দিল্লিতে এক ৫২ বছর বয়সী ব্যক্তিকে তার ১৮ বছর বয়সী অবিবাহিতা মেয়েকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে; মেয়েটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারার পরই তিনি এই পদক্ষেপ নেন। গর্ভাবস্থার কথা জেনে সামাজিক অপমানের আশঙ্কায় দক্ষিণ দিল্লির টিগ্রি এলাকায় সপরিবারে বসবাসকারী অভিযুক্ত লাখপত সিং নিজের মেয়েকে হত্যার পরিকল্পনা করেন এবং চিকিৎসার অজুহাতে তাঁকে উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত নিজেদের গ্রামের বাড়িতে নিয়ে যান। পুলিশের তদন্তে জানা গিয়েছে, গত ২৯ জুলাই সিং এক আত্মীয়কে সঙ্গে নিয়ে মেয়েটিকে আগ্রার বাসাউনি এলাকায় চম্বল নদীর তীরে নিয়ে যান এবং পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র অনুযায়ী তাণকে জলে ডুবিয়ে খুন করেন। ঘটনার সময় তারা ছবি ও ভিডিও তুলেছে। হত্যার পর সিং—যিনি মূলত আগ্রার বাসাউনির বাসিন্দা এবং বেশ কয়েক বছর ধরে দিল্লিতে সপরিবারে বসবাস করছিলেন—রাজধানীতে ফিরে আসেন এবং পুলিশের কাছে মেয়ে নিখোঁজ হওয়ার বিষয়ে অভিযোগ দায়ের করেন।