সুচরিতা সেন চৌধুরী: আইএসএল ২০২৬-২৭ (ISL 2026-27)-এ চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে আগের ম্যাচের পারফরম্যান্স নিয়ে খুব একটা সন্তুষ্ট নন মোহনবাগান কোচ পানোস। সেই ম্যাচের ভুলগুলি নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরে আলোচনা হয়েছে। অনুশীলনেও সেই ভুলগুলি শুধরে নেওয়ার পাশাপাশি পঞ্জাব এফসির বিরুদ্ধে সম্পূর্ণ ভিন্ন পরিকল্পনা নিয়ে নামার প্রস্তুতি নিয়েছে সবুজ-মেরুন শিবির। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন পানোস।
চেন্নাইয়িন ম্যাচ প্রসঙ্গে কোচ বলেন, “শেষ ম্যাচটা আমাদের জন্য ভালো ছিল না। ম্যাচের পর আমরা নিজেদের ভুলগুলো নিয়ে আলোচনা করেছি। সেই ভুলগুলো কীভাবে শুধরে নেওয়া যায়, তা নিয়ে কাজ করেছি। অনুশীলনেও কিছু বিষয় বদলানোর চেষ্টা হয়েছে। পঞ্জাবের বিরুদ্ধে আমাদের পরিকল্পনা আলাদা হবে। দুটো সম্পূর্ণ আলাদা দল। আমরা এই ম্যাচের জন্য তৈরি।”
পঞ্জাবের আক্রমণাত্মক ফুটবল নিয়েও সতর্ক মোহনবাগান কোচ। তাঁর মতে, প্রতিপক্ষ আক্রমণাত্মক খেললে সেই পরিস্থিতিকে নিজেদের সুবিধে মতো ব্যবহার করার সুযোগও থাকে। তবে সেই সুযোগ কাজে লাগাতে হলে নিজেদের খেলায় আরও গতি এবং উন্নতি আনতে হবে।
পানোস বলেন, “পঞ্জাবের একটা নির্দিষ্ট আক্রমণাত্মক স্টাইল রয়েছে। তারা আমাদের কিছু জায়গা দিতে পারে, সেই সুযোগগুলো কাজে লাগাতে হবে। আমাদের নিজেদের খেলাতেও আরও ভালো কিছু করতে হবে। শেষ পর্যন্ত আমাদের লক্ষ্য একটাই—জিততে হবে।”
পঞ্জাবের আক্রমণাত্মক মানসিকতার মোকাবিলায় মোহনবাগানকেও পরিস্থিতি বুঝে খেলতে হবে বলে মনে করছেন তিনি। তাঁর মতে, ম্যাচের মূল বিষয়গুলির মধ্যে থাকবে দ্রুত বল চালানো এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া।
এদিকে তাঁর প্রথম একাদশ নিয়েও প্রশ্ন উঠেছে চেন্নাই ম্যাচের পর। এদিনও তার জবাব দিলেন তিনি। শুভাশিসকে বসিয়ে অভিষেককে কেন খেলানো হচ্ছে, বিশেষ করে ডান প্রান্তে তাঁর ভূমিকা নিয়ে আস্থা প্রকাশ করেন পানোস। পাশাপাশি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যে কেউ বেঞ্চে থাকলেও তাঁর ধৈর্য এবং দলের স্বার্থে নিজের ভূমিকা মেনে নেওয়ার প্রশংসা করেন কোচ।
ম্যাকলারেনকে প্রথম একাদশে রাখা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। অনুশীলনের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পানোস। তিনি বলেন, “ম্যাকলারেন বেঞ্চ থেকে শুরু করবে কি না, আজকের অনুশীলনের পর আমরা সিদ্ধান্ত নেব।”
