India vs Malaysia Hockey: এশিয়ান গেমস হকিতে ইতিহাস ভারতের, মালয়েশিয়াকে ৫-১ গোলে হারিয়ে সোনা

ভারত: ৫ (হরমনপ্রীত সিং — ২, জুগরাজ সিং — ১, হার্দিক সিং — ১, শিলানন্দ লাকড়া — ১)

মালয়েশিয়া: ১


ইতিহাস গড়ল ভারতীয় পুরুষ হকি দল। এশিয়ান গেমসের ফাইনালে মালয়েশিয়াকে ৫-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সোনা জিতল ভারত (India vs Malaysia Hockey)। এশিয়ান গেমসে পুরুষ হকিতে এই প্রথম ভারত পরপর দু’বার চ্যাম্পিয়ন হল। এই জয়ের ফলে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সরাসরি যোগ্যতাও অর্জন করল ভারতীয় পুরুষ হকি দল।

জাপানের কাকামিগাহারার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক হকি দিয়েই শুরু করে। অধিনায়ক হরমনপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন। তবে তিন মিনিটের মধ্যেই মালয়েশিয়া সমতা ফেরায়। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ ব্যবধানে।

দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের দখলে নিয়ে নেয় ভারত। শিলানন্দ লাকড়ার দুরন্ত দৌড়ে ভারত পেনাল্টি কর্নার আদায় করে। হার্দিক সিংয়ের নিখুঁত স্টপের পর জুগরাজ সিং গোল করে ভারতকে ফের এগিয়ে দেন। এরপর আরেকটি পেনাল্টি কর্নার থেকে পাওয়া পেনাল্টি স্ট্রোকে হার্দিক সিং গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। ভারত এগিয়ে যায় ৩-১ গোলে।

তৃতীয় কোয়ার্টারে মালয়েশিয়া ম্যাচে ফেরার চেষ্টা করলেও ভারতের রক্ষণের দৃঢ়তার সামনে ঘুরে দাঁড়াতে পারেনি। ভারতও একাধিক সুযোগ তৈরি করে। শেষ কোয়ার্টারে ভারত আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। শিলানন্দ লাকড়া গোল করে ব্যবধান বাড়িয়ে ৪-১ করে। এরপর অধিনায়ক হরমনপ্রীত আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করে নিজের দ্বিতীয় গোলটি করেন এবং ভারতের জয় কার্যত নিশ্চিত করে দেন।

এই জয়ের ফলে এশিয়ান গেমসে ভারতের পুরুষ হকির পঞ্চম সোনা এল। একই আসরে ভারতীয় মহিলা দলও সোনা জেতায় প্রথমবারের মতো একই এশিয়ান গেমসে ভারতের পুরুষ ও মহিলা—দুই হকি দলই চ্যাম্পিয়ন হল।

এর আগে সেমিফাইনালে পাকিস্তানকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। অন্যদিকে মালয়েশিয়া দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে এসেছিল।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google