Japan Travel 2: কিয়োটো কিন্তু টোকিও নয়

Japan travel 2কিয়োটোর বিখ্যাত কিনকাকু-জি বা সোনার মন্দির অথবা গোল্ডেন প্যাভেলিয়ন

ডঃ পার্থ বন্দ্যোপাধ্যায়, নিউ ইয়র্ক: নামের মধ্যে যদিও আশ্চর্য মিল—টোকিও এবং কিয়োটো—দুটো শহরের চরিত্র কিন্তু একেবারেই আলাদা (Japan Travel 2)। পরের দিন টোকিও স্টেশন থেকে শিনকানসেন বুলেট ট্রেন ধরে জাপানের প্রাচীন রাজধানী কিয়োটো। এখানে দুটো দিন হোটেলে থাকা হবে। কিন্তু সঙ্গে কোনও গাইড থাকবে না। আমরা যাকে বলে “on our own”।

বুলেট ট্রেন দুর্বার গতিতে প্রায় দু ঘণ্টায় পৌঁছে দিল কিয়োটো স্টেশনে। ট্রেনের জানালা থেকে ফুজিসান আরও খানিকক্ষণ দর্শন দিয়ে মন ভরিয়ে দিলেন। তবে বুলেট ট্রেনের গতি ঘণ্টায় মাত্র ২৫০ কিলোমিটার। হাহা। এ আর এমন কী?


শোনো, রোম থেকে নেপলস গিয়েছিলাম আমি আর মুক্তি বুলেট ট্রেনে। ৩৫০ কিলোমিটার ছিল তার গতি। তবে হ্যাঁ, পরিচ্ছন্নতা, ডিসিপ্লিন, সময়ানুবর্তিতা—জাপানের সঙ্গে টেক্কা দেবে, এমন সাধ্য বোধহয় কারও নেই।

আইসল্যান্ড আর ডেনমার্কে গিয়ে মিলিয়ে দেখার ইচ্ছে থাকল। দেখব, কে আসল চ্যাম্পিয়ন!

টোকিও থেকে কিয়োটো বুলেট ট্রেনের ভাড়া একপিঠেই ১৪, ১৭০ জাপানী ইয়েন। অর্থাৎ আমাদের জন্যে মোটামুটি ৮৮ ডলার। জাপানীদের জন্যে কিছুটা মহার্ঘ্য। এখানে জিনিসপত্রের দাম আমেরিকার তুলনায় অনেক কম।

ঘণ্টায় ২৫০ কিলোমিটার গতিতে ছুটে শিনকানসেন বুলেট ট্রেন দু’ঘণ্টায় ইয়োকোহামা ছুঁয়ে আমাদের কিয়োটো পৌঁছে দিল। ট্রেনের জানালা দিয়ে ঝকঝকে এক সকালে মিনিট দশেকের জন্যে দেখা দিলেন ফুজি-সান। জাপানের সেই বিখ্যাত ফুজি পর্বত। যেন আমাদের জন্যেই একটু মুখ দেখিয়ে গেলেন।

তবে শিনকানসেন বুলেট ট্রেন সম্পর্কে যে স্বপ্ন দেখেছিলাম, তা কিন্তু পুরোপুরি সত্যি হল না।

টোকিও স্টেশন যথারীতি ঝকঝকে তকতকে—বাকি জাপানের মতোই। হাওড়া, শিয়ালদহ কিংবা সোনারপুর, পুরী, বেনারসের স্টেশনের বিশৃঙ্খলা, পরিবেশদূষণ, ভিড়, ঠেলাঠেলি আর ধাক্কাধাক্কি দেখে আমরা যারা জীবন কাটিয়েছি, তাদের কাছে এ যেন স্বর্গের মতো সুন্দর।

কিন্তু ট্রেনের ভিতরে ঢুকে কেমন যেন একটু ভারতেরই কোনও দ্রুতগামী ট্রেনের চেহারা মনে হল। তাছাড়া, রোম থেকে নেপলস যাওয়ার পথে যে বুলেট ট্রেনে চড়েছিলাম, তার গতিবেগ ছিল ঘণ্টায় ৩০০ কিলোমিটার। এখানে মাত্র ২৫০!

যাই হোক। আমরা যারা বাল্যকাল থেকে টোকিও, কিয়োটো, ইয়োকোহামা, নাগাসাকি, হিরোশিমা, ওসাকা—এইসব নাম শুনে বড় হয়েছি, আর মনে মনে কত স্বপ্নের মায়াজাল রচনা করেছি, আমাদের কাছে ওই ইয়োকোহামা স্টেশন ছুঁয়ে যাওয়া, যাত্রীদের ওঠানামা দেখাটুকুই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।

ঈশ্বর এই সুযোগটাও করে দিলেন এই জীবনেই।

কিয়োটো স্টেশন অতি বিশাল এবং অতি ব্যস্ত। স্টেশনের একদিকে দূরপাল্লার ট্রেন, অন্যদিকে লোকাল ট্রেনের যাত্রীদের সুশৃঙ্খল ভিড়। লক্ষাধিক মানুষের আনাগোনা, অথচ একটা চিৎকার নেই, গোলমাল নেই। আবর্জনা নেই, প্লাস্টিকের ঠোঙা নেই, থুতু বা পানের দাগ নেই, বেওয়ারিশ কুকুর নেই। কিচ্ছু নেই।

