ডঃ পার্থ বন্দ্যোপাধ্যায়, নিউ ইয়র্ক: এক বছর আগে থেকে, অর্থাৎ সেই ২০২৫-এর পড়ন্ত বেলায় পেরু আর মাচু পিচু দেখে আসার পরেই ২০২৬-এর শেষের দিকে জাপান বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে রেখেছিলাম। মধ্যবিত্ত মানুষ। যত আগে থেকে প্ল্যান করা যাবে, ততই সাশ্রয়। সেই মতোই বেরিয়ে পড়া জাপানের পথে (Japan Travel 1)।
নিউ ইয়র্ক থেকে টোকিও
নিউ ইয়র্ক থেকে প্রথমে লস এঞ্জেলেস।
ছ’ঘন্টা উড়ান। ওই সময়ে নিউ ইয়র্ক থেকে এদিকে অতলান্তিক পার হয়ে লন্ডন, অ্যামস্টার্ডাম, বার্সিলোনা, মাদ্রিদ যাওয়া যায়।
কিন্তু আমরা এখন যাচ্ছি পশ্চিমে প্রশান্ত মহাসাগর পাড়ি দিতে। মাঝখানে ইও জিমাতে আন্তর্জাতিক ডেটলাইন পেরিয়ে যাবো। অর্থাৎ ইও জিমার পূর্বে যখন আজ, পশ্চিমে তখন গতকাল। সেই অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ’এ ফিলিয়াস ফগের অভিজ্ঞতা মনে আছে তো? আর একটু হলেই বাজি হারতে হতো ভদ্রলোককে।
এয়ারপোর্টে দীর্ঘ অপেক্ষা। অনেক রাতে ইভিএ এয়ারলাইন্সের প্লেন ছাড়ল। প্রথমে ১২–১৩ ঘণ্টা উড়ান তাইওয়ানের তাইপে বিমানবন্দরে। সেখান থেকে আরও তিন ঘণ্টায় টোকিও।
টোকিওতে নেমেই অপ্রত্যাশিত অভিজ্ঞতা। ইমিগ্রেশনের দীর্ঘ লাইন আর প্রচণ্ড ভিড়। তার সঙ্গে স্ট্রেস। এত দূরের যাত্রার পরে এর জন্যে একেবারেই প্রস্তুত ছিলাম না। সব সেরে বেরোলাম দুপুর একটা নাগাদ। কিন্তু ট্রিপ টু গো কোম্পানির বাস বিকেল চারটের আগে পাওয়া যাবে না। তাদের দোষ দিয়ে লাভ নেই। মাত্র কয়েকজন যাত্রী পৌঁছেছেন বলেই তো আর গোটা বাসের ব্যবস্থা করা যায় না।
আমি আর আমার স্ত্রী মুক্তি ঠিক করলাম, নিজেরাই ট্রেনে করে হোটেলে চলে যাব। সম্পূর্ণ অজানা শহর। অজানা, অচেনা দেশ। ভাষাও একেবারেই বুঝি না। একজন জাপানি মহিলা গাইড আইকো অত্যন্ত যত্ন করে বুঝিয়ে দিলেন কীভাবে কোন ট্রেন নিতে হবে। সঙ্গে প্রধান ট্যুর গাইড গ্যারি। দু’জনেরই ইংরেজি নির্ভুল।
চল্লিশ মিনিট জাপান রেলের ট্রেন ধরে পৌঁছে গেলাম নিপ্পোরি এলাকায়। স্টেশন থেকে নেমে অবশ্য একটু অসুবিধে হচ্ছিল। কোনদিকে যাব? ফোনের গুগল ম্যাপের ওপর সম্পূর্ণ ভরসা করতে পারছিলাম না। এমন সময়ে দেখা পেলাম এক বাংলাদেশী অর্ধ–হিজাবিত মহিলার। তিনি শুধু রাস্তা বলে দিলেন না, আমাদের সঙ্গে হেঁটে পাঁচ মিনিটের পথ পেরিয়ে পৌঁছে দিলেন আর্ট হোটেলে। অচেনা দেশে এমন সাহায্য পেলে মন ভালো হয়ে যায়।

টোকিওর রাস্তায় জানজট (বাঁদিকে), সেনসো-জি বৌদ্ধ মন্দিরের সামনে লেখক (ডানদিকে)
তাঁরা এখানেই থাকেন। পরে দেখলাম, জাপানের অসংখ্য সেভেন–ইলেভেন পাড়ার ডিপার্টমেন্টাল স্টোরে সামান্য কাজগুলি করেন অসংখ্য বাংলাদেশী পুরুষ ও নারী। ঠিক আমাদের সেই ইতালি, রোম আর স্পেন ভ্রমণের মতোই অভিজ্ঞতা। তাঁরা গড়গড় করে জাপানী বলেন।
