Durand Cup 2026-এ নিয়মরক্ষার ম্যাচে সিআইএসএফের বিরুদ্ধে মোহনবাগানের গোল মিসের প্রদর্শনী

Mohun Baganঅনিরুদ্ধ থাপা ও সাহাল আব্দুল সামাদ। ছবি—মোহনবাগান এক্স থেকে

সুচরিতা সেন চৌধুরী: ডুরান্ড কাপ ২০২৬ (Durand Cup 2026)-এ আরও একটা লজ্জার ম্যাচ। সেই ম্যাচ যেখানে প্রতিপক্ষকে নিয়ে ছিনিমিনি খেলছে কলকাতার দুই দল। একদিকে সিআইএসএফ প্রটেক্টর্স, অন্যদিকে সাউথ ইউনাইটেড। যাদের ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো দল বলে বলে গোল দিচ্ছে সব ম্যাচে। যে ইস্টবেঙ্গল, মোহনবাগান দল এখনও পুরোপুরি তৈরি নয়। দলগুলোর গোল মিস দেখে এটা স্পষ্ট যে এখনও তৈরি নয় আট গোল, পাঁচ গোল দেওয়া দুই দল। সেই সব দেখে একটাই কথা বার বার লিখতে হচ্ছে, ডুরান্ড কাপের মতো ঐতিহ্যবাহী এই টুার্নামেন্ট চালাতে গিয়ে যেভাবে কোয়ালিটিহীন দল নিয়ে টুর্নামেন্ট করা হচ্ছে তা মোটেও ভারতীয় ফুটবলের জন্য সদর্থক বার্তা নয়। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৮-০ হারের পর সিআইএসএফ মোহনবাগানের কাছেও ৬ গোল হজম করল। মোহনবাগান আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল, এদিন তাতে গোলের বহর বাড়ল। সঙ্গে থাকল গোলমিসের প্রদর্শনীও।

এদিন মোহনবাগান গোলের মুখ খুলল ১৭ মিনিটেই। প্রথমার্ধেই হ্যাটট্রিক করলেন সাহাল আব্দুল সামাদ। গোলের মুখ খুললেন সাহাল। যখন দ্রাজিচের একটি থ্রু ধরে টেকচামের শট প্রতিপক্ষের বেবেতোর পায়ে লেগে পেয়ে গিয়েছিলেন লিস্টন কোলাসো। তার পাস থেকেই গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন সাহাল। তার পর অবশ্য ব্যবধান বাড়াতে বেশি সময় লাগেনি। মাত্র ১৯ মিনিটে মনবীর সিং থেকে দ্রাজিচের পা হয়ে আবার সেই বল পেয়ে গিয়েছিলেন সাহাল। সেখান থেকে গোল করতে ভুল করেননি তিনি। মোহনবাগানের হয়ে ২-০ করেন সাহাল।


এর পর ২৪ মিনিটে একাধিক গোল নষ্ট করা মনবীরের নামের পাশেও লেখা হল গোল। টেকচামের পা থেকে ছিটকে আসা বল গোলে ঠেলেন মনবীর সিং। যদিও তিনি এদিন ডবল হ্যাটট্রিক করতে পারতেন। এই দুর্বলতম দলের বিরুদ্ধে যেভাবে গোল মিসের প্রদর্শন করলেন তিনি তাতে ডাগআউটে দাঁড়িয়ে কোচ দিমপেরিসকে রীতিমতো বিরক্ত দেখাল। কারণ তিনিই জানেন, এই মিসের বহর তাঁর দলের জন্য অশনী সঙ্কেত। মোহনবাগানের হয়ে চতুর্থ ও নিজের তৃতীয় গোলটি ম্যাচের ৩৬ মিনিটে করে গেলেন সাহাল। সঙ্গে সম্পূর্ণ করলেন হ্যাটট্রিক। প্রথমার্ধ শেষ হল ৪-০ গোলে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল মিসের বহর ছিল দেখার মতো। তার মূল কারিগর অবশ্যই মনবীর। তাই ৬২ মিনিটে মনবীরকে তুলে ম্যাকালামকে নামিয়ে দিলেন কোচ। মোহনবাগানের হয়ে এই মরসুমে প্রথম ম্যাচ খেললেন ম্যাকালাম। নেমেই ৬৮ মিনিটে নামের পাশে গোল লিখে নিলেন তিনি। মিসও করলেন অপ্রত্যাশিতভাবে। তার পরই অবশ্য ৬-০ করলেন টেকচাম অভিষেক সিং। সাহাল থেকে লিস্টন হয়ে বল পেয়ে গিয়েছিলেন টেকচাম, চলতি বলেই তাঁর শট গোলকিপারের মাথার উপর দিয়ে চলে গেল গোলে। মিস তার পরও হল, কখনও লিস্টন, কখনও ম্যাকালাম নাম লেখালেন তাতে। ম্যাচ শেষ হল ৬-০ গোলেই।

মোহনবাগান: জাহিদ হোসেন বুখারী, শুভাশিস বোস (আশিস রায়), আলবার্তো রডরিগেজ (অ্যালেক্স সাজি), দীপক টাংরি, মেহতাব সিং, টেকচাম অভিষেক সিং, লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা (অভিষেক সূর্যবংশী), সাহাল আব্দুল সামাদ, দেজান দ্রাজিচ (কিয়ান), মনবীর সিং (মনবীর সিং)

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle