বসিনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সমীর জেলকোভিক (Samir Zeljkovic) এবার খেলবেন সবুজ মেরুন জার্সিতে। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান সুপার লিগে পঞ্জাব এফ সি-র জার্সিতে দু্র্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন এই ফুটবলার। মূলত সেন্ট্রাল ডিফেন্সিভ মিডিও হলেও স্টপার পজিশনেও খেলতে পারেন সমীর। মোহনবাগান সুপার জায়ান্টের তারকা সমৃদ্ধ দলে তাঁকে নেওয়ার অন্যতম কারণ হল তাঁর দু’টি পজিশনে সমান দক্ষতার সঙ্গে খেলার অভিজ্ঞতা। ছয় ফুট উচ্চতার আঠাশ বছর বয়সী সমীর হঠাৎ হঠাৎ উঠে গিয়ে আক্রমণভাগকে সাহায্য করতেও সিদ্ধহস্ত। বসনিয়া প্রিমিয়ার লিগ বা উজবেকিস্তানের যে লিগে যখন খেলেছেন তখনই গোল করেছেন এবং করিয়েছেন। সদ্য সমাপ্ত লিগেও দু’টি গোল করার পাশাপাশি তিনটি গোলের বলও বাড়িয়েছেন সমীর।
মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে দু বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর এমবি এসজি মিডিয়াকে সমীর জেলকোভিক বলেছেন, “ভারতে খেলতে আসার পর থেকেই মোহনবাগান সুপার জায়ান্টের ধারাবাহিক সাফল্যের কথা শুনেছি। আইএসএলে যুবভারতীতে বিপক্ষ দলের জার্সি পরে খেলতে নেমে দেখেছি ক্লাবের প্রতি মোহনবাগান সদস্য সমর্থকদের উন্মাদনা ও ভালবাসা। এরকম একটা ঐতিহ্যশালী ও শতাব্দীপ্রাচীন ক্লাবের জার্সিতে খেলার সুযোগ পেয়ে আমি আপ্লুত ও রোমাঞ্চিত। সবুজ মেরুনের সমর্থকরা আমার খেলা দেখেছেন। মোহনবাগান দেশের সেরা ক্লাব। সেই সফল দলের সতীর্থদের সঙ্গে যখন নামব তখন আরও ভাল খেলব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। আমি চ্যাম্পিয়ন হওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে কলকাতায় খেলতে আসছি। আইএসএল তো বটেই, সব ট্রফি জিততে চাই।’’
এই মরসুমটা ট্রফির খুব কাছে পৌঁছেও দ্বিতীয় হয়েই থামতে হয়েছে মোহনবাগানকে। মাঝ মরসুম থেকেই দলের বেশ কিছু বিদেশিকে নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল। তার মধ্যে অন্যতম দিমিত্রি পেত্রাতোস। মরসুম শেষ হওয়ার সঙ্গেই তাঁরও মোহনবাগান জার্সিতে খেলা শেষ হয়েছে। শেষবেলায় তিনি চোখের জলেই কলকাতা ছেড়েছেন। এর সঙ্গে জেসন কামিন্স আর টম আলড্রেডকেও ছেড়ে দিয়েছে মোহনবাগান। বিদায় নিয়েছেন কোচ সার্জিও লোবেরাও। নতুন কোচ কে হবেন এখন সেটাই লাখ টাকার প্রশ্ন।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
