ওমানে ট্যাঙ্কারে হামলায় নিখোঁজ তিন ভারতীয় মৃত

ওমান উপসাগরে একটি ট্যাঙ্কারে মার্কিন সামরিক হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে  বলে বৃহস্পতিবার জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ওমানের অদূরে ওই ট্যাঙ্কারে মার্কিন সামরিক বাহিনী হামলা চালানোর পর নাবিকরা নিখোঁজ হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের তথ্য মতে, নির্দেশ অমান্য করার পর তারা জাহাজটির ওপর একটি “সুনির্দিষ্ট” (precision) হামলা চালায়। যুক্তরাষ্ট্র আরও জানায় যে, ট্যাঙ্কারটি ইরান থেকে তেল পরিবহন করছিল। এদিকে, এই প্রাণঘাতী হামলার পর নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অফ মিশনকে তলব করে এবং হামলার ঘটনায় “কঠোর প্রতিবাদ” জানায়। ‘সেত্তেবেলো’ (Settebello) ট্যাঙ্কারে হামলার ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমেরিকা বিভাগ) নাগারাজ নাইডু যুক্তরাষ্ট্রের চার্জ ডি’অ্যাফেয়ার্স জেসন মিকসকে তলব করেন। ঘটনার পর ভারত এই হামলার তীব্র নিন্দা জানায় এবং জাহাজে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, “আজ ওমানের উপকূলে বাণিজ্যিক জাহাজ ‘সেত্তেবেলো’-র ওপর হামলার আমরা নিন্দা জানাই।” মন্ত্রণালয় জানায়, হামলার সময় জাহাজটিতে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। এতে আরও বলা হয় যে, ২১ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে।