CIL Cup: পুরুষদের চ্যাম্পিয়ন নন্দঝাড় ছাত্র সমাজ এবং মহিলা বিভাগে মুর্শিদাবাদ রামনগর

পুরুলিয়ার এমএসএ গ্রাউন্ডে আয়োজিত সিআইএল কাপ (CIL Cup) ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে যথাক্রমে পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়নের মুকুট পরল শিলিগুড়ি জোনের নন্দঝাড় ছাত্র সমাজ এবং কৃষ্ণনগর জোনের মুর্শিদাবাদ রামনগর সিসি। কোল ইন্ডিয়া লিমিটেডের সহযোগিতায় আয়োজিত তৃণমূল স্তরের এই ফুটবল টুর্নামেন্টের দু’টি বিভাগেই খেতাব জয়ের লক্ষ্যে বিভিন্ন জোনের দলগুলি হাড্ডাহাড্ডি লড়াই করেছে। এদিন চূড়ান্ত পর্যায়ের রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে টুর্নামেন্টটির সফল সমাপ্তি ঘটল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার মাননীয় সাংসদ শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো।

​পুরুষ বিভাগের ফাইনালে পেনাল্টি শুটআউটে হাওড়া জোনের ক্যানিং দিশেহারাকে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় নন্দঝাড় ছাত্র সমাজ। টাইব্রেকারে নিষ্পত্তি না হওয়ায় শেষে সাডেন ডেথে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন গোলরক্ষক দীপ সরকার। ক্যানিং দিশেহারার বিশ্বজিৎ দাসের শট আটকে দিয়ে তিনি নন্দঝাড় ছাত্র সমাজকে চ্যাম্পিয়ন করেন। এই নির্ণায়ক সেভের সৌজন্যে দীপ সরকার ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কারও জিতে নেন।


​শিলিগুড়ি জোনের দলটির জন্য এটি ছিল এক দুর্দান্ত যাত্রার সফল সমাপ্তি। এর আগে সেমিফাইনালে দুর্গাপুর জোনের কুচিয়া একাদশ এফসি-কে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল তারা। অন্যদিকে, কৃষ্ণনগর জোনের কল্পনা ট্রাস্টকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ক্যানিং দিশেহারা। পুরুষ বিভাগের এই চূড়ান্ত মহারণে শেষ হাসি হাসে নন্দঝাড় ছাত্র সমাজ এবং শুটআউটে বাজিমাত করে চ্যাম্পিয়ন হয় তারা।

​মহিলা বিভাগের ফাইনালেও দেখা যায় এক হাড্ডাহাড্ডি লড়াই। শিলিগুড়ি জোনের বিবেকানন্দ স্কুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপের খেতাব জিতে নেয় কৃষ্ণনগর জোনের মুর্শিদাবাদ রামনগর সিসি। রামনগর সিসি-র হয়ে জয়সূচক গোলটি করেন লখিমনি হাঁসদা এবং তাঁর সতীর্থ রূপালী বাউরি ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

​এর আগে সেমিফাইনালে দুর্গাপুর জোনের পাকবিড়রা ভৈরব অ্যাকাডেমিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছিল মুর্শিদাবাদ রামনগর সিসি। হাওড়া জোনের জিবি ধাম এফসি-র বিপক্ষে ঠিক একই ব্যবধানে (১-০) জিতে ফাইনালে উঠেছিল বিবেকানন্দ স্কুল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনাল পার করে আসা দুটি দলের মধ্যেই অনুষ্ঠিত হয় এই গ্র্যান্ড ফিনালে, যেখানে সুযোগ কাজে লাগিয়ে মহিলা বিভাগের শিরোপা জিতে নেয় রামনগর সিসি।

​উভয় বিভাগের চ্যাম্পিয়ন দল ২ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার জিতে নিয়েছে এবং রানার্স-আপ দলগুলিকে দেওয়া হয়েছে ১ লক্ষ টাকা করে। প্রতিটি বিভাগে তৃতীয় এবং চতুর্থ স্থানাধিকারী দলগুলিকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই টুর্নামেন্টের মোট আর্থিক পুরস্কারের পরিমাণ ছিল ৮ লক্ষ টাকা।

​গ্র্যান্ড ফিনালের মধ্যে দিয়ে এমন একটি টুর্নামেন্টের সমাপ্তি ঘটল, যা পুরুষ ও মহিলা ফুটবলারদের বিভিন্ন জোনে প্রতিযোগিতা করার এবং ধাপে ধাপে এগিয়ে যাওয়ার একটি চমৎকার মঞ্চ প্রদান করেছে। কোল ইন্ডিয়া লিমিটেডের সহযোগিতায়, সিআইএল কাপ তৃণমূল স্তরের দলগুলোকে একটি সুশৃঙ্খল প্রতিযোগিতায় একজোট করেছে, যেখানে উঠতি খেলোয়াড়রা বিভিন্ন অঞ্চলের প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছে। পুরুলিয়ায় ২০২৬ সংস্করণের এই সমাপ্তি অনুষ্ঠানে চ্যাম্পিয়নদের পাশাপাশি টুর্নামেন্ট জুড়ে লড়াই করা প্রতিটি দলের কৃতিত্ব উদযাপন করা হয়।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google