Harmanpreet Kaur ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়লেন

ICC Women's World Cup 2025ছবি-বিসিসিআই ওমেন এক্স

ভারতীয় মহিলা ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) মঙ্গলবার তিন ফরম্যাটেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন। নেতৃত্বের দায়িত্ব পালন করে নিজের কর্তব্য সম্পূর্ণ করেছেন বলে জানিয়েছেন ৩৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। এবার তিনি আবারও শুধুমাত্র ক্রিকেটের প্রতি ভালোবাসা নিয়ে খেলায় মন দিতে চান।

হরমনপ্রীতের এই সিদ্ধান্তের আগে গুয়াহাটিতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও গত কয়েক মাসের গতিপথ নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করে বিসিসিআই। বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়ার নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন হরমনপ্রীত কৌর, সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা এবং দলের প্রধান কোচ অমল মুজুমদার।


দীর্ঘ এক দশক ভারতীয় টি-২০ দলের নেতৃত্ব দিয়েছেন হরমনপ্রীত। ২০১৬ সালে তিনি টি-২০ দলের অধিনায়কত্বের দায়িত্ব নেন। এরপর ২০২২ সালে তাঁকে ওয়ান ডে দলের ক্যাপ্টেন করা হয়। ২০২৩ সালে তিন ফর্ম্যাটেই ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব পান তিনি।

অধিনায়ক হিসেবে ভারতীয় মহিলা ক্রিকেটে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হরমনপ্রীত। তাঁর নেতৃত্বে দল একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচে সাফল্য পেয়েছে এবং ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি তাঁর নেতৃত্বে এশিয়ান গেমসে গোল্ড জিতে ফিরেছেন ভারতের মেয়েরা। তার আগে দেশের মাটিতে বিশ্বকাপ জয়ও থাকবে তাঁর ঝুলিতে।

অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে হরমনপ্রীত স্পষ্ট করে দিয়েছেন, এবার তাঁর লক্ষ্য মাঠে একজন ক্রিকেটার হিসেবে নিজের সেরাটা দেওয়া। নেতৃত্বের চাপ থেকে সরে গিয়ে তিনি আবার ক্রিকেটের আনন্দ উপভোগ করতে চান।

হরমনপ্রীতের এই সিদ্ধান্তের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের তিন ফর্ম্যাটের নতুন ক্যাপ্টেন কে হবেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জল্পনা। দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানার নামও সম্ভাব্য নেতৃত্বের বিকল্প হিসেবে আলোচনায় আসতে পারে।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google