ISL 2026-27 Derby-এর আগে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ, দলের স্বার্থে সব পজিশনেই খেলতে তৈরি দ্রাজিচ

সুচরিতা সেন চৌধুরী: আইএসএল ডার্বি (ISL 2026-27 Derby)-এর মঞ্চে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর মোহনবাগান কোচ। টানা পাঁচ ম্যাচ জিতলেও দলের পারফরম্যান্স নিয়ে সমর্থকদের একাংশের অসন্তোষ রয়েছে। তবে সেই সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ কোচ। তাঁর মতে, টানা পাঁচটি ম্যাচ জেতা কখনওই খারাপ পারফরম্যান্সের পরিচয় হতে পারে না। একই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে ফুটবলারদের মানসিক প্রস্তুতির উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

ডার্বি প্রসঙ্গে কোচের বক্তব্য, “এই ম্যাচের সঙ্গে আগের কোনও ম্যাচের ফলাফল বা পারফরম্যান্সের সম্পর্ক নেই। তাঁর কথায়, “এটা আমার এখানে চতুর্থ ডার্বি। সবাই জানে, এই ধরনের ম্যাচে আগের ফলাফল কিংবা পরিস্থিতি কোনও গুরুত্ব পায় না। ম্যাচের ফল নির্ভর করে নির্দিষ্ট কিছু মুহূর্ত, ফুটবলারদের মনোসংযোগ, আবেগ এবং মানসিক দৃঢ়তার উপর। আমার মতে, এই ম্যাচে কৌশলের থেকেও মানসিক প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ।”


এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতার ঐতিহ্য নিয়েও কথা বলেন মোহনবাগান কোচ। তাঁর মতে, দলের অনেক ফুটবলারই এই ধরনের ম্যাচ খেলার অভিজ্ঞতায় তাঁর চেয়ে এগিয়ে। তাই ডার্বির গুরুত্ব ও চাপ সম্পর্কে ফুটবলারদের নতুন করে কিছু বোঝানোর প্রয়োজন নেই। তিনি নিজে অবশ্য কৌশলগত এবং মানসিক, দু’দিক থেকেই দলকে প্রস্তুত করছেন।

তবে পরিস্থিতি ও প্রতিপক্ষের শক্তি অনুযায়ী প্রথম একাদশ নির্বাচন করেন তিনি। পরিসংখ্যান অনুযায়ী, শেষ ১১টি সাক্ষাতে মোহনবাগানের জয় ন’টি, বাকি দু’টি ম্যাচ ড্র। এই রেকর্ডকে ইতিবাচক বলেই মনে করছেন কোচ। তবে অতীতের পরিসংখ্যান দিয়ে আগামী ম্যাচের ফল নির্ধারণ করতে নারাজ তিনি। তাঁর মতে, ডার্বিতে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ।

টানা পাঁচ ম্যাচ জিতলেও প্রায় প্রতিটি ম্যাচেই গোল হজম করেছে মোহনবাগান। ফলে রক্ষণ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে কোচকে। তাঁর ব্যাখ্যা, “টানা পাঁচ ম্যাচ জেতেছে যে দল তির মধ্যে নিশ্চত কিছু সদর্থক দিক রয়েছে, দলের আক্রমণাত্মক ফুটবলের উন্নতি হয়েছে। গত মরসুমের তুলনায় প্রতিপক্ষের বক্সে পৌঁছনোর সংখ্যাও বেড়েছে। তবে রক্ষণ সামলানোর ক্ষেত্রে কিছু ব্যক্তিগত ভুল হচ্ছে। চাপের মুহূর্তে কিংবা অতিরিক্ত ঝুঁকি নিতে গিয়ে সেই ভুলগুলি সামনে আসছে।”

কোচের কথায়, “রক্ষণে আমাদের আরও সতর্ক হতে হবে। পিছনের দিকে অযথা ঝুঁকি নেওয়া চলবে না। ফুটবলারদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি।”

