India vs Uruguay ম্যাচের আগে‌ ফিরে এল ব্রাজিল প্রসঙ্গ, খালিদ, আকাশের চোখ অবশ্য উরুগুয়ে ম্যাচেই

সুচরিতা সেন চৌধুরী: ব্রাজিল ম্যাচ যেন অতীত হয়েও যাচ্ছে না। উরুগুয়ে (India vs Uruguay) ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে তাই ঘুরে ফিরে এল ব্রাজিল ম্যাচের কথা। সেখান থেকে শিক্ষা নিয়েই যে উরুগুয়ের বিরুদ্ধে নামতে নাম ভারতীয় ফুটবল দলের কোচ খালিদ জামিল তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে ব্রাজিলের থেকে কোনও অংশে উরুগুয়েকে পিছিয়ে রাখতেও নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে সোমবার খালিদ জামিলের সঙ্গে হাজির হয়েছিলেন প্লেয়ার আকাশ মিশ্রও। দু’জনেই জানালেন, নিজেদের উজার করে দেওয়ার কথা। এমন সুযোগ তো বার বার আসে না। দেখে নেওয়া যাক তাঁদের বক্তব্য –

কোচ খালিদ জামিল

প্রশ্ন: ব্রাজিলের কাছে ০-৪ হারের পর এত দ্রুত উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নামতে হচ্ছে। দলের মানসিক প্রস্তুতি কীভাবে হয়েছে?


খালিদ জামিল: খুব কম সময়ের মধ্যে আমাদের ম্যাচ খেলতে হচ্ছে। উরুগুয়ে অনেকটাই সময় পেয়েছে। ব্রাজিল ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ফলাফল আমাদের পক্ষে যায়নি, কিন্তু এই ধরনের ম্যাচ খেললে অভিজ্ঞতা বাড়ে। এখন ব্রাজিল নিয়ে আর ভাবার সময় নেই। উরুগুয়ে সম্পূর্ণ আলাদা দল এবং আমাদের নতুন করে পরিকল্পনা করতে হবে।

প্রশ্ন: ব্রাজিলের বিরুদ্ধে ভারতের প্রধান সমস্যা কোথায় ছিল?

খালিদ জামিল: কিছু ক্ষেত্রে আমাদের মনোসংযোগের অভাব ছিল এবং কিছু ভুলের জন্য আমরা শাস্তি পেয়েছি। বড় দলের বিরুদ্ধে ছোট ভুলও বড় হয়ে যায়। উরুগুয়ের বিরুদ্ধে আমাদের আরও সতর্ক এবং সংগঠিত থাকতে হবে।

প্রশ্ন: উরুগুয়ের বিরুদ্ধে কী ধরনের ফুটবল খেলতে চাইছেন?

খালিদ জামিল: আমরা শুধু রক্ষণ করে যেতে চাই না। সুযোগ পেলে আক্রমণেও উঠতে হবে। তবে প্রথম লক্ষ্য হবে দল হিসেবে সংগঠিত থাকা এবং ৯০ মিনিট মনোসংযোগ ধরে রাখা।

প্রশ্ন: উরুগুয়ের দলে ভালভার্দে, নুনেজের মতো তারকা ফুটবলার রয়েছেন। তাঁদের কীভাবে আটকাবেন?

খালিদ জামিল: ওদের কোচ ভারতীয় ফুটবল সম্পর্কে ওয়াকিবহাল।  ওদের মান খুব ভালো, সেটা আমরা জানি। কিন্তু শুধু একজন বা দু’জন ফুটবলারকে নিয়ে ভাবলে হবে না। পুরো দলকে একসঙ্গে খেলতে হবে। ব্যক্তিগতভাবে নয়, দলগতভাবে আমাদের ওদের মোকাবিলা করতে হবে।

প্রশ্ন: ব্রাজিল ম্যাচের পর কি একাদশে পরিবর্তন হতে পারে?

খালিদ জামিল: সেটা ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রত্যেক খেলোয়াড় প্রস্তুত রয়েছে। যারা সুযোগ পাবে, তাদের নিজেদের সেরাটা দিতে হবে।

প্রশ্ন: ব্রাজিলের বিরুদ্ধে হারের পর কি খেলোয়াড়দের আত্মবিশ্বাসে প্রভাব পড়েছে?

খালিদ জামিল: না, আমি তা মনে করি না। বড় দলের বিরুদ্ধে খেলা থেকেই আত্মবিশ্বাস এবং অভিজ্ঞতা তৈরি হয়। আমাদের আরও বেশি এই ধরনের ম্যাচ খেলতে হবে। যত বেশি খেলব, তত ভালো হওয়ার সুযোগ থাকবে।

প্রশ্ন: আপনি আগের দিন বলেছিলেন লিগ খেলার মধ্যে থাকলে ভালো হতো?

খালিদ জামিল: হ্যাঁ, সব সময়ই খেলার মধ্যে থাকলে বড় মঞ্চে পারফর্ম করার ক্ষেত্রে সুবিধা হয়। ম্যাচ প্র্যাকটিসটা কাজে লাগে। আইএসএল খেলার মধ্যে থাকলে ভালো হতