যুক্তরাষ্ট্রে নিজের স্ত্রীকে হত্যার অভিযোগে ৩০ বছর বয়সী এক ভারতীয় আইটিকর্মীকে গ্রেফতার করা হয়েছে; তাদের অ্যাপার্টমেন্টে ওই মহিলার মৃতদেহ উদ্ধারের প্রায় নয় মাস পর এই গ্রেফতারটি করা হল। বেলভিউ পুলিশের তথ্যমতে, গত বছরের অক্টোবরে অবিনাশ নার্নে তাঁর স্ত্রী রাজিতা সাব্বিনেনিকে (২৭) শ্বাসরোধ করে হত্যা করেন এবং ঘটনাটিকে ভিন্ন রূপ দেওয়ার জন্য অপরাধের স্থানটি সাজিয়ে রাখেন। সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত নার্নে ২৫ অক্টোবর পুলিশকে ফোন করে জানান যে, তাঁর স্ত্রী বাথরুমের ভেতর আটকে পড়েছেন এবং বাইরে আসছেন না। পুলিশ বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে সাব্বিনেনিকে মেঝেতে পড়ে থাকতে দেখে এবং ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। জিজ্ঞাসাবাদের সময় নার্নে প্রথমে পুলিশকে বলেছিলেন যে, প্রয়োজনীয় কিছু কাজের জন্য তিনি ২৫ অক্টোবর অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়েছিলেন। প্রায় ৪০ মিনিট পর বাড়ি ফিরে তিনি সাব্বিনেনিকে বাথরুমের ভেতর আটকে পড়া অবস্থায় দেখতে পান। তবে নার্নে যখন বাইরে ছিলেন, তখন অন্য কাউকে তাদের বাড়িতে প্রবেশ করতে দেখা যায়নি। পরদিন কিং কাউন্টি মেডিকেল এক্সামিনার অফিস সাব্বিনেনির মৃত্যুকে খুন হিসেবে চিহ্নিত করে জানায় যে, শ্বাসরোধের ফলে দম বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।