India vs Uruguay Match
ভারত ১ (অনিরুদ্ধ থাপা)
উরুগুয়ে ৬ (নুনেজ-পেনাল্টি, ম্যাক্সিমিলিয়ানো, মার্টিনেজ-২, জুয়ান ম্যানুয়েল, রডরিগো সেবাস্টিয়ান)
সুচরিতা সেন চৌধুরী: ২২ মিনিটে উরুগুয়ের বিরুদ্ধে (India vs Uruguay) ভারত সমতায় ফিরতেই মাঠে মাথা ঠেকালেন খালিদ জামিল। তার আগে ম্যাচ রেফারির সাবধানবানীও শুনতে হয়েছে নিজের এলাকা ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য। কিন্তু খালিদ জামিল আছেন খালিদ জামিলেই। তার মধ্যেই আকাশ কালো করে শুরু হল প্রবল বজ্রপাত। যার ফল সাময়িক বন্ধ হয়ে গেল খেলা। ম্যাচের বয়স তখন ২৭ মিনিটের গন্ডি পেরিয়ে ২৮ মিনিটের দিকে এগোচ্ছে। এদিনের গ্যালারিতে ব্রাজিল ম্যাচের থেকে কম লোক থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বা়ড়ছিল। তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে হল শেষ ফিফা ফ্রেন্ডলি ম্যাচকে। ফিফার নিয়ম মেনে মুহূর্তে ফাঁকা করে দেওয়া হল মাঠ। এমন দৃশ্য কলকাতায় সচরাচর দেখা যায় না। প্রাথমিকভাবে ম্যাচ আধঘণ্টার জন্য বন্ধ থাকার কথা ফিফার নিয়ম মেনে, তার পরও যদি বজ্রপাত চলতে থাকে তাহলে আরও পিছিয়ে যাবে ম্যাচ। তবে সবাইকে স্বস্তি দিয়ে ২২ মিনিটেই মাঠে ফিরল দল। তখন বৃষ্টি চললেও বজ্রপাত বন্ধ হয়েছে। আর ৩৫ মিনিটেই খেলা শুরু করা সম্ভব হল প্রবল বৃষ্টির মধ্যেই। তবে গ্যালারি যে খানিকটা ফাঁকা হল তা আর ভরল না। ভারতও আর ফিরল না খেলায়, বরং সময়ের সঙ্গে সঙ্গে গোলের বোঝা বেড়ে ৬-১-এ শেষ হল।
পানামা ম্যাচের মতো এই ম্যাচেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলই শুরু করেছিল ভারত। ৬ মিনিটে আকাশের থ্রোইনে বক্সের মধ্যে থেকে হেড করেছিলেন থাপা। সেই বল আধা ক্লিয়ার হলে চলতি বলেই আনোয়ারের শট অল্পের জন্য বাইরে যায়। এর পরই নিশ্চিত সুযোগ নষ্ট করেন এডমুন্ড। যার জন্য আফসোস করতে হবে খালিদকে। ভারতের পর পর গোলের সুযোগ নষ্টের মধ্যেই এগিয়ে যায় উরুগুয়ে, তাও ভারতেরই ভুলে। ১১ মিনিটে ফ্রেডরিকো সেবাস্টিয়ানকে বক্সের মধ্যে ফাউল করে উরুগুয়েকে পেনাল্টি পাইয়ে দেন পরমবীর। পেনাল্টি থেকে ১১ মিনিটে গোল করেন নুনেজ। যদিও গোল হজম করে দমে যায়নি ভারত।
