কেন্দ্র সরকার ২০ জুন শুরু হতে যাওয়া কৈলাস মানস সরোবর যাত্রার (Kailash Mansarovar Yatra) জন্য সিকিমের নাথু লা চেক পোস্ট এবং উত্তরাখণ্ডের লিপুলেখ লা চেক পোস্টকে অস্থায়ী অভিবাসন কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে। চিনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের মাউন্ট কৈলাস ও মানস সরোবর হ্রদ ভ্রমণের উদ্দেশ্যে তীর্থযাত্রীদের প্রথম দলটি পরবর্তী যাত্রার জন্য সিকিমে পৌঁছানোর পরই এই পদক্ষেপ নেওয়া হল।
শুক্রবার প্রকাশিত এক গেজেট বিজ্ঞপ্তিতে যুগ্ম সচিব সন্দীপ এন মহাতমে জানান, ‘‘অভিবাসন ও বিদেশী আইন, ২০২৫ (২০২৫ সালের ১৩)-এর আওতায় প্রদত্ত ক্ষমতার বলে কেন্দ্রীয় সরকার পূর্ব সিকিম জেলায় অবস্থিত নাথু লা চেক পোস্টকে… কৈলাস মানস সরোবর যাত্রা ২০২৬-এর জন্য বৈধ ভ্রমণ নথিপত্রসহ তীর্থযাত্রীদের ভারতে প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে অস্থায়ী ভিত্তিতে একটি অনুমোদিত অভিবাসন কেন্দ্র হিসেবে ঘোষণা করছে।’’
আলাদা আরেকটি বিজ্ঞপ্তিতে সরকার উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত লিপুলেখ লা চেক পোস্টকেও এই যাত্রার জন্য বৈধ ভ্রমণ নথিপত্রধারী তীর্থযাত্রীদের ক্ষেত্রে অনুমোদিত অভিবাসন কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, নাথু লা চেক পোস্ট হয়ে পরবর্তী যাত্রার জন্য তীর্থযাত্রীদের প্রথম দলটি সোমবার সন্ধ্যায় সিকিমে এসে পৌঁছয়। ৪৪ সদস্যের এই দলে দু’জন লিয়াজোঁ অফিসার এবং একজন মেডিকেল অফিসার রয়েছেন। দলের সদস্যদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১২ জন মহিলা রয়েছেন।
তীর্থযাত্রীরা চার দিনের ‘অ্যাক্লিমাটাইজেশন’ বা নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ২০ জুন তাঁরা গিয়াংজের (Gyangze) উদ্দেশ্যে রওনা হবেন। চিনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের এই শহরটি নাথু লা পাস রুট দিয়ে ভ্রমণকারীদের জন্য একটি ট্রানজিট পয়েন্ট বা যাত্রাবিরতি কেন্দ্র হিসেবে কাজ করে।
এই দু’টি চেক পোস্টকে অস্থায়ীভাবে অভিবাসন কেন্দ্র হিসেবে ঘোষণা করার ফলে, সিকিমে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া শেষে প্রথম দলের যাত্রার মধ্য দিয়ে এই তীর্থযাত্রা শুরু হতে যাচ্ছে।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