যেন মেশিনের মতো মানুষের স্রোত চলেছে যে যার গন্তব্যের উদ্দেশে।

Japan Travel 1

কিয়োটো স্টেশনের বিশাল অভ্যন্তর। ব্যস্ততার মধ্যেও সুশৃঙ্খল জনজীবন।

স্টেশনের আর একদিকে বিশাল শপিং মল। আমাদের টুর গাইড গ্যারি আগেই বলে দিয়েছিল, আমরা পারলে যেন ওই দিকটা নিজেরা একটু ঘুরে দেখি। সেদিকে আছে আকাশছোঁয়া ১০-১২ তলা এসক্যালেটর। সে এক দেখবার মতো জিনিস!

আমরা দু’জনে হোটেলে জিনিসপত্র রেখে সন্ধ্যেবেলা একবার ঘুরে এলাম সেখানে। লেভেলে লেভেলে আলাদা আলাদা ডিপার্টমেন্ট। আবার কয়েকতলা জুড়ে বিশাল খোলা সিঁড়ি। তার একদিকে এসক্যালেটর উঠে গেছে যেন স্বর্গের দিকে।

আর সেই খোলা সিঁড়ি? সে তো ইয়ং ছেলেমেয়েদের মুক্তমঞ্চ!

সেখানে তখন কী একটা রক ব্যান্ডের গান শুরু হয়েছে। এখানেও সেই একই ব্যাপার—কয়েক হাজার ছেলেমেয়ে বসে আছে, গানের সঙ্গে হাততালি দিচ্ছে, আনন্দ করছে। অথচ কোনও গোলমাল নেই, অসভ্যতা নেই।

ছেলে আর মেয়েরা একসঙ্গেই আছে। পুরুষ ও মহিলার মাঝখানে কোনও দড়ির লাইন টানা নেই।

কিয়োটো প্রাচীন জাপানের রাজধানী। এখানে পুরোনো ইম্পিরিয়াল প্যালেস, প্রাচীন শিন্টো শ্রাইন, বৌদ্ধ মন্দির, প্যাগোডা—সবই আছে।

Japan travel 2

কিয়োটোর ঐতিহাসিক ইয়াসাকা শিন্টো মন্দিরের প্রবেশদ্বার। সামনে প্ল্যাকার্ড হাতে নাগরিকদের সমাবেশ।

কিন্তু শহরটা কেমন যেন একটু উনিশ শতকের শহরের মতো। টোকিওর রাস্তাঘাট, বাড়িঘরের আধুনিকতা এখানে অনেকটাই অনুপস্থিত। তার বদলে যেন পুরোনো জাপানের একটা অন্যরকম চেহারা।

তার ওপর পরের দিন শুরু হল বৃষ্টি। সারাদিন ধরে বৃষ্টি চলল।

তার মধ্যেই আমরা হপ-অন হপ-অফ বাসে করে ঘুরে এলাম কিয়োটো শহরের কিছু অংশ। বিশেষ করে একটা বিশাল বাজার। অনেকটা আমাদের বেনারসের বিশ্বনাথের গলির মতো। কিংবা ধরা যাক আগেকার দিনের নিউ মার্কেটের মতো—যখন নিউ মার্কেটে বেওয়ারিশ কুকুর ঘুরে বেড়াত না।

প্রায় মাইলখানেক লম্বা এক ছাদের তলায় অসংখ্য দোকান। খেলনা থেকে খাবার, জামাকাপড় থেকে অ্যান্টিক—কী নেই সেখানে!

সে এক অদ্ভুত অভিজ্ঞতা।

Japan Travel 2

প্রাচীন ঐতিহ্য আর আধুনিক জীবনের মেলবন্ধন। কিয়োটোর শিজো-দোরির এক গলিতে কিমোনো পরা দুই তরুণী।

বৃষ্টিতে সারাদিন ভিজে আর খোলা ছাদের রেড লাইন বাসে ঘুরে ঘুরে পরের দিন আমরা ক্লান্ত, বিধ্বস্ত। গ্যারিবাবুও কিয়োটোতে গা ঢাকা দিয়েছেন—সূর্যের মতোই!

ডাউনটাউনের দোকানবাজারের বিশাল এলাকা শিজো-দোরি একটু ট্যাক্সি করে দেখে এলাম। দু’মাইল পথ— ১২০০ ইয়েন, অর্থাৎ প্রায় সাড়ে আট মার্কিন ডলার। ফেরার সময়েও তাই।

তাড়াতাড়ি হোটেলে ফিরে এসে বাকি সন্ধ্যেটা বিশ্রাম। পরের দিন বাসে করে যাওয়া হবে ওসাকা। শরীর ভালো রাখতেই হবে।

বিদায়, কিয়োটো। তুমি জাপানি ছাড়া অন্য কোনও ভাষা বলতে পারো না। তাই তোমার সঙ্গে জমিয়ে আলাপ তেমন হল না।

(ক্রমশ)

সমস্ত আলোকচিত্র: লেখক

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google