হাতে স্মার্টফোন, চোখের সামনে পুরো দুনিয়া সঙ্গে বাড়তি পাওনা একাকিত্ব (Social Media & Loneliness)। মুহূর্তের মধ্যে বিশ্বের যে কোনও প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কিংবা ইউটিউব—ডিজিটাল দুনিয়ায় প্রতিদিনই বাড়ছে মানুষের আনাগোনা। ভার্চুয়াল জগতে বন্ধুদের সংখ্যা কয়েকশো, এমনকী কয়েক হাজারও। কিন্তু এত যোগাযোগের মাঝেও কি মানুষ ক্রমশ একা হয়ে পড়ছে? নতুন এক আন্তর্জাতিক সমীক্ষা সেই প্রশ্নই তুলে দিল। সমীক্ষার ইঙ্গিত, ডিজিটাল দুনিয়ার সঙ্গে অতিরিক্ত সংযুক্তি সবসময় মানসিক সুস্থতা বাড়ায় না। বরং অতিরিক্ত ডিজিটাল নির্ভরতা তরুণ প্রজন্মের মধ্যে একাকিত্ব, উদ্বেগ ও অবসাদের প্রবণতা বাড়াতে পারে।
সম্প্রতি আন্তর্জাতিক সমীক্ষা সংস্থা গ্যালাপ (Gallup) এবং বোস্টন চিলড্রেনস ডিজিটাল ওয়েলনেস ল্যাবের যৌথ উদ্যোগে এই সমীক্ষা চালানো হয়েছে। ১৫ থেকে ২২ বছর বয়সি প্রায় ১৬ হাজার তরুণ-তরুণীর উপর সমীক্ষাটি করা হয়। ২০২৬ সালের ২৮ মে থেকে ২১ অগস্ট পর্যন্ত ১৬টি দেশের তরুণদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছিল।
সমীক্ষার মূল লক্ষ্য ছিল, ডিজিটাল প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার সঙ্গে তরুণ প্রজন্মের সম্পর্ক তাঁদের জীবনযাত্রা, মানসিক স্বাস্থ্য এবং সামগ্রিক ভালো থাকার অনুভূতিকে কীভাবে প্রভাবিত করছে, তা বোঝা। আর সেখানেই দেখা গিয়েছে স্ক্রলিংয়ের নেশা এমন পর্যায়ে পৌঁছেছে যাতে কমছে জীবনের প্রতি সন্তুষ্টি। কেউ কোনও কিছুতেই সন্তুষ্ট নয়।
সমীক্ষায় উঠে এসেছে, অংশগ্রহণকারীদের প্রায় ৭২ শতাংশ নিয়মিত স্বল্প দৈর্ঘ্যের ভিডিও বা শর্ট ফর্ম ভিডিও দেখেন। অর্থাৎ ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টসের মতো কনটেন্ট এখন তরুণদের অনলাইন জীবনের অন্যতম বড় অংশ।
কিন্তু এই অভ্যাসের সঙ্গে জড়িয়ে রয়েছে উদ্বেগজনক কিছু তথ্য। গ্যালাপের বিশ্লেষণ অনুযায়ী, অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নেওয়ার পরেও নিয়মিত শর্ট ভিডিও স্ক্রল করার সঙ্গে জীবনের প্রতি কম সন্তুষ্টির সম্পর্ক পাওয়া গিয়েছে। তবে দীর্ঘ দৈর্ঘ্যের ভিডিও দেখার ক্ষেত্রে একই ধরনের সমস্যা দেখা যায়নি। অর্থাৎ শুধু অনলাইনে সময় কাটানোই একমাত্র সমস্যা নয়। বরং কী ধরনের কনটেন্ট দেখা হচ্ছে এবং কীভাবে তা ব্যবহার করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ।
সমীক্ষায় আরও দেখা গিয়েছে, যাঁরা অত্যন্ত বেশি সময় ধরে শর্ট ভিডিও স্ক্রল করেন, তাঁদের মধ্যে ডিজিটাল নির্ভরতার প্রবণতা বেশি। যাঁরা খুব ঘন ঘন এই ধরনের ভিডিও দেখেন, তাঁদের ১৪ শতাংশের মধ্যে অত্যন্ত বেশি ডিজিটাল নির্ভরতা দেখা গিয়েছে। অন্যদিকে, যাঁরা কখনও বা খুব কম এই ধরনের ভিডিও দেখেন, তাঁদের ক্ষেত্রে এই হার মাত্র ৪ শতাংশ।
