মাঝ আকাশে ইমার্জেন্সি উইন্ডো খোলার চেষ্টা

বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, কুয়ালালামপুর থেকে কোচিগামী একটি বিমানের জরুরি নির্গমন পথ (ইমার্জেন্সি এক্সিট) মাঝ আকাশে খোলার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এফআইআর অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তির নাম জামশির; তিনি পাল্লাকাডের বাসিন্দা। বুধবার রাতে কুয়ালালামপুর থেকে কোচিগামী ‘বাটিক এয়ার’-এর ওডি২৩১ (OD231) ফ্লাইটে ভ্রমণের সময় এই ঘটনাটি ঘটে। এফআইআর-এ উল্লেখ করা হয়েছে যে, বিমানটি আকাশে থাকা অবস্থায় রাত ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৫ মিনিটের মধ্যে এই ঘটনাটি ঘটে। অভিযোগে বলা হয়েছে, জামশির জরুরি নির্গমন পথের ভেতরের জানালার প্যানেল ক্ষতিগ্রস্ত করেন এবং জোর করে দরজা খোলার চেষ্টা করেন; পাশাপাশি তিনি অন্য যাত্রী ও কেবিন ক্রুদের হুমকিও দেন। তবে অন্য যাত্রী ও কেবিন ক্রুরা সময়মতো হস্তক্ষেপ করে তাকে নিবৃত্ত করায় একটি বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়।