Mohammedan SC চরম আর্থিক সঙ্কটে, আইএফএল থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত!

কলকাতা লিগ ২০২১ চ্যাম্পিয়নকলকাতা লিগ ২০২১ চ্যাম্পিয়ন মহমেডান স্পোটিং

ভারতীয় ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)-এর আকাশে এবার গভীর সঙ্কটের মেঘ। চরম আর্থিক অনটনের কারণে চলতি মরসুমে ইন্ডিয়ান ফুটবল লিগ (IFL), অর্থাৎ পুরনো আই লিগ থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কলকাতার সাদা-কালো ব্রিগেড। শুক্রবার, ২৭ নভেম্বর বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান ক্লাব সভাপতি গজল জাফর। শনিবার, ২৮ নভেম্বর ফেডারেশনকে ই-মেলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানোর কথা ছিল ক্লাবের। খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় ফুটবল মহলে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

মহামেডান স্পোর্টিংয়ের বর্তমান সঙ্কটের মূলে রয়েছে বিপুল পরিমাণ আর্থিক দায়। ক্লাব সভাপতি গজল জাফরের দাবি, আগের পরিচালন কমিটি প্রায় ৭২ কোটি টাকার দেনা রেখে গিয়েছে। সেই বিপুল দেনার বোঝা সামলাতে গিয়ে কার্যত দিশেহারা বর্তমান কর্তারা।


সমর্থকদের সঙ্গে বৈঠকে ক্লাবের আর্থিক পরিস্থিতির বিস্তারিত ব্যাখ্যা দেন সভাপতি। এমনকী সমর্থকদের সামনে ক্লাবের ব্যাঙ্ক স্টেটমেন্টও তুলে ধরা হয়েছে বলে জানা গিয়েছে।

গজল জাফরের বক্তব্য অনুযায়ী, ক্লাবের কোষাগারে টাকা না থাকলেও কোনওভাবে ক্লাব চালানো সম্ভব ছিল। কিন্তু ৭২ কোটি টাকার দেনা মাথায় নিয়ে নিয়মিত খরচ সামলানো অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, ক্লাবের ফুটবলারদের পাওনা নিয়েও তৈরি হয়েছে জটিলতা। সভাপতির দাবি, ফুটবলারদের প্রায় ২০ কোটি টাকা বকেয়া রয়েছে। শুধু ফুটবলাররাই নন, হোটেল-সহ বিভিন্ন পরিষেবা প্রদানকারী সংস্থার কাছ থেকেও বকেয়া টাকার জন্য নোটিস আসছে।

একটি হোম ম্যাচ আয়োজন করতেই প্রায় ১০ লক্ষ টাকা খরচ হচ্ছে। তার সঙ্গে রয়েছে ফুটবলার ও সাপোর্ট স্টাফদের বেতন, যাতায়াত, থাকা-খাওয়ার খরচ এবং অন্যান্য সাংগঠনিক ব্যয়।এই পরিস্থিতিতে লিগে অংশগ্রহণ চালিয়ে গেলে ক্লাবের আর্থিক বোঝা আরও বাড়বে বলেই মনে করছেন কর্তারা।

আর্থিক সমস্যার পাশাপাশি মাঠের পারফরম্যান্সও মহমেডানের উদ্বেগ বাড়িয়েছে। চলতি ২০২৬-২৭ মরসুমে আইএফএলে প্রথম চারটি ম্যাচেই হেরেছে দল। চার ম্যাচে প্রতিপক্ষের জালে চারটি গোল করলেও নিজেদের জালে বল ঢুকেছে ১৩ বার। ফলে পয়েন্ট তালিকার একেবারে নীচে চলে যায় সাদা-কালো ব্রিগেড।

আইএসএল থেকে অবনমনের পর দ্বিতীয় ডিভিশনে ঘুরে দাঁড়ানোর যে স্বপ্ন দেখেছিলেন সমর্থকরা, তা কার্যত ধাক্কা খেল এই ধারাবাহিক ব্যর্থতায়।

মহমেডানের সমস্যার তালিকায় রয়েছে ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞাও। ফুটবলারদের বকেয়া সংক্রান্ত জটিলতার কারণে নতুন খেলোয়াড় নথিভুক্ত করার ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল ক্লাব।

গজল জাফরের বক্তব্য অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সম্ভাবনা থাকলেও বকেয়া সমস্যার সমাধান না হলে অল্প সময়ের মধ্যেই ফের নিষেধাজ্ঞার আশঙ্কা রয়েছে। ফলে ভবিষ্যতে নতুন ফুটবলার নেওয়া এবং শক্তিশালী দল গড়ার পরিকল্পনাও অনিশ্চিত হয়ে পড়েছে।

মহমেডান স্পোর্টিংয়ের কাছে গত কয়েকটি মরসুম মোটেও সুখকর ছিল না। ২০২৪-২৫ মরসুমে আই লিগ জিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আইএসএলে জায়গা করে নিয়েছিল ক্লাব। ১৩৪ বছরেরও বেশি ঐতিহ্যবাহী এই ক্লাবের কাছে সেটি ছিল ঐতিহাসিক সাফল্য।

কিন্তু আইএসএলে প্রত্যাশা পূরণ করতে পারেনি দল। ২০২৫-২৬ মরসুমে অবনমনের মুখে পড়ে আবার দ্বিতীয় ডিভিশনে ফিরতে হয়। এরপর নতুন মরসুমে আইএফএলে খেলার প্রস্তুতি নিলেও আর্থিক সঙ্কট সেই পরিকল্পনাতেও বাধা হয়ে দাঁড়াল।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google