Cyclone Akvan: আতঙ্কে পুরী! ১৯ থেকে ২২ নভেম্বর পর্যটকদের যেতে নিষেধ প্রশাসনের, বন্ধ সমুদ্রসৈকতে প্রবেশ

ঘূর্ণিঝড় ‘আকভান’ (Cyclone Akvan)-এর আশঙ্কায় কার্যত সতর্কতার চাদরে মুড়ে ফেলা হয়েছে ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিকে। বিশেষ করে পর্যটনকেন্দ্র পুরীকে ঘিরে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ১৯ থেকে ২২ নভেম্বর পর্যন্ত পর্যটকদের পুরী ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন। যাঁদের এই সময় পুরী যাওয়ার পরিকল্পনা রয়েছে, তাঁদের আপাতত সফর পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে।

সমুদ্র ক্রমশ উত্তাল হয়ে ওঠায় পুরীর একাধিক সমুদ্রসৈকতে পর্যটকদের প্রবেশ, সমুদ্রে স্নান এবং জলক্রীড়ার মতো বিনোদনমূলক কার্যকলাপ বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের নির্দেশ অমান্য করে সমুদ্রসৈকতে যাওয়া বা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে আইনি পদক্ষেপেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে।


ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ১৯ নভেম্বরের সকালের বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২০ নভেম্বর দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যবর্তী নরসাপুর ও পুরীর মধ্যবর্তী অঞ্চলে স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি। সেই সময় ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ করেছে পুরী জেলা প্রশাসন। জেনে নেওয়া যাক কী রয়েছে তালিকায়-

১) ১৯ থেকে ২২ নভেম্বর পর্যন্ত পর্যটকদের পুরী ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

২) পুরী সমুদ্রসৈকত, চন্দ্রভাগা, অস্তরঙ্গ এবং বালিহরচণ্ডী সৈকতে পর্যটকদের প্রবেশ ও সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

৩) সমুদ্র উত্তাল থাকায় নৌকাবিহার এবং অন্যান্য জলভিত্তিক পর্যটন কার্যকলাপ বন্ধ রাখা হয়েছে।

৪) চিলিকা হ্রদেও নৌকাবিহার-সহ জলভিত্তিক পর্যটন পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

৫) সমুদ্রের কাছাকাছি এলাকায় লাল পতাকা লাগিয়ে পর্যটকদের সতর্ক করা হচ্ছে।

৬) উপকূলবর্তী এলাকায় জরুরি পরিষেবা এবং উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়েছে।

প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।

পাশাপাশি জগন্নাথ মন্দির দর্শনেও একাধিক বিধিনিষেধ রয়েছে। ১৯, ২০ ও ২১ নভেম্বর গুন্ডিচা মন্দিরে দর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দির সংলগ্ন সারধাবালি এলাকাতেও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া কার্তিক মাসে পুরীতে আসা পূন্যার্থীদের জগন্নাথ দর্শনও এই তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় পুরী জেলা প্রশাসন ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে। উপকূলবর্তী এলাকার বিডিও এবং তহসিলদারদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকারি কর্মীদের ছুটিও ২১ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে।

স্থানীয় হকার ও ব্যবসায়ীদেরও তাঁদের জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকায় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের মোতায়েন করা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার অবনতি হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যে কারণে পুরীর পাশাপাশি দীঘা, মন্দারমণিসহ সব সমুদ্র সৈকতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পর্যটকদের সাবধান থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google