Asian Games 2026 ঘিরে একগুচ্ছ সমস্যা, সঙ্গে দোসর টাইফুন দুজুয়ান

শনিবার ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এশিয়ান গেমস ২০২৬ (Asian Games 2026)-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা-বাহক হিসেবে মনোনীত হয়েছেন ডাবল অলিম্পিক পদকজয়ী পিস্তল শুটার মনু ভাকের এবং শট-পাট খেলোয়াড় তাজিন্দরপাল সিং তুর। উদ্বোধনী অনুষ্ঠানটি ভারতীয় সময় দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে পালোমা মিজুহো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২০তম এশিয়ান গেমসে ৩৭টি ক্রীড়া ইভেন্টে ৫০০-এরও বেশি ভারতীয় ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন; এই গেমসটি ৪ অক্টোবর শেষ হবে। যদিও তার আগে বিভিন্ন বিষয় নিয়ে রীতিমতো সমস্যায় ভারতীয় কনটিনজেন্ট।

২০২৬ এশিয়ান গেমসের জন্য ভারতীয় দল জাপানের নাগোয়ায় পৌঁছানোর পর থেকেই থাকার ব্যবস্থা নিয়ে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বৃহস্পতিবার ভারতীয় দলের সদস্যদের জন্য আরও এক ভোগান্তির ঘটনা ঘটে। জিমন্যাস্ট প্রণতি নায়েক এবং তাঁর কোচ অশোক মিশ্র তাঁদের নির্ধারিত আবাসনে যেটি ছিল একটি প্রমোদতরী বা ক্রুজ শিপে পৌঁছানোর পর এক অদ্ভুত পরিস্থিতির মুখে পড়েন; আয়োজকরা তাঁদের জানান যে, তাঁদের দু’জনের জন্য একটিই ঘর বরাদ্দ করা হয়েছে। ক্রীড়াবিদ ও সহায়তা কর্মীদের জন্য মহিলা-পুরুষের যৌথ আবাসনের বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তাঁরা অবিলম্বে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার উদ্যোগ নেন। স্থানীয় আয়োজক ও দলের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্রমাগত চেষ্টা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে এই সমস্যার কোনও সুরাহা হয়নি।


এর পর জানা যায় যে, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) জরুরি হস্তক্ষেপের পরেই রাত প্রায় দেড়টার দিকে বিকল্প ব্যবস্থা হয়ে গিয়েছে বলে জানা গেলেও তখনও আরও সমস্যা বাকি ছিল। অশোক মিশ্র যখন শেষ পর্যন্ত আলাদা একটি ঘরের চাবি নিতে যান, তখন হোটেলের কর্মীরা তাঁকে জানান যে রেজিস্টারে তাঁর বুকিংয়ের কোনও তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত রাত দুটো নাগাদ সব সমস্যা মিটিয়ে ঘর পান তিনি। জানা যায় ভুলবশত তাঁর নাম সিস্টটেম থেকে ডিলিট হয়ে গিয়েছিল।

এদিকে, পরিবহন ও আবাসন-সহ বিভিন্ন ব্যবস্থাপনাগত সমস্যার মুখোমুখি হওয়ার পর এবার সামনে প্রাকৃতিক দূর্যোগেরও পূর্বাভাস রয়েছে। আইচি-নাগোয়া অঞ্চলে শক্তিশালী টাইফুনের পূর্বাভাস রয়েছে, যা প্রতিযোগিতাটির উপর বড় প্রভাব ফেলতে পারে। আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, এই অঞ্চলে প্রবল হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে ক্রীড়াবিদদের সাময়িকভাবে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হতে পারে।

ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার গতিবেগে হাওয়া এবং ১২৬ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া নিয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘দুজুয়ান’ বৃহস্পতিবার জাপানের মধ্যাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছিল। পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি রবিবার নাগাদ আইচি-নাগোয়া এলাকার কাছাকাছি পৌঁছতে পারে। নাগোয়ার মেয়র এবং ২০২৬ এশিয়ান গেমসের ডেপুটি প্রেসিডেন্ট ইচিরো হিরোসাওয়া জানিয়েছেন যে, বৃষ্টিপাত স্বাভাবিক থাকলে টুর্নামেন্টটি চালিয়ে যাওয়া হবে। তবে তিনি এ-ও উল্লেখ করেন যে, প্রবল বৃষ্টিপাত হলে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হবে।

তবে টাইফুনের আগেই জল জমার সমস্যায় ক্রিকেট মাঠ। নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে আট উইকেটের দাপুটে জয়ের মধ্য দিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল তাদের ২০২৬ এশিয়ান গেমস অভিযান শুরু করেছে।  তারা জাপানকে মাত্র ৫৭ রানে অলআউট করে এবং এরপর মাত্র পাঁচ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। রবিবার একই ভেন্যুতে সেমিফাইনালে ভারত বাংলাদেশের মুখোমুখি হবে, আর অন্য সেমিফাইনালে লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা। তবে সেমিফাইনালের আগে আইচি-নাগোয়া ২০২৬-এর ক্রিকেট ভেন্যুর অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। জানা যাচ্ছে, ভেন্যুর ভেতর ও বাইরের পরিবেশ বা অবস্থা বেশ খারাপ।

মাঠের সীমানা-সংলগ্ন বাবাউন্ডারি লাইন এলাকার কিছু অংশ জলমগ্ন হয়ে পড়েছিল, যার ফলে সেখানে উপস্থিত খেলোয়াড়দের সমস্যার মুখে পড়তে হয়।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle