রধান ও পরামর্শদাতা চিকিৎসক ডাঃ সুনীল জি কিনি এদিন উপস্থিত ছিলেন ক্রীড়া সাংবাদিক ক্লাবের সেমিনারে।


তিনি বলেন, “স্পোর্টস ইনজুরির চিকিৎসার ক্ষেত্রে শুধু তাৎক্ষণিক চিকিৎসার দিকে নজর দিলে চলবে না, দীর্ঘমেয়াদি সুস্থতার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। সময়মতো চোট শনাক্ত করা, উপযুক্ত চিকিৎসা এবং পরিকল্পিত পুনর্বাসন—এই তিনটি বিষয় স্বাভাবিক কর্মক্ষমতা ফিরিয়ে আনা এবং বারবার চোট পাওয়ার ঝুঁকি কমানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য শুধু একজন ব্যক্তিকে চোট থেকে সুস্থ করে তোলা নয়, বরং তাঁর চলাফেরার স্বাভাবিক ক্ষমতা, আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া এবং তিনি যে শারীরিক কার্যকলাপ উপভোগ করেন, তাতে নিরাপদে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া।”

স্পোর্টস মেডিসিনের কাজ শুধুমাত্র চোট লাগার পর তার চিকিৎসা করা নয়। এর আওতায় রয়েছে চোট প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে সমস্যা শনাক্ত করা, উপযুক্ত চিকিৎসা এবং পরিকল্পিত পুনর্বাসন প্রক্রিয়া। সময়মতো চোট শনাক্ত করে সঠিক চিকিৎসা শুরু করা গেলে জটিলতা কমানো, একই ধরনের চোট বারবার হওয়ার ঝুঁকি এড়ানো এবং নিরাপদে ফের শারীরিক কার্যকলাপে ফিরে আসা সম্ভব।

খেলাধুলোর গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে অর্থোপেডিক চিকিৎসাক্ষেত্রেও অগ্রগতি ও স্পোর্টস ইনজুরির চিকিৎসার পদ্ধতিতে নতুন নতুন রাস্তা খুলে গিয়েছে।

স্পোর্টস মেডিসিনের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন। সুস্থ হয়ে ওঠা মানে শুধুমাত্র ব্যথা কমে যাওয়া কিংবা চোট সেরে যাওয়া নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে শরীরের নমনীয়তা, পেশির শক্তি, সমন্বয় ক্ষমতা এবং স্বাভাবিকভাবে চলাফেরার আত্মবিশ্বাস ফিরে পাওয়া। পরিকল্পিত পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে ধীরে ধীরে আগের শারীরিক কার্যকলাপে ফিরে যাওয়া সম্ভব। পাশাপাশি একই জায়গায় ফের চোট পাওয়ার ঝুঁকিও কমানো যায়। বিশেষ করে যাঁরা প্রতিযোগিতামূলক খেলাধুলায় ফিরতে চান অথবা যাঁরা সক্রিয় জীবনযাপন বজায় রাখতে চান, তাঁদের ক্ষেত্রে এই পুনর্বাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্পষ্টতই, আধুনিক স্পোর্টস মেডিসিনের লক্ষ্য শুধু চোট সারানো নয়, বরং দীর্ঘমেয়াদে সুস্থ, সচল ও সক্রিয় জীবনযাপন নিশ্চিত করাকে আরও একবার মমনে করিয়ে দিল এই সেমিনার।

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google