তামিনাড়ুর এক কারখানায় গ্যাস লিকের ঘটনায় মৃত ২

তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায় সামুদ্রিক মাছ রপ্তানিকারক একটি কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় অন্তত দু’জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আজ বিকেলে পেরিয়াপালায়ামের কাছে কান্নিগাইপাইরে অবস্থিত ‘সেন্ট পিটার্স অ্যান্ড পল সি-ফুডস এক্সপোর্টস’ কারখানায় এই দুর্ঘটনার পর ৪৬ জনেরও বেশি শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী আর কুমার জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী বিজয় গ্যাস লিকের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আক্রান্ত শ্রমিকদের অধিকাংশই উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা। গ্যাস লিকের পর তাঁরা শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও বমির মতো উপসর্গের কথা জানিয়েছিলেন। তার পরই অ্যাম্বুলেন্সে করে তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁদের কয়েকজনকে চেন্নাইয়ের হাসপাতালে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে।