ভারতীয় রেলের সেমি-হাইস্পিড ট্রেন পরিষেবায় আরও একটি বড় সংযোজন হতে চলেছে নতুন দিল্লি–বারাণসী বন্দে ভারত (Vande Bharat) স্লিপার এক্সপ্রেস। আগামী ৩১ অক্টোবর ২০২৬ এই ট্রেনের উদ্বোধন হওয়ার কথা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
নতুন ট্রেনটি মূলত রাতের যাত্রীদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে। প্রস্তাবিত নিয়মিত পরিষেবা অনুযায়ী, বারাণসী থেকে ট্রেন নম্বর 27421 রাত ৮টা ৫০ মিনিটে ছেড়ে পরদিন সকালে দিল্লিতে পৌঁছবে। অন্যদিকে নতুন দিল্লি থেকে 27422 রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে পরদিন সকালে বারাণসী পৌঁছবে।
রেলওয়ে বোর্ডের সাম্প্রতিক সূচি অনুযায়ী, বারাণসী থেকে দিল্লিগামী ট্রেনটির নির্ধারিত স্টপেজগুলির মধ্যে রয়েছে প্রয়াগরাজ, কানপুর সেন্ট্রাল, আলিগড় এবং গাজিয়াবাদ। নতুন দিল্লি থেকে বারাণসীর দিকেও একই স্টেশনগুলিতে নির্ধারিত বিরতি থাকবে।
সম্ভাব্য সময়সূচি
বারাণসী → নতুন দিল্লি | ট্রেন ২৭৪২১
- বারাণসী: রাত ৮:৫০ — যাত্রা শুরু
- প্রয়াগরাজ: রাত ১০:৩৫ — ১০:৪০
- কানপুর সেন্ট্রাল: রাত ১২:৪০ — ১২:৪৫
- আলিগড়: ভোর ৩:৫৫ — ৩:৫৭
- গাজিয়াবাদ: সকাল প্রায় ৫:৪০ — ৫:৪২
- নতুন দিল্লি: সকাল ৬:১০ — পৌঁছনোর সময়
নতুন দিল্লি → বারাণসী | ট্রেন ২৭৪২২
- নতুন দিল্লি: রাত ৯:৪০ — যাত্রা শুরু
- গাজিয়াবাদ: রাত ১০:১৩ — ১০:১৫
- আলিগড়: রাত ১১:২০ — ১১:২২
- কানপুর সেন্ট্রাল: রাত ১:৫৫ — ২:০০
- প্রয়াগরাজ: সকাল ৫:০৫ — ৫:১০
- বারাণসী: সকাল ৭:১০ — পৌঁছনোর সময়।
এই বন্দে ভারত স্লিপার সপ্তাহে ছয় দিন চালানোর পরিকল্পনা রয়েছে। রেলওয়ে বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, বারাণসী থেকে শুক্রবার এবং নতুন দিল্লি থেকে শনিবার ট্রেনটি চলবে না। ট্রেনটিতে থাকবে মোট ১৬টি এয়ার-কন্ডিশন্ড কোচ। এর মধ্যে থাকবে, ১টি এসি প্রথমশ্রেণী, ৪টি দ্বিতীয় এসি, ১১টি তৃতীয় এসি। সব মিলিয়ে প্রায় ৮২৩ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।
নতুন পরিষেবার অন্যতম বড় সুবিধা হল রাতের যাত্রায় সময় সাশ্রয়। বিভিন্ন রেলওয়ে সূত্রের তথ্য অনুযায়ী, দিল্লি–বারাণসী যাত্রা প্রায় ৯ থেকে সাড়ে ৯ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। বর্তমান দ্রুতগামী পরিষেবার তুলনায় এটি যাত্রীদের জন্য আরও সুবিধাজনক রাতের বিকল্প তৈরি করবে।
এই মুহূর্তে চূড়ান্ত বাণিজ্যিক ভাড়া আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। রেলওয়ের তরফে জানানো হয়েছে, ভাড়ার কাঠামো ঘোষণা হওয়ার পরই যাত্রীরা সঠিক টিকিটের দাম জানতে পারবেন। তবে প্রিমিয়াম পরিষেবা এবং উন্নত সুযোগ-সুবিধার কারণে ভাড়া সাধারণ ট্রেনের তুলনায় কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই নতুন পরিষেবা বিশেষ করে উপকৃত করবে বারাণসীর তীর্থযাত্রী ও পর্যটকদের, প্রয়াগরাজের যাত্রীদের, দিল্লি ও উত্তরপ্রদেশের মধ্যে যাতায়াতকারী চাকরিজীবীদের, ব্যবসায়ী ও পেশাজীবীদের ও পড়ুয়া ও নিয়মিত রাতের যাত্রীদের। রাতের ট্রেনে যাত্রা করে সকালে গন্তব্যে পৌঁছনোর সুবিধা থাকায় দিনের কাজ বা ব্যবসার সময় নষ্ট হওয়ার সম্ভাবনাও কমবে।
উদ্বোধনের দিন একটি বিশেষ ট্রেন বারাণসী থেকে যাত্রা করবে। পাশাপাশি বারাণসী–প্রয়াগরাজ রামবাগ এবং বারাণসী সিটি–রাজা তালাব রুটে মেমু পরিষেবাও শুরু করার পরিকল্পনা রয়েছে। নিয়মিত পরিষেবা শুরুর তারিখ ও চূড়ান্ত ভাড়া সম্পর্কে রেলের আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, কারণ প্রকাশিত কিছু সময়সূচিতে এখনও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
