সুচরিতা সেন চৌধুরী: রাত পোহালেই আইএসএল ২০২৬-২৭-এর প্রথম কলকাতা ডার্বি (ISL 2026-27 Derby)। তার আগের দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে টানটান উত্তেজনার আবহ। যদিও প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে শান্ত যুযুধান দুই শিবির। লক্ষ্য অবশ্যই জয়, তবে ভিতরের উত্তেজনা বাইরে দেখাতে নারাজ কোচ, ফুটবলাররা। এদিন ইস্টবেঙ্গল শিবির থেকে কোচ হাবাসের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ডেভিড। সম্প্রতি তাঁর উপর ভরসা রাখছেন কোচ। যার জন্য তাঁকে ধন্যবাদ জানাতে ভুলবেন না ডেভিড।
শনিবার তাঁকে দিয়েই শুরু হল সাংবাদিক সম্মেলন। তাঁর উপর ভরসা রাখার জন্য তিনি বলেন, “প্রথমেই কোচ হাবাস এবং টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। ওঁরা আমাকে সুযোগ দিয়েছেন। দলের জন্য অবদান রাখতে পেরে আমি খুবই খুশি।”
তার সঙ্গে তিনি জুড়ে দেন, “আপনারা জানেন, এই মরসুমে আমি ভালো খেলছি। গত তিন-চারটি ম্যাচে আমরা কিছুটা দুর্ভাগ্যের শিকার হয়েছিলাম। তবে গত ম্যাচ থেকেই আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি এবং জয়ও পেয়েছি। এখন দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। আমরা সবসময় সুযোগকে গোলে পরিণত করতে পারছি না। কারণ, মাঝে মাঝে আমাদের কিছু ভুল হয়ে যাচ্ছে। তবে আগামীকালের ম্যাচে যদি আমরা দু-তিনটি গোলের সুযোগ পাই, তাহলে সেগুলো কাজে লাগিয়ে ম্যাচ জিততে হবে। আগামীকালের ম্যাচ নিয়ে আমি খুবই উত্তেজিত এবং আশাবাদী। আমরা কোচের পরিকল্পনা অনুযায়ী মাঠে নামব।”
কোচ হাবাস অবশ্য একসঙ্গে আইএসএল ও এএফসি খেলার ছাপকে আরও একবার মনে করিয়ে দিয়েছেন। তিনি বলছিলেন, “ম্যাচগুলোর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। কারণ, একদিন এএফসি-র ম্যাচ খেলতে হচ্ছে, আবার অন্যদিন আইএসএলের ম্যাচ। এটাই আমাদের কাছে বড় সমস্যা। খেলোয়াড়দের পক্ষে প্রতিটি প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় মানসিক প্রস্তুতি ও অনুপ্রেরণা ধরে রাখা বেশ কঠিন হয়ে পড়ছে।
তিনি আরও বলেন, “শুধু আমাদের দল নয়, সারা বিশ্বের ফুটবলেই এই সমস্যা দেখা যায়। জাতীয় দলের হয়ে খেলার পর ফুটবলাররা যখন ক্লাবে ফেরেন, তখন তাঁদের মানসিকভাবে নতুন করে প্রস্তুত করতে হয়। এছাড়া, অনুশীলনের জন্যও আমরা পর্যাপ্ত সময় পাচ্ছি না। দু’দিন অন্তর ম্যাচ খেলতে হচ্ছে। কখনও ভ্রমণ, কখনও ম্যাচ—এই ব্যস্ততার মধ্যে অনুশীলনের সুযোগ প্রায় নেই বললেই চলে।”
এর পাশাপাশি দলের দু’জন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার চোটের কারণে বাইরে রয়েছেন— আনোয়ার ও এডমুন্ড। দলের পরিকল্পনা এবং ভারতীয় ফুটবলের প্রেক্ষাপটেও এই দু’জনের গুরুত্ব অপরিসীম। তাঁদের না থাকাটা দলের জন্য বড় ধাক্কা। তার মধ্যে লিগ টেবলৈর শীর্ষে থেকে নামছে মোহনবাগান। সেখানে ইস্টবেঙ্গল রয়েছে সাত নম্বরে। খাতায় কলমে আন্ডারডগ হয়েই ডার্বি খেলতে নামছে হাবাসের দল। হাবাস অবশ্য মনে করিয়ে দিলেন, তাঁর দল দুটো ম্যাচ কম খেলেছেন।