আর্ট হোটেল — চমৎকার হোটেল। কিন্তু জাপান যে কতটা পরিষ্কার–পরিচ্ছন্ন, তার প্রথম প্রমাণ পেয়েছি এইটুকু সময়ের মধ্যেই। রেলস্টেশনে লক্ষ মানুষের ভিড়, অথচ সব স্পিক অ্যান্ড স্প্যান, তকতকে। হোটেল তো অবশ্যই। এত দীর্ঘ যাত্রার পরে আমরা অত্যন্ত ক্লান্ত। স্নান, তারপর ঘুম। পরের দিন সকাল থেকে শুরু হবে জাপান দর্শন।
বৃষ্টিভেজা টোকিও আর মেইজি জিঙ্গু
৩০ অক্টোবর। বৃষ্টিভেজা দিন। তার মধ্যেই আমাদের জনা পনেরো–কুড়ির দল আর্ট হোটেলের বিলাসবহুল প্রাতরাশ সেরে সকালবেলাতেই বাস ধরে বেরিয়ে পড়লাম শহর পরিক্রমায়।
জাপানের দুই প্রধান ধর্মবিশ্বাস বৌদ্ধধর্ম আর শিন্টো। শিন্টো হলো জাপানের নিজস্ব প্রাচীন, প্রকৃতিভিত্তিক ধর্ম। “শিন্টো” শব্দটির অর্থ দেব–দেবীর পথ। যিশুখ্রিস্ট, গৌতম বুদ্ধ বা হজরত মহম্মদের মতো কোনও একক ধর্মীয় প্রবক্তা, নির্দিষ্ট একটি পবিত্র গ্রন্থ কিংবা কঠোর নিয়মের ওপর ভিত্তি করে এটি গড়ে ওঠেনি। শিন্টোধর্মীয়রা প্রধানতঃ প্রকৃতিকেই ঈশ্বর বলে মানেন। বলতে গেলে, আধুনিকতার দিক থেকে অনেক এগিয়ে তাঁরা — এই আমার বিশ্বাস।
আমরা গেলাম মেইজি জিঙ্গু মন্দিরে। জাপানের দীর্ঘ শোগুন শাসন এবং সামন্ততান্ত্রিক ক্ষমতার লড়াইয়ের পরে মেইজি যুগে দেশটির রাজনৈতিক ঐক্য ও আধুনিকীকরণের এক নতুন অধ্যায় শুরু হয়। সম্রাট মেইজি ও সম্রাজ্ঞী শোকেনের স্মৃতিতে এই শিন্টো মন্দির।
শান্তিপূর্ণ পরিবেশ। বিশাল কাঠের প্রবেশদ্বার, সবুজ গাছের সারি, অতি পরিচ্ছন্ন পথ। মন্দিরের চত্বরও বিশাল। ভিড় আছে, অথচ কোনও হুড়োহুড়ি নেই।
সেখানে কয়েকজন জাপানি শ্রমিককে কাজ করতে দেখলাম। তাঁদের ছবি না তুলে পারলাম না। যে কোনও দেশে বেড়াতে গেলে সাধারণ শ্রমজীবী মানুষদের কথা আমার মনে পড়ে। এঁদের বাদ দিয়ে আমার যে কোনও ট্রাভেলগ অসম্পূর্ণ থাকবে। জাপানের সৌন্দর্য আর পরিচ্ছন্নতার পিছনেও তো এই মানুষগুলির শ্রম রয়েছে।
শিবুইয়া ক্রসিং আর মাছের বাজার
সেখান থেকে দুপুরবেলায় টোকিওর জনবহুল শিবুইয়া ক্রসিং। হাজার হাজার মানুষ কর্মস্থলে যাচ্ছেন, আসছেন। কিন্তু কোনও গোলমাল নেই, বিশৃঙ্খলা নেই। মনে হয় যেন নির্বাক চলচ্চিত্র। রাস্তা পার হওয়ার জন্যে শত শত মানুষ অপেক্ষা করছেন, সিগন্যাল বদলালে একসঙ্গে এগিয়ে যাচ্ছেন।
আমরা যারা কলকাতা, ঢাকা বা দিল্লি–মুম্বইতে বড় হয়েছি, আমাদের কাছে এই পরিচ্ছন্নতা আর ডিসিপ্লিন অবিশ্বাস্য। রাস্তায় একটা প্লাস্টিকের টুকরো পর্যন্ত পড়ে নেই। থুতু ফেলা, রাস্তার কুকুর, বা আরও অনেক কিছু যা লেখা যায় না—তা তো নেইই।
কাছেই সুকিজির সি–ফুড আর মাছের বাজার। এমনকি সেখানেও নেই কোনও অপরিচ্ছন্নতা, নেই মাছের বাজারের চেনা গন্ধ। এরা কি মাছের বাজার কাকে বলে, জানে না?

