যেখানে বার বার উঠে এসেছে বিতর্ক, সাম্প্রতিক সময়ে সব থেকে বড় হয়ে উঠেছিল দুই দলের করমর্দন নিয়ে বিতর্ক। সেখানে পাকিস্তান ফুটবল দল করমর্দন বিতর্ককে (Handshake Controversy) উড়িয়ে ভারতকে গার্ড অফ অনার দিয়ে মন জিতে নিল। ফুটবল মাঠে লড়াই ছিল হাড্ডাহাড্ডি। শেষ মুহূর্তের গোলে পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছে ভারত। কিন্তু ম্যাচের ফলাফল যাই হোক, খেলার মাঠের বাইরের সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মানসিকতার এক সুন্দর দৃষ্টান্ত তৈরি করল পাকিস্তান ফুটবল দল। ফাইনাল শেষে ভারতীয় ফুটবলারদের প্রতি তাদের আন্তরিক আচরণ মন জয় করেছে ফুটবলপ্রেমীদের।
মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড দশমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে এই ম্যাচ শুধু ফলাফলের জন্য নয়, দুই দলের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের জন্যও স্মরণীয় হয়ে থাকল।
ম্যাচের প্রথমার্ধে ভারতকে চাপে রেখে এগিয়ে যায় পাকিস্তান। প্রথমার্ধের সংযুক্ত সময়ে, অর্থাৎ ৪৫+১ মিনিটে আলমগির গাজির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। বিরতিতে পিছিয়ে থেকেই সাজঘরে ফিরতে হয় ভারতীয় দলকে।
তবে দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ অন্য মেজাজে মাঠে নামে ভারত। ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠেন ভারতীয় ফুটবলাররা। ৬০ মিনিটে সুহেল আহমেদ ভাটের গোলে সমতা ফেরায় ভারত। এরপর দুই দলই জয়সূচক গোলের জন্য একাধিক আক্রমণ চালায়। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ৮৮ মিনিটে ভারতের হয়ে জয়সূচক গোলটি করেন সন্দীপ মান্ডি।
কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার পর নজর কেড়েছে অন্য একটি বিষয়। মাঠের প্রতিদ্বন্দ্বিতা ভুলে ভারতীয় ফুটবলারদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন পাকিস্তানের খেলোয়াড়রা। তাঁদের এই আন্তরিক উদ্যোগ আরও একবার মনে করিয়ে দিয়েছে, ফুটবল শুধুমাত্র জয়-পরাজয়ের খেলা নয়, দুই দেশের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্মান ও বন্ধুত্বেরও একটি মঞ্চ।
রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের আবহে ভারত-পাকিস্তান ম্যাচ বরাবরই বাড়তি গুরুত্ব পেয়ে থাকে। সেই পরিস্থিতিতে মাঠের লড়াইয়ের পর পাকিস্তান দলের এই সৌজন্য বিশেষ তাৎপর্য বহন করছে।
ভারতের দশম সাফ জয় যেমন ইতিহাসের পাতায় জায়গা করে নিল, তেমনই ফাইনালের পর পাকিস্তান দলের এই অনবদ্য আচরণও ফুটবলপ্রেমীদের মনে আলাদা জায়গা করে নিল। শেষ পর্যন্ত বার্তা একটাই—মাঠে প্রতিপক্ষ থাকলেও খেলার প্রকৃত জয় সৌহার্দ্য, সম্মান এবং ক্রীড়াসুলভ মানসিকতার।