তবে চোট এবং অসুস্থতার কারণে এই ম্যাচে পাওয়া যাচ্ছে না মিগুয়েল এবং আপুইয়াকে। বিশেষ করে আপুইয়ার অনুপস্থিতি দলের আক্রমণভাগে প্রভাব ফেলছে বলে স্বীকার করেছেন কোচ। তিনি জানান, আক্রমণভাগের ফিনিশিং নিয়ে দল ইতিমধ্যেই বেশ কয়েকটি অনুশীলন করেছে।
“মিগুয়েল চোটের কারণে এই ম্যাচেও নেই। আপুইয়াও অসুস্থ। আক্রমণভাগের ভালো ফল না করার অন্যতম কারণ অবশ্যই আপুইয়াদের দলে না থাকা। আমরা ফিনিশিং নিয়ে অনেক সেশন করেছি,” বলেন পানোস।
তবে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতিকে দলের ভারসাম্য নষ্ট হওয়ার কারণ হিসেবে দেখতে নারাজ মোহনবাগান কোচ। তাঁর মতে, দলে পর্যাপ্ত খেলোয়াড় রয়েছেন এবং একাধিক পজিশনে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করার মতো বিকল্পও রয়েছে।
পানোসের কথায়, “আমাদের দলে ২২ জন খেলোয়াড় রয়েছে। একাধিক পজিশনে দু’তিনজন করে খেলোয়াড় রয়েছে, যারা প্রয়োজন অনুযায়ী দায়িত্ব নিতে পারে। আমরা মোহনবাগান। তাই দলে ভারসাম্য নেই—এমন কথা আমি বলতে পারি না।”
চলতি সময়ে দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও আত্মবিশ্বাসী পানোস। সাম্প্রতিক কয়েকটি ম্যাচে মোহনবাগান প্রতিপক্ষের তুলনায় ভালো ফুটবল খেলেছে বলেই তাঁর দাবি। আইএফএ শিল্ডের ফাইনালসহ একাধিক ম্যাচে দল প্রতিপক্ষকে যথেষ্ট চাপে রেখেছে বলেও মনে করিয়ে দেন তিনি।
চেন্নাইয়িন ম্যাচটি ব্যতিক্রম ছিল বলে কার্যত মেনে নিয়েছেন কোচ। তাঁর বক্তব্য, “আমরা দু’বার প্রতিপক্ষের উপর আধিপত্য দেখিয়েছি। আইএফএ শিল্ডের ফাইনাল, নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আধিপত্য দেখিয়েছিলাম। আগের ম্যাচটা আমাদের ভালো ম্যাচ ছিল না। তবে বেশিরভাগ সময়ই আমরা প্রতিপক্ষের থেকে ভালো ফুটবল খেলেছি।”
তবে বিভিন্ন ম্যাচের পরিসংখ্যান তুলনা করে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চান না পানোস। দলের পারফরম্যান্স বিচার করতে সময় প্রয়োজন বলেই মনে করছেন তিনি। তাঁর মতে, বিভিন্ন ম্যাচের পরিস্থিতি আলাদা এবং সেগুলিকে একসঙ্গে তুলনা করার আগে আরও সময় নিয়ে বিশ্লেষণ করা দরকার।
পঞ্জাবের বিরুদ্ধে সেই উন্নত পারফরম্যান্সই তুলে ধরতে চাইছে মোহনবাগান। চেন্নাইয়িন ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্রুত, আক্রমণাত্মক এবং কার্যকর ফুটবল খেলে তিন পয়েন্ট পাওয়াই এখন সবুজ-মেরুন শিবিরের মূল লক্ষ্য। আপুইয়া ও মিগুয়েলের অনুপস্থিতি যেমন চ্যালেঞ্জ, তেমনই বেঞ্চের খেলোয়াড়দের নিজেদের প্রমাণ করার সুযোগও তৈরি হয়েছে। শেষ পর্যন্ত অনুশীলনের পর একাদশে কী পরিবর্তন আসে এবং ম্যাকলারেনকে শুরু থেকে দেখা যায় কি না, সেদিকেই নজর থাকবে।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
