অয়েল ইন্ডিয়ার ট্যাঙ্ক ফার্মে ভয়াবহ বিস্ফোরণ

অসমের ডিব্রুগড় জেলায় অয়েল ইন্ডিয়া লিমিটেডের (OIL) একটি গুরুত্বপূর্ণ তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শুক্রবার সকালে। তেঙ্গাখাট এলাকার ইন্টারমিডিয়েট ট্যাঙ্ক ফার্মে (ITF) আগুন লাগার ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। তাঁদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অয়েল ইন্ডিয়ার তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, শুক্রবার সকাল প্রায় ৯টা ৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ওই সময় ট্যাঙ্ক ফার্মে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেই কাজ করতে গিয়েই বিপত্তি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।


প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ট্যাঙ্ক ফার্মের একটি ভালভ লাগাচ্ছিলেন কর্মীরা। সেই সময়ই বিস্ফোরণ ঘটে বলে অনুমান। ট্যাঙ্ক ফার্মের অপরিশোধিত তেল সংরক্ষণ বিভাগে বিস্ফোরণের জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় আতঙ্ক তৈরি হয়।