উত্তরাখণ্ডের মুসৌরির একটি হোমস্টে থেকে দিল্লির ২৭ বছর বয়সী এক আইটি কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ওই মহিলার নাম পি রাধা গায়ত্রী; তিনি গুরুগ্রামের একটি আইটি সংস্থায় কর্মরত ছিলেন এবং দিল্লির কিদওয়াই নগর ইস্ট এলাকায় বসবাস করতেন। তিনি তাঁর স্বামী সৌম্য শ্রীচরণের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। সৌম্য নিজেও আইটি কর্মী, তবে তিনি পুনেতে কর্মরত। পুলিশ জানিয়েছে, আগের দিন দিল্লি থেকে ঋষিকেশ হয়ে ১৪ জুন গভীর রাতে গায়ত্রী ও তাঁর স্বামী টিপরি ধর এলাকার ‘কিয়ানা হোমস্টে’-তে পৌঁছান। রাত সাড়ে ১১টার দিকে তাঁরা ‘ব্লিস’ নামের একটি ঘরে ওঠেন। স্বামীর তথ্য মতে, রাতে তাঁরা মদ্যপান করেছিলেন এবং ভোর সাড়ে ৩টার দিকে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, তাঁর স্ত্রী মেঝেতে পড়ে আছেন—তিনি নগ্ন ও নিথর; তাঁর নাক দিয়ে রক্ত পড়ছিল এবং তিনি প্রস্রাবের মধ্যে পড়ে ছিলেন। সোমবার সকালে মুসৌরি পুলিশ এই খবর পায়। এরপর পুলিশ ‘১০৮’ অ্যাম্বুলেন্সসহ ঘটনাস্থলে পৌঁছায়।