দেখা গিয়েছে ডিজিটাল নির্ভরতা যত বেশি, একাকিত্বও তত বেশি! সমীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ডিজিটাল নির্ভরতা এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক। এই সম্পর্ক বোঝার জন্য গ্যালাপ তিনটি বিষয়কে গুরুত্ব দিয়েছে। এক, প্রতিদিন সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজিটাল প্ল্যাটফর্মে কতটা সময় কাটানো হচ্ছে। দুই, রাতে বিছানায় শুয়েও কত ঘন ঘন অনলাইনে সময় কাটানো হচ্ছে। তিন, স্মার্টফোন কাছে না থাকলে বা ফোন ব্যবহার করতে না পারলে নিজেকে কতটা অসহায় লাগছে কিংবা অস্বস্তি হচ্ছে।
এই তিনটি বিষয় মিলিয়ে তৈরি করা হয়েছে ডিজিটাল অ্যাটাচমেন্ট ইনডেক্স। সমীক্ষার পরিসংখ্যান বলছে, ডিজিটাল নির্ভরতা যত বেড়েছে, ততই বেড়েছে একাকিত্ব এবং উদ্বেগ-অবসাদের উপসর্গ। হিসেব বলছে—
যাদের ডিজিটাল নির্ভরতা কম তাঁদের একাকিত্বের অনুভূতি ২০% এবং উদ্বেগ বা অবসাদের উপসর্গ ২৩%।যাদের ডিজিটাল নির্ভরতা মাঝারি তাঁদের একাকিত্বের অনুভূতি ৩০% এবং উদ্বেগ বা অবসাদের উপসর্গ ৩৫%। যদের ডিজিটাল নির্ভরতা বেশি তাঁদের একাকিত্বের অনুভূতি ৪০% এবং উদ্বেগ বা অবসাদের উপসর্গ ৪৬%। যদের ডিজিটাল নির্ভরতা অত্যন্ত বেশি তাঁদের একাকিত্বের অনুভূতি ৪২% এবং উদ্বেগ বা অবসাদের উপসর্গ ৫১%।
সমীক্ষায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তরুণদের একটা বড় অংশ মনে করেন, বন্ধুদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে এবং কোনও কিছু থেকে বাদ পড়ে যাওয়ার ভয় এড়াতে তাঁদের সবসময় অনলাইনে থাকতে হয়। এই মানসিক চাপও ডিজিটাল নির্ভরতা বাড়াতে পারে।
তবে একটা প্রশ্ন উঠে আসছে, ডিজিটাল বন্ধুত্ব কি বাস্তব জীবনের বন্ধুত্বের বিকল্প হতে পারে? গ্যালাপের সমীক্ষা অনুযায়ী, অংশগ্রহণকারীদের ৯৩ শতাংশের অন্তত একজন ঘনিষ্ঠ বন্ধু রয়েছেন, যাঁর সঙ্গে তাঁরা সামনাসামনি দেখা করেন। অথচ মাত্র ৩৭ শতাংশের এমন ঘনিষ্ঠ বন্ধু রয়েছেন, যাঁর সঙ্গে তাঁদের সম্পর্ক শুধুমাত্র অনলাইনে।
বন্ধুত্বের গুণগত মানের ক্ষেত্রেও পার্থক্য দেখা গিয়েছে। ৪১ শতাংশ অংশগ্রহণকারী তাঁদের সামনাসামনি বন্ধুত্বকে উচ্চমানের বলে মনে করেছেন। অনলাইননির্ভর বন্ধুত্বের ক্ষেত্রে এই হার মাত্র ২৬ শতাংশ।
সমীক্ষায় দেখা গিয়েছে, বাস্তব জীবনে মাঝারি বা উচ্চমানের বন্ধুত্ব থাকা তরুণদের মধ্যে জীবনের প্রতি সন্তুষ্টির প্রবণতা বেশি। কিন্তু শুধুমাত্র অনলাইন বন্ধুত্বের ক্ষেত্রে একই ধরনের ইতিবাচক প্রভাব পাওয়া যায়নি। বরং শুধু অনলাইননির্ভর বন্ধুত্ব থাকা ব্যক্তিদের মধ্যে একাকিত্ব, উদ্বেগ এবং অবসাদের উপসর্গ বেশি লক্ষ্য করা গিয়েছে।
তবে এর অর্থ এই নয় যে অনলাইন বন্ধুত্ব খারাপ কিংবা ভার্চুয়াল মাধ্যমে তৈরি হওয়া সম্পর্কের কোনও মূল্য নেই। বরং গবেষণার ইঙ্গিত, অনলাইন যোগাযোগ বাস্তব জীবনের আন্তরিক সম্পর্কের সম্পূর্ণ বিকল্প হতে পারে না।
এই প্রশ্নের উত্তর কিন্তু একেবারে সরল নয়। সোশ্যাল মিডিয়ার ইতিবাচক দিকও রয়েছে।
