IFA Shield 2026-এ ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডের কাছে আটকে গেল মোহনবাগান

মঙ্গলবারের মোহনবাগান মাঠ। মাথার উপর তেজি সূর্যের আক্রমণ ছাতা দিয়ে কোনও রকমে ডিফেন্স করতে করতে প্রিয় দলকে সমর্থনের পাস বাড়িয়ে গেলেন সমর্থকরা। ইতিমধ্যেই মোহনবাগান ও নর্থইস্ট ইউনাইটেড আইএফএ শিল্ডের (IFA Shield 2026) সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। এই ম্যাচ ছিল একে অপরকে দেখে নেওয়ার। কারণ আইএসএল-এর প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে এই দুই দল। তবে বেশ খারাপ ফুটবল শেষে এদিন লেখা থাকল দু’জনের নামে। এক, নর্থইস্ট ইউনাইটেডের তারকা ফুটবলার আলাদিন আজারে, ম্যাচ শেষে মাঠে ঢুকে পড়া মোহনবাগান সমর্থকদের দেখা গেল তাঁর সঙ্গে ছবির তুলতে মরিয়া। আর দুই, সেই মানুষটা যিনি খেলা ছেড়ে দেওয়ার এত বছর পরও মোহন জনতার কাছে একইরকম জনপ্রিয়। তিনি ব্যারেটো। হাফ টাইমে মাঠে ঢুকলেন আর তার পরই গোল করে এগিয়ে গেল মোহনবাগান। ম্যাচ যদিও শেষ হল ১-১ গোলে। মিগুয়েল এর পেনাল্টি মিস আর প্রতিপক্ষের গোলকিপারের হাত একাধিক নিশ্চিত সুযোগ না বাঁচিয়ে দিলে জিতেই মাঠ ছাড়তে পারত মোহনবাগান। তবে, এদিন লিস্টন, দীপক টাংরি, শুভাশিসদের খেলা অনেক প্রশ্ন তুলে দিল।

প্রথমার্ধের মোহনবাগানকে নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। এক কথায় ছন্নছাড়া ফুটবল। সদ্য কলকাতা লিগ জয়ী দলের এমন ফুটবলকে অনেক ঘষামাজা করতে হবে কোচ পানোসকে। লিস্টনের সেই পথেই একই রোগ চলেছে বছরের পর বছর ধরে। বল নিয়ে গতি বক্সের কাছে পৌঁছে দিকভ্রষ্টের মতো শট। বাকি দলের রক্ষণ নিয়ে যত কম বলা যায় ততই ভালো। বার বার বেরিয়ে আসছে ফাঁক ফোকর। দ্রুত মেরামতির প্রয়োজন। এর পাশাপাশি মাঝমাঠ থেকে যতটুকু খেলা তৈরি হচ্ছে তার ফিনিশ করার লোকের অভাবও চোখে পড়ছে। সব মিলে আদ্যোপান্ত মেরামতির প্রয়োজন। যদিও, এটা ঠিক দলের একাধিক গুরুত্বপূর্ণ প্লেয়ার এখন জাতীয় শিবিরে। তাঁরা ফিরে এলে আশা করা যায় অনেকটাই কমপ্যাক্ট হবে দল।


প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই  গোলের মুখ খুলতে সক্ষম হয় মোহনবাগান। শুধু তাই নয় দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াইও করে দুই দল। যার ফল ৪৯ মিনিটে মোহনবাগানের ডান প্রান্ত ধরে আক্রমণই শেষ পর্যন্ত গোলে রূপান্তরিত হয়। পিছন থেকে দেজান দ্রাজিচ লম্বা একটি বল বাড়িয়েছিলেন। জেমি ম্যাকলারেন হেড করে বলটি লি আরউইনকে সাজ য়ে দেন।আরউইনের শট দীপেশ চৌহানকে পরাস্ত করে মোহনবাগানকে ১-০ গোলে এগিয়ে দেন।

৭০ মিনিটে পেনাল্টি পেয়ে গিয়েছিল‌ মোহনবাগান। বক্সের মধ্যে মোহনবাগানের গোলমুখি আক্রমণ প্রাথমিকভাবে আটকে দিয়েছিলেন দীপেশ। কিন্তু সেই বলই হাতে লাগে থোইবা সিংয়ের । হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পা। মোহনবাগান। কিন্তু মিগুয়েল ফিগেইরার বাঁ পায়ের শট জালের ডানদিকের কোণ দিয়ে ঢুকে যাওয়ার আগেই দীপেশ সঠিক অনুমান করে তার বাঁচিয়ে দেন। যা মোহনবাগানের জন্য ছিল বড় ধাক্কা। আর ঠিক তার পরই সমতায় ফেরে নর্থইস্ট।

পেনাল্টি বাঁচিয়ে আত্মবিশ্বাস ফিরে পায় নর্থইস্ট। ৭২ মিনিটে গোলের মুখ খুলে ফেলে তারাও। এথিয়ান বাগানের রক্ষণভাগের পিছন থেকে দৌড় শুরু করেছিলেন। বক্সের সামনে একটি লম্বা বল পেয়ে তিনি বিশাল কাইথকে পরাস্ত করে গোল করেন এবং স্কোরলাইন ১-১ করেন। ৭১ মিনিটে নেমে ৭২ মিনিটে প্রথম টাচেই গোল করে মোহনবাগানের জয়ের রাস্তা কঠিন করে দেয়। এর পর সুযোগ পেয়েছিল মোহনবাগান। কিন্তু পর পর সেভ দিয়ে মোহনবাগানের জয় আটকে দিয়ে ম্যাচের সেরা নর্থইস্ট গোলকিপার দীপেশ চৌহান।

একে তো জঘন্য ফুটবল, তার ওপর ঘরের মাঠে আটকে যাওয়ার মতো ধাক্কা তো ছিলই সঙ্গে বাড়তি সংযোজন ম্যাকলারেনের চোট। ৭৬ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় জেমি ম্যাকলারেনকে। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় কিছুটা অস্বস্তিতে ভুগতে দেখা যায় এবং শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় তাঁকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই নেমেছিলেন তিনি। তাঁর জায়গায় মাঠে নামেন সুহেল ভাট।

বুধবার ইস্টবেঙ্গল মাঠে পঞ্জাব এফসির বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড। এই দুই দলও সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতিমধ্যেই।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google