যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের কর্মীদের জন্য নির্ধারিত শৌচাগারে গোপন ক্যামেরা বসানোর দায়ে ভারতীয় বংশোদ্ভূত এক চিকিৎসক দোষী সাব্যস্ত হয়েছেন। আদালতের নথিপত্র অনুযায়ী, অদ্বৈত দেশমুখকে ছয় মাসের কারাদণ্ড এবং তিন বছরের প্রবেশন (প্রবেশনকালীন পর্যবেক্ষণ) দেওয়া হয়েছে। তাঁর শাস্তির শর্তগুলোর মধ্যে রয়েছে ‘কমিউনিটি কন্ট্রোল’ বা সামাজিক নজরদারির আওতায় থাকা; এর পাশাপাশি তাঁকে ১৫ বছরের জন্য ‘যৌন অপরাধী’ হিসেবে নিবন্ধন করতে হবে, ‘সেক্সাহোলিকস অ্যানোনিমাস’-এর সভায় অংশ নিতে হবে এবং যৌন অপরাধী ও মানসিক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা চালিয়ে যেতে হবে। আদালতের নথিতে দেখা যায়, প্রমাণ বিকৃতির চেষ্টার একটি অভিযোগ এবং গোপনে অন্যের যৌন কার্যকলাপ দেখার সাতটি অভিযোগে দোষ সাব্যস্ত করার পর গত মাসে লুকাস কাউন্টি কমন প্লিজ কোর্ট তাঁকে এই সাজা দেয়। ‘ফক্স ১৯’-এর তথ্যমতে, ২০২৯ সালের জুন পর্যন্ত দেশমুখ প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য সক্রিয় প্রবেশন বা নজরদারির আওতায় থাকবেন। বিচারক জানান, ওই চিকিৎসক আদালতকে জানিয়েছেন যে তিনি ফ্র্যাঙ্কলিন কাউন্টিতে স্থানান্তরিত হওয়ার পরিকল্পনা করছেন; সেখানেও তাঁকে নির্ধারিত শর্তগুলো মেনে চলতে হবে এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।