বুধবারের বৃষ্টির পর থেকেই কি বাংলায় শীতের আমেজ (Winter Alert) শুরু হতে চলেছে? নভেম্বরের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে এই প্রশ্নই এখন ঘুরছে রাজ্যবাসীর মনে। বিশেষ করে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পর আবহাওয়ার পরিবর্তন নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। বর্ষার বিদায়ের পর থেকেই ধীরে ধীরে বদলাচ্ছিল আবহাওয়ার চরিত্র। ভোর ও রাতের দিকে হালকা ঠান্ডার অনুভূতি পাওয়া গেলেও দিনের বেলায় এখনও অনেক জায়গায় গরমের অস্বস্তি রয়েছে।
তবে বুধবারের বৃষ্টির পর আবহাওয়ায় পরিবর্তন হলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। কিন্তু এক দিনের বৃষ্টি হলেই কি পাকাপাকিভাবে শীতের প্রবেশ ঘটল? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও আবহাওয়াগত কারণ? সেই দিকেই নজর আবহাওয়াবিদদের।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা ছিল। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারেও বৃষ্টির সম্ভাবনা ছিল। কলকাতা শহর ও শহরতলী এবং দক্ষিণঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি কলিম্পংয়ের পাহাড়ি এলাকায় শিলাবৃষ্টির ফলে এলাকা পুরো সাদা হয়ে যায়। একঝলকে দেখতে মনে হবে বরফ পড়েছে। যার ফলে পাহাড়ে। জাঁকিয়ে শীত শুরু হয়ে গিয়েছে।
বৃষ্টির পর বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার কথা। বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হলেও ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে। যদিও রোদের তেমন তাপ নেয় এদিনের সকাল থেকেই। সঙ্গে চলছে হালকা ঠান্ডা হাওয়া।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে সপ্তাহান্তে ভোর ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। শুক্রবারও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার পূর্বাভাস রয়েছে। অর্থাৎ দিনের বেলায় গরমের অনুভূতি পুরোপুরি চলে যাচ্ছে না। তবে রাতের দিকে তাপমাত্রা কমলে স্বস্তি মিলতে পারে।
এদিকে বৃষ্টির পর্ব শেষ হওয়ার মুখে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৩ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় সেটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ঠিক কী প্রভাব পড়বে, তা এখনও স্পষ্ট নয়।
আবহাওয়ার বর্তমান গতিপ্রকৃতি বলছে, বঙ্গে শীতের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে তৃতীয় সপ্তাহের দিকে এগোনোর সঙ্গে সঙ্গে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শুক্রবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় শীতের আমেজ বাড়তে পারে।
তবে এখনই জাঁকিয়ে শীত পড়ছে, এমনটা বলা ঠিক হবে না। কারণ দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখনও ২৯-৩০ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা। বরং বুধবারের বৃষ্টিকে শীতের আগমনের আগে আবহাওয়ার একটি পরিবর্তনশীল পর্ব হিসেবেই দেখা হচ্ছে।
বৃষ্টি বিদায় নিলে আকাশ পরিষ্কার হবে, কমবে রাতের তাপমাত্রা। শীতের অপেক্ষায় থাকা বাঙালিরা হয়তো সপ্তাহান্ত থেকেই হালকা শীতের আমেজ পেতে শুরু করবেন। তবে প্রকৃত শীতের জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
