মোহনবাগানের হেড কোচ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই একি দিনে ইস্টবেঙ্গেল ক্লাবও (East Bengal Club) তাদের নতুন হেড কোচের নাম ঘোষণা করে দিল। যদিও যে দুটো নাম এদিন ঘোষণা হল, তা বেশ কয়েক সপ্তাহ ধরেই আলোচনায় ছিল। এবং এটা প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল যে মোহনবাগানের হেড কোচের আসনে বসছেন প্যানাগিওটিস দিমপেরিস ও ইস্টবেঙ্গলের হেড কোচ হলেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। আগামী ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের মরসুম ডুরান্ড কাপ দিয়ে। এবং প্রথম ম্যাচই ডার্বি, মানে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। আর তার আগে সোমবার সেই ডার্বিরই যেন ঢাকে কাঠি পড়ে গেল দুই কোচের নাম ঘোষণার সঙ্গেই।
ইন্ডিয়ান সুপার লিগ (ISL) শুরুর পর থেকে ভারতীয় ফুটবলের অন্যতম সফল প্রধান কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আন্তোনিও লোপেজ হাবাস। এই প্রবীণ স্প্যানিশ কোচের ঝুলিতে রয়েছে তিনটি ইন্ডিয়ান সুপার লিগ খেতাব (দু’টি কাপ ও একটি শিল্ড) এবং একটি আই-লিগ ট্রফি। অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তন এই খেলোয়াড় কোচ হিসেবেও অত্যন্ত সমৃদ্ধ ক্যারিয়ারের অধিকারী; তিনি ভ্যালেন্সিয়া, সেল্টা ডি ভিগো এবং স্পোর্টিং গিজনের মতো বিখ্যাত স্প্যানিশ ক্লাবের দায়িত্ব সামলেছেন। পাশাপাশি, ১৯৯৭ সালের কোপা আমেরিকায় বলিভিয়া জাতীয় দলকে রানার্স-আপ করার কৃতিত্বও তাঁর রয়েছে।
পাশাপাশি কার্লোস অগাস্টিন ফনসেকা তেইজিরো আন্তর্জাতিক কোচিংয়ের অভিজ্ঞতা নিয়ে সহকারী কোচ হিসেবে ক্লাবে যোগ দিচ্ছেন। তাঁর দক্ষতা, পেশাদারিত্ব এবং আধুনিক কোচিং দর্শন ক্লাবের টেকনিক্যাল স্টাফদের উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে এবং প্রধান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের ভিশন বা লক্ষ্য পূরণে সহায়ক ভূমিকা পালন করবে। ক্লাবের বিশ্বাস, ঘরোয়া ও মহাদেশীয়—উভয় পর্যায়েই ধারাবাহিক সাফল্য অর্জনে সক্ষম একটি অত্যন্ত শক্তিশালী ও প্রতিযোগিতামূলক দল গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোচ হাবাস এবং তাঁর কোচিং স্টাফরা সম্মিলিতভাবে প্রচুর অভিজ্ঞতা, কৌশলগত শৃঙ্খলা, খেলোয়াড় ব্যবস্থাপনার দক্ষতা এবং চ্যাম্পিয়ন-সুলভ দল গঠনের প্রমাণিত সক্ষমতা নিয়ে এসেছেন।
‘রেড অ্যান্ড গোল্ড’ পরিবারে হাবাসকে স্বাগত জানিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি এমএল লোহিয়া বলেন, ‘‘অ্যান্তোনিও লোপেজ হাবাসকে ইস্টবেঙ্গল পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভারতীয় ফুটবলে কাজ করা অন্যতম সফল ও সম্মানিত কোচ হলেন হাবাস। তাঁর প্রমাণিত নেতৃত্বগুণ, কৌশলগত দক্ষতা, পেশাদারিত্ব এবং জয়ের মানসিকতা তাঁকে আমাদের দলকে এক নতুন যুগে নিয়ে যাওয়ার জন্য আদর্শ করে তুলেছে। ইস্টবেঙ্গল কেবল একটি ফুটবল ক্লাব নয়—এটি আবেগ, গর্ব এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ ভক্তের অটুট সমর্থনের ওপর গড়ে ওঠা একটি প্রতিষ্ঠান। আমরা নিশ্চিত যে কোচ হাবাস এই মূল্যবোধগুলো ধারণ করেন এবং আমাদের খেলোয়াড়দের এই মহান ক্লাবের সমৃদ্ধ ঐতিহ্য বজায় রাখতে অনুপ্রাণিত করবেন। সমগ্র ইস্টবেঙ্গল পরিবারের পক্ষ থেকে আমি তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি এবং এই রোমাঞ্চকর যাত্রায় তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।’’
ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদানের বিষয়ে মিস্টার হাবাস বলেন, ‘‘ইস্টবেঙ্গলে যোগ দিতে পারাটা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। আমি উত্তেজনা, বিনয় এবং গভীর দায়িত্ববোধের সঙ্গে এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। আজ থেকে আমাদের সমস্ত প্রচেষ্টা নিবেদিত থাকবে গর্বের সঙ্গে এই ক্লাবের প্রতিনিধিত্ব করার এবং ক্লাবের লক্ষ্য অর্জনে সম্মিলিতভাবে লড়াই করার কাজে। আমি শীঘ্রই কলকাতায় সমস্ত ভক্তের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি!’’
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