২০২৫ সালের এপ্রিল মাসে আমেরিকার কিশোর-কিশোরীদের নিয়ে করা গ্যালাপের অন্য একটি সমীক্ষায় দেখা গিয়েছিল, ৭৪ শতাংশ কিশোর-কিশোরী মনে করেন, সোশ্যাল মিডিয়া তাঁদের বন্ধুদের সঙ্গে আরও বেশি সংযুক্ত থাকতে সাহায্য করে। প্রায় ৩০ শতাংশ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া তাঁদের বন্ধুত্বকে আরও মজবুত করেছে। অন্যদিকে, মাত্র ৭ শতাংশ মনে করেছেন, এটি তাঁদের বন্ধুত্বের ক্ষতি করেছে।
তবে একই সমীক্ষায় ৪৫ শতাংশ কিশোর-কিশোরী স্বীকার করেছিলেন, তাঁরা সোশ্যাল মিডিয়ায় প্রয়োজনের তুলনায় বেশি সময় কাটান। ২০২২ সালে এই হার ছিল ৩৬ শতাংশ। অর্থাৎ, সোশ্যাল মিডিয়া একদিকে যেমন যোগাযোগের সুযোগ বাড়াচ্ছে, অন্যদিকে অতিরিক্ত ব্যবহারের কারণে তৈরি হচ্ছে নতুন সমস্যা।
তাহলে মানসিক সুস্থতার আসল চাবিকাঠি কোথায়? গ্যালাপের সমীক্ষায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তরুণদের জীবনের প্রতি সন্তুষ্টি নির্ধারণের ক্ষেত্রে ডিজিটাল জগতের বাইরের কিছু বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মধ্যে রয়েছে পরিবারের আর্থিক পরিস্থিতি, বাড়িতে নিরাপদ বোধ করা এবং বাবা-মা অথবা প্রধান অভিভাবকের সঙ্গে সম্পর্কের গুণগত মান। এই তিনটি বিষয়ের সম্মিলিত প্রভাব জীবনের প্রতি সন্তুষ্টির ক্ষেত্রে ০ থেকে ১০-এর স্কেলে ৩.৪ পয়েন্টের পার্থক্যের সঙ্গে যুক্ত বলে সমীক্ষায় দেখা গিয়েছে।
এছাড়াও সপ্তাহে অন্তত একবার কোনও দলগত বা সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং পরিবারের বাইরেও কোনও বিশ্বস্ত প্রাপ্তবয়স্ক মানুষের সঙ্গে সম্পর্ক থাকা তরুণদের মানসিক সুস্থতার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করে।
গবেষণার ফলাফল কিন্তু এমন কোনও পরামর্শ দিচ্ছে না যে তরুণ প্রজন্মকে ডিজিটাল দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। বরং প্রযুক্তির সঙ্গে সুস্থ সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। স্মার্টফোন, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দিনের পর দিন স্ক্রিনের সামনে সময় কাটানো, রাতেও ফোন ব্যবহার করা কিংবা অনলাইনে অন্যের জীবনযাত্রার সঙ্গে নিজের তুলনা করার অভ্যাস মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তাই ডিজিটাল যোগাযোগের পাশাপাশি পরিবার, বন্ধু এবং পরিচিত মানুষের সঙ্গে সরাসরি সময় কাটানোও জরুরি। ভার্চুয়াল জগতে হাজারো মানুষের সঙ্গে যোগাযোগ থাকলেও বাস্তব জীবনে অন্তত কয়েকজন মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক থাকা মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সবশেষে, এই সমীক্ষার সবচেয়ে বড় বার্তা হল, অনলাইনে কতজন বন্ধু রয়েছে, সেটাই জীবনের সুখ বা মানসিক সুস্থতার মাপকাঠি নয়। বরং কঠিন সময়ে পাশে দাঁড়ানোর মতো কতজন মানুষ বাস্তব জীবনে রয়েছেন, সেটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ।