তবে পাঁচ মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ানোর সুযোগ চলে এসেছিল উরুগুয়ের সামনে। ম্যাক্সিমিলিয়ানোর শট পোস্টে না লাগলে তখনই ২-০ গোলে এগিয়ে যেত। আর এই সুযোগেই সমতায় ফিরল ভারত। ২২ মিনিটে রায়ান উইলিয়ামসের শট বাঁচিয়ে দিয়েছিলেন উরুগুয়ে গোলকিপার থিয়াগো ব্রাগম্যান। কিন্তু তা দখলে রাখতে পারেননি। ফিরতে বলেই অনিরুদ্ধ থাপার জো়ড়াল শট চলে যায় গোলে। ১-১ গোলে সমতায় ফেরে ভারত। ২৫ মিনিটে আবারও সুযোগ চলে এসেছিল ভারতের সামনে, কিন্তু আর ব্যবধান বাড়নি। বরং বজ্রপাতের হুঙ্কার কাটিয়ে মাঠে নেমেই ব্যবধান বাড়িয়ে নেয় উরুগুয়ে। ২৮ মিনিটে ম্যাক্সিমিলিয়ানোর শট আটকানোর কোনও সুযোগই পাননি ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এগিয়ে গেল উরুগুয়ে। ৫৩ মিনিটে যখন একটি উড়ে আসা বল রডরিগো মার্টিনেজের উদ্দেশে নামিয়ে দিয়েছিলেন নুনেজ রিবেইরো। সেই বল ধরেই বক্সের বাইরে থেকে রডরিগোর জোড়াল শটে ৩-১ করল উরুগুয়ে। গুরপ্রীত ঝাঁপিয়েও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বোগলের তলা দিয়ে গোল হজম করলেন। এর পর বেশি সময় নেয়নি উরুগুয়ে ব্যবধান বাড়াতে। ৫৯ মিনিটে ভারতের দুই ডিফেন্ডার অভিষেক আর বিজয়ের মাঝখান দিয়েই বল নিয়ে গোলে শেষ করলেন রডরিগো মার্টিনেজ।
এর পর সানান আর সাহালকে নামিয়ে ম্যাচের হাল ধরার চেষ্টা করলেন খালিদ জামিল। কিন্তু উল্টে আরও একটি গোল হজম করতে হল উরুগুয়ের ট্যাকটিক্যাল ফুটবলের সৌজন্যে। ৭০ মিনিটে বক্সের বাইরে থেকে যে জোড়াল শট নিয়েছিলেন সানান তা ততোধিক ক্ষিপ্রতার সঙ্গে কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দেন উরুগুয়ে গোলরক্ষক থিয়াগো। কর্নার থেকে কাউন্টার অ্যাটাকে যে গতিতে উঠল উরুগুয়ে তাতে ভারতের সব প্রতিরোধ ছিটকে গেল মুহুর্তেই। ।ফাকুদোর থেকে বল পেয়ে ভারতের জালে পঞ্চম বলটি জড়ালেন জুয়ান ম্যানুয়েল। দ্বিতীয়ার্ধে যেন তেড়েফুঁড়ে উঠল উরুগুয়ে। যে ধাক্কা সামলাতে পারল না ভারত। প্রথমার্ধের ২-১ দ্বিতীয়ার্ধে পৌঁছে গেল ৬-১-এ। শেষবেলায় গোলের খাতায় নাম লেখালেন রডরিগো সেবাস্টিয়ান। ভারতীয় রক্ষণকে নিয়ে ছিনিমিনি খেলল উরুগুয়ে।
🇮🇳 ভারতের প্রথম একাদশ: গুরপ্রীত সিং সান্ধু (অধিনায়ক) (অ্যালবিনো গোমস), অভিষেক সিং টেকচাম (ভালপুইয়া), পরমবীর সিং (বিজয় ভার্গেস), আনোয়ার আলি, আকাশ মিশ্র, অনিরুদ্ধ থাপা, লালেংমাউইয়া রালতে, এডমন্ড লালরিন্দিকা (সাহাল আব্দুল সামাদ), আশিক কুরুনিয়ান (সানান), মনভীর সিং, রায়ান উইলিয়ামস
🇺🇾 উরুগুয়ের প্রথম একাদশ: থিয়াগো কারদোজো (গোলকিপার), হোসে মারিয়া হিমেনেস, নাহিতান নান্দেজ, সান্তিয়াগো মোরিনো, জোয়াকিন পিকেরেজ, রদ্রিগো সালাজার, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো বেন্তানকুর, ফেদেরিকো ভিনাস, দারউইন নুনিয়েজ
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
