উত্তরপ্রদেশের ঝাঁসিতে বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হওয়া প্রয়াত আতিক আহমেদের কনিষ্ঠ পুত্রের মৃত্যু হয়েছে। আতিক আহমেদের পাঁচ ছেলের মধ্যে সবার ছোট আবান আহমেদ ঝাঁসি যাওয়ার পথে হাইওয়েতে গাড়িটি ডিভাইডারে ধাক্কা খেলে প্রাণ হারান। দুর্ঘটনার সময় আবান তাঁর বন্ধুদের সঙ্গে একটি সাদা ক্রেটা গাড়িতে ছিলেন। দুর্ঘটনায় গাড়িতে থাকা সোনু নামের আরেক ব্যক্তিও মারা যান এবং আরও তিনজন আহত হন। পুলিশের তথ্য অনুযায়ী, ঝাঁসিতে কারাবন্দী ভাইয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। আতিকের পাঁচ ছেলে। বড় ছেলে উমর আহমেদ লখনউ জেলে আছেন। আলি আহমেদ আছেন ঝাঁসি জেলে। তৃতীয় ছেলে আসাদ ২০২৩ সালের এপ্রিলে ঝাঁসিতে পুলিশের এনকাউন্টারে নিহত হন। চতুর্থ ছেলে আহজাম বর্তমানে বাইরে আছেন। আর পঞ্চম ছেলে আবান আজ দুর্ঘটনায় মারা গেলেন।