এই সপ্তাহে দুবাইয়ের একটি গাড়ির শোরুমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২৭ বছর বয়সী এক ভারতীয় যুবকের মৃত্যু হয়েছে। ‘গালফ নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, নিহত শিজিন পল কেরালার কোল্লাম জেলার কোট্টারাক্কারার বাসিন্দা ছিলেন। তিনি সেখানে মাল্টিমিডিয়া মার্কেটিং বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন এবং দুবাইয়ের শেখ জায়েদ রোডে অবস্থিত ওই শোরুমে সোশ্যাল মিডিয়া ও ভিডিওগ্রাফির দায়িত্বে ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই বিস্ফোরণে পল ছাড়াও আরও পাঁচজন আহত হন। তাঁর পরিবার জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বাবা-মা ও স্ত্রী রয়েছে। দুবাইয়ে অবস্থিত ভারতীয় কনস্যুলেট পলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সহায়তার জন্য কনস্যুলেট তাঁর পরিবার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। পল গত নভেম্বরে ওই কোম্পানিতে যোগ দিয়েছিলেন। এই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী ও পলের সহকর্মী আবিদ ‘গালফ নিউজ’-কে জানান, বিস্ফোরণ ঘটার আগেই তিনি ও তাঁর সহকর্মীরা শোরুমের ভেতরে আগুন লাগার বিষয়টি টের পেয়েছিলেন।