হাবাস জানিয়েছেন, তাঁর কাছে তাঁর দলের প্রত্যেক ফুটবলারই বিশ্বের সেরা। তিনি বলেন, “ইন্টার কাশী হোক, মোহনবাগান হোক কিংবা ভ্যালেন্সিয়া—আমি সবসময় আমার খেলোয়াড়দের এই আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করি। প্রতিদিনের অনুশীলনে এবং তাঁদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে এই বিশ্বাস তৈরি করতে চাই। তবে শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করে খেলোয়াড়দের মানসিকতা ও আবেগের উপর।”
আইএসএলের ইতিহাসের দিকে তাকালে ডার্বির পরিসংখ্যান ইস্টবেঙ্গলের পক্ষে খুব একটা আশাব্যঞ্জক নয়। কিন্তু তাঁরা সেই পরিসংখ্যান বদলাতে চান। আগামীকালের ম্যাচেই সেই ছবিটা বদলে দেওয়াই এখন লক্ষ্য। তবে তিনি এও মনে করিয়েছেন, ফুটবলে পরিসংখ্যান শুধুই অতীতের হিসাব। মাঠে কী হবে, সেটা শেষ পর্যন্ত ৯০ মিনিটের খেলাতেই নির্ধারিত হয়।
তবে ডার্বির চাপ যে আলাদা সেটাও মেনে নিয়েছেন তিনি। বলছিলেন, “নিঃসন্দেহে ডার্বিতে চাপ অনেক বেশি থাকে। তবে আমাদের লক্ষ্য, সেই চাপ যেন ফুটবলারদের পারফরম্যান্সে কোনও প্রভাব না ফেলে। মাঠে নেমে খেলোয়াড়রা যেন নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আমার ফুটবলারদেরও একই কথা বলতে চাই। উদাহরণ হিসেবে গত ডুরান্ড কাপের ফাইনালের কথা বলা যায়। সেই ম্যাচের মতো মানসিকতা ও পারফরম্যান্সই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”
কলকাতা ডার্বির গুরুত্ব সমর্থকদের কাছে যে অনেক বেশি, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাঁদের আবেগ ও প্রত্যাশার জায়গাটা আলাদা। কিন্তু ফুটবলের দৃষ্টিকোণ থেকে দলকে বুদ্ধিমত্তার সঙ্গে একই পরিকল্পনা ও মানসিকতা নিয়ে এগোতে হবে বলেই মনে করছেন হাবাস। তিনি তাঁর মোহনবাগানের সময়ের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। যখন তাঁর কোচিংয়ে মোহনবাগান ছয়, সাত নম্বর থেকে উঠে এসে চ্যাম্পিয়ন হয়েছিল।
তিনি আরও একবার মনে করিয়েছেন, “চেন্নাইয়ে আমাদের একটি খারাপ ম্যাচ হয়েছিল। সেই ম্যাচে আমরা পাঁচটি গোল হজম করেছি, যদিও নিজেরা তিনটি গোল করেছিলাম। অর্থাৎ, ৫-৩ গোলে ম্যাচ হেরেছিলাম। কিন্তু একটি ম্যাচের ফল দিয়ে দলের ডিফেন্সকে বিচার করা ঠিক নয়। আমাদের সামগ্রিক রেকর্ডই বলে দেয়, রক্ষণভাগ কতটা ভালো পারফর্ম করছে। তাই শুধু ওই একটি ম্যাচের ভিত্তিতে আমাদের ডিফেন্সকে খারাপ বলা যায় না।”
আর এই আত্মবিশ্বাস নিয়েই রবিবাসরীয় ডার্বিতে নামতে চাইছে ইস্টবেঙ্গল।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