হাকোনির পথে জাহাজে
হ্যালোউইনের দিন সেনসো–জি
৩১ অক্টোবর হ্যালোউইনের দিন। জাপানেও হ্যালোউইন যে এত জনপ্রিয়, জানা ছিল না। সেদিন আমরা গেলাম সেনসো–জি বৌদ্ধ মন্দিরে। হাজার হাজার মানুষ। পৃথিবীর নানা দেশ থেকে আসা পর্যটক। আবার জাপানের নানা এলাকা থেকে আসা মানুষের ভিড়।
বিশাল লাল মন্দির, উঁচু প্যাগোডা, চারপাশে নানা রকম খাবারের দোকান। সবাই ঘুরছেন, ছবি তুলছেন, কেনাকাটা করছেন। কিন্তু সেই একই ব্যাপার—কোনও ঝগড়াঝাঁটি নেই, ঠেলাঠেলি নেই। খবরের কাগজের ঠোঙা, শালপাতা ছড়িয়ে নেই।
মানুষের মন শান্ত। কেন শান্ত? এ নিয়ে পরে আলোচনা করা যাবে।
ফুজিসান: মেঘের আড়াল থেকে রাজকীয় আবির্ভাব
পরের দিন, অর্থাৎ ১ নভেম্বর দল বেঁধে রওনা দিলাম ফুজিয়ামা দর্শনের অভিলাষে। প্রথমে বাস, তারপর লেক আশিনোকোতে জাহাজ, এবং শেষে রোপওয়েতে চড়ে পাহাড়ের কাছে হাকোনি। হ্রদের জলে পাহাড়ের ছায়া, চারদিকে সবুজ বন। পর্যটকবাহী রঙিন জাহাজ দেখে মনে হয় যেন পুরনো দিনের কোনও পালতোলা জাহাজ।
রোপওয়ে ক্রমশ উপরে উঠছে। নীচে জঙ্গল, দূরে পাহাড়। তারপর পৌঁছলাম আগ্নেয় অঞ্চলে। সালফার স্প্রিংয়ের গন্ধ আর নীচের থেকে অবিরাম উঠে আসা ধোঁয়া। সেই উত্তাপে ফুটিয়ে নেওয়া হাকোনির বিখ্যাত ব্ল্যাক এগ—কালো রঙের ডিম।
কিন্তু আসল নায়ক ফুজিসান মেঘের আড়ালে মুখ ঢেকেই রইলেন। এতদূর এসে তাঁর দেখা পাওয়া যাবে না?
ট্যুর গাইড গ্যারি কিন্তু ছাড়বার পাত্র নয়। সে ড্রাইভারের সঙ্গে জাপানি ভাষায় কী সব পরামর্শ করে আমাদের নিয়ে গেল অন্য এক জায়গায়, আর এক হ্রদের ধারে। সেখানে শৈশব থেকে গল্প শোনা মাউন্ট ফুজির দর্শন মিলল। মাথায় বরফ, পাহাড়ের গায়ে মেঘ আর বিকেলের আলো। রাজকীয় তাঁর রূপ।
অবশেষে হ্রদের ওপারে দেখা মিলল ফুজিসানের। সে এক স্বর্গীয় দৃশ্য। কত গল্প শুনেছি এই ফুজিয়ামা পর্বতের। আজ চক্ষু সার্থক হলো।
ফেরার সময়ে কিন্তু রাস্তায় লম্বা ট্র্যাফিক জ্যাম। যদিও কোনও গালাগালি, ধাক্কাধাক্কি, মারামারি নেই। কিন্তু অনেক দেরী হলো হোটেলে ফিরতে। আগামীকাল টোকিও ছেড়ে কিয়োটোর পথে যাত্রা।
(ক্রমশ)
সমস্ত আলোকচিত্র: লেখক
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google

