মুম্বইয়ের বদলাপুরে মুম্বই-ভদোদরা হাইওয়েতে একটি বিএমডব্লিউ (BMW) গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেলে দু’জন নিহত ও একজন গুরুতর আহত হন। উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিএমডব্লিউ জেড৪ (BMW Z4) মডেলের গাড়িটি দুর্ঘটনায় সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং এর বিভিন্ন অংশ রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। দুর্ঘটনার সময় গাড়িটির গতি ছিল ঘণ্টায় প্রায় ২৫০ কিলোমিটার। রবিবার ভোর ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি তিতওয়ালা থেকে বদলাপুরের দিকে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে গিয়ে ডিভাইডারে আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে যাত্রীদের শরীরের বিভিন্ন অংশ বেশ কয়েক মিটার দূরে ছড়িয়ে পড়েছিল। বদলাপুরের বাসিন্দা যোগেশ দিঘে ও রিকেবা জাকাপ ঘটনাস্থলেই প্রাণ হারান। গাড়িতে থাকা তৃতীয় ব্যক্তি আনন্দ গুরুতর আহত অবস্থায় থানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।