সাহাল, মিগুয়েলের মতো গুরুত্বপূর্ণ ফুটবলারকে ডার্বিতে পাচ্ছে না মোহনবাগান। পাহারের চোট থাকলেও, পারিবারিক কারণে দেশে ফিরে গিয়েছেন মিগুয়েল। দুই গুরুত্বপূর্ণ প্লেমেকার না থাকলে দলের পাসিং ফুটবলে সমস্যা হবে কি না, তা জানতে চাওয়ায়, কোচ অবশ্য বিষয়টিকে বড় করে দেখতে নারাজ। তাঁর বক্তব্য, “মোহনবাগানে যথেষ্ট মানসম্পন্ন ফুটবলার রয়েছেন। যাঁরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে বিকল্প রাস্তা বের করতে পারবেন। দু’জনই দ্রুত দলের সঙ্গে ফিরবেন বলেও আশা রাখছি।”

টানা পাঁচ ম্যাচে জয়ে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসের তুঙ্গে মোহনবাগান শিবির। কিন্তু ডার্বির আগে সেই আত্মবিশ্বাসকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ দলের ফুটবলার দেজান দ্রাজিচ। তাঁর মতে, ডার্বি সম্পূর্ণ আলাদা একটা ম্যাচ। আগের পাঁচটি জয়ের রেকর্ড মাঠে নামার পর কোনও কাজে আসবে না। বরং আবেগ, লড়াই এবং মানসিক শক্তিই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেবে বলে মনে করছেন‌ তিনি।

ডার্বির আগে সাংবাদিক সম্মেলনে মোহনবাগানের বিদেশি মিডফিল্ডার জানিয়ে দিলেন, “টানা পাঁচ ম্যাচ জেতার ফলে দলের আত্মবিশ্বাস অবশ্যই বেড়েছে। তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচের চরিত্র সম্পূর্ণ আলাদা।‌ আগে কী হয়েছে, তার কোনও গুরুত্ব নেই। মাঠে খেলা শুরু হওয়ার পর সব কিছু বদলে যায়। সমর্থকদের আবেগ এবং মাঠের পরিবেশও এই ম্যাচকে অন্য মাত্রা দেয়।”

এদিকে ডার্বিতে তাঁকে কোন পজিশনে দেখা যাবে সেটাও একটা বড় প্রশ্ন। উইংয়ে খেললে তাঁকে বেশি কার্যকর দেখায়। কিন্তু দলের প্রয়োজনে কখনও স্ট্রাইকার, কখনও আবার অ্যাটাকিং মিডফিল্ডার বা নম্বর টেন হিসেবেও খেলতে হচ্ছে। নিজের পছন্দের পজিশন কোনটি জানাতে গিয়ে তিনি বলেন, “কেরিয়ারের শুরুতে তিনি মূলত বাঁদিকের উইংয়ে খেলতেন। কোচ মানোলো এবং সতীর্থদের সঙ্গে আলোচনা করেও সেই পজিশনে নিজের কার্যকারিতা বুঝেছেন। তবে গত মরসুমে নম্বর টেন এবং স্ট্রাইকার হিসেবে খেলেও গোল করেছেন। তাই পজিশন নিয়ে তাঁর কোনও সমস্যা নেই।”

তিনি বলেন, “দুই মরসুমে আমি দু’রকম পজিশনে খেলে দলকে সাহায্য করেছি। এখানেও একাধিক পজিশনে খেলতে পারব। আমি জানি, মিগুয়েল এবং সাহালের মতো স্বাভাবিক নম্বর টেন আমি নই। ওরা সারা জীবন ওই পজিশনে খেলেছে। মিগুয়েলের কথা আলাদা করে বলার প্রয়োজন নেই। গত মরসুমে ও আইএসএলের সেরা ফুটবলার ছিল। আমার মতে, সাহালও ভারতের অন্যতম সেরা ফুটবলার।”

তিনি আরও বলেন, “কোচ যদি আমাকে লেফট ব্যাক বা রাইট ব্যাক খেলতে বলেন, তাতেও আমার সমস্যা নেই। আমি জাতীয় দলের হয়েও ফুল ব্যাক হিসেবে খেলেছি। একজন পেশাদার ফুটবলারের কাজ হল দলের প্রয়োজনে নিজের ভূমিকা বদলে নেওয়া। কোচ যেখানে খেলতে বলবেন, সেখানেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

ডার্বির আগে এই বক্তব্যে পরিষ্কার, ব্যক্তিগত পছন্দের চেয়ে দলের জয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন মোহনবাগানের এই ফুটবলার। পাঁচ ম্যাচের জয়ের ধারাকে ছাপিয়ে এবার তাঁর লক্ষ্য একটাই—ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সির সম্মান অক্ষুণ্ণ রাখা।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google