FIFA Friendly: নিউজিল্যান্ডের কাছে লজ্জার হার ভারতের!

নিউজিল্যান্ড সফরের শুরুটা একেবারেই ভাল হল না ভারতীয় ফুটবল দলের। বৃহস্পতিবার, ১২ নভেম্বর অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ফ্রেন্ডলি (FIFA Friendly) ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ০-৫ গোলে পরাজিত হল ব্লু টাইগার্স। ঘরের মাঠে দুরন্ত ফুটবল উপহার দিয়ে ভারতকে কার্যত উড়িয়ে দিল নিউজিল্যান্ড। ম্যাচে জোড়া গোল করলেন জেসি র‍্যান্ডাল। এছাড়া গোল পেয়েছেন ক্রিস উড এবং লাচলান বেলিস। ভারতের হয়ে একটি আত্মঘাতী গোল করেন বিজয় ভার্গিস।

নিউজিল্যান্ডের মাটিতে এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিল ভারত। কিন্তু ঐতিহাসিক সেই ম্যাচ স্মরণীয় হয়ে থাকল বড় হারের কারণে। এবার রবিবার ক্রাইস্টচার্চে দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ফলে প্রথম ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়ানোই এখন খালিদ জামিলের প্রধান লক্ষ্য।


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল নিউজিল্যান্ড। ভারতীয় রক্ষণকে চাপে ফেলে বারবার আক্রমণে উঠছিলেন জেসি র‍্যান্ডালরা। ম্যাচের পঞ্চম মিনিটেই গোল করে এগিয়ে যায় নিউজিল্যান্ড। বক্সের মধ্যে বল নিয়ে তৈরি হওয়া বিশৃঙ্খলার সুযোগে বিজয় ভার্গিসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় আয়োজক দল।

এরপরও একাধিকবার ভারতের গোলমুখে আক্রমণ শানায় নিউজিল্যান্ড। ম্যাথিউ গারবেটের দূরপাল্লার শট দুর্দান্ত দক্ষতায় আটকে দেন ভারতীয় গোলরক্ষক বিশাল কাইথ। ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা শুরু করে ভারত। রায়ান উইলিয়ামস, লিস্টন কোলাসো এবং জিথিন এমএস কয়েকটি ভাল পাস তৈরি করলেও সেগুলি থেকে গোলের সুযোগ তৈরি করা সহজ হয়নি।

১৯ মিনিটে ভারতের সামনে আসে গোল করার সবচেয়ে ভাল সুযোগগুলির একটি। বিজয় ভার্গিসের সঙ্গে সুন্দর বোঝাপড়ার পর ডান দিক দিয়ে উঠে এসে কাটব্যাক করেন উইলিয়ামস। বক্সের মধ্যে বল পেয়ে গিয়েছিলেন মনবীর সিং। কিন্তু তাঁর শট নেওয়ার আগেই দুরন্ত ব্লকে বিপদ কাটিয়ে দেন নিউজিল্যান্ডের ক্যালান এলিয়ট।

প্রথমার্ধে ভারতীয় দলের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন গোলরক্ষক বিশাল কাইথ। নিউজিল্যান্ডের একের পর এক আক্রমণ সামলাতে তাঁকে বেশ কয়েকবার অসাধারণ দক্ষতার পরিচয় দিতে হয়। ২৫ মিনিটে একটি হেডার দুরন্তভাবে বাঁচান তিনি। এরপর জেসি র‍্যান্ডালকে গোলের সুযোগ থেকে আটকাতেও দ্রুত গোল ছেড়ে বেরিয়ে আসেন কাইথ।

ম্যাচের আধ ঘণ্টার কাছাকাছি সময়ে আরও একটি অসাধারণ সেভ করেন ভারতীয় গোলরক্ষক। বক্সের মধ্যে ঢুকে র‍্যান্ডালের প্রথম শট আটকে দেওয়ার পর ফিরতি বলেও দ্রুত ঝাঁপিয়ে পড়ে বিপদমুক্ত করেন দলকে।

তবে কাইথের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও নিউজিল্যান্ডের আক্রমণ আটকানো সম্ভব হয়নি। ৩৪ মিনিটে জেসি র‍্যান্ডাল নিজের প্রথম গোল করেন। প্রথমার্ধের শেষ দিকে ৪৩ মিনিটে আবারও গোল করে ব্যবধান বাড়ান তিনি। ফলে বিরতিতে ০-৩ গোলে পিছিয়ে পড়ে ভারত।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে একসঙ্গে পাঁচটি পরিবর্তন করেন ভারতীয় দলের কোচ খালিদ জামিল। মাঠে নামানো হয় জয় গুপ্ত, লালরিনলিয়ানা হামতে, মেহতাব সিং, রিকি মিতেই হাওবাম এবং মহম্মদ সুহেলকে। তাঁদের মধ্যে রিকি এবং সুহেলের জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় এদিন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্রি-কিক থেকে গোলের চেষ্টা করেন লিস্টন কোলাসো। তবে নিউজিল্যান্ডের গোলরক্ষক অ্যালেক্স পলসেন সেই প্রচেষ্টা আটকে দেন। এরপর আবারও আক্রমণে ঝড় তোলে নিউজিল্যান্ড।

৫৭ মিনিটে হেড থেকে গোল করে ব্যবধান ৪-০ করেন ক্রিস উড। এরপর ৭৪ মিনিটে দুরন্ত ভলিতে পঞ্চম গোলটি করেন লাচলান বেলিস।

স্কোরলাইন ৫-০ হয়ে গেলেও ভারতীয় দলের হয়ে লড়াই চালিয়ে যান বিশাল কাইথ। ৭৮ মিনিটে নিউজিল্যান্ড পেনাল্টি পেলে আরও বড় ব্যবধানে হারের আশঙ্কা তৈরি হয়েছিল ভারতের। কিন্তু বিল টুইলোমার পেনাল্টি শট দুরন্ত ডাইভে আটকে দেন কাইথ। ফিরতি বলেও দ্রুত উঠে এসে সেভ করেন তিনি। তাঁর এই জোড়া সেভের সৌজন্যে আর গোল বাড়াতে পারেনি নিউজিল্যান্ড।

শেষ দিকে পরিবর্ত হিসেবে ডেভিড লালহলসাঙ্গা এবং তোম্বা সিং হাওবামকে মাঠে নামান খালিদ জামিল। ৮৮ মিনিটে দূরপাল্লার শটে গোলের চেষ্টা করেছিলেন তোম্বা। কিন্তু সেই প্রচেষ্টা সহজেই আটকে দেন পলসেন।

২০১৮ সালের পর প্রথমবার জাতীয় দলের অধিনায়ক হিসেবে ভারতকে নেতৃত্ব দিলেন অনিরুদ্ধ থাপা। কিন্তু অধিনায়ক হিসেবে তাঁর প্রত্যাবর্তনের দিনটি সুখকর হল না। ম্যাচের শুরু থেকেই নিউজিল্যান্ডের গতি, শারীরিক শক্তি এবং আক্রমণাত্মক ফুটবলের সামনে বারবার সমস্যায় পড়েছে ভারতীয় দল।

বিশেষ করে রক্ষণে সমন্বয়ের অভাব এবং আক্রমণে সুযোগ কাজে লাগাতে না পারার বিষয়টি চিন্তা বাড়াবে কোচ খালিদ জামিলের। রবিবার ক্রাইস্টচার্চে দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচে আবারও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে সেখানে ঘুরে দাঁড়ানোই এখন ব্লু টাইগার্সের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ভারতীয় ফুটবল দল: বিশাল কাইথ, অভিষেক সিং টেকচাম (জয় গুপ্ত, ৪৬ মিনিট), প্রমভীর (লালরিনলিয়ানা হামতে, ৪৬ মিনিট), বিজয় ভার্গিস (মেহতাব সিং, ৪৬ মিনিট), আকাশ মিশ্র, অনিরুদ্ধ থাপা (অধিনায়ক) (তোম্বা সিং হাওবাম, ৮৪ মিনিট), মনবীর সিং (ডেভিড লালহলসাঙ্গা, ৭৯ মিনিট), রায়ান উইলিয়ামস, জিথিন এমএস (মহম্মদ সুহেল, ৪৬ মিনিট), লিস্টন কোলাসো (মহম্মদ সানান, ৬৬ মিনিট), লালরেমতলুয়াঙ্গা ফানাই (রিকি মিতেই হাওবাম, ৪৬ মিনিট)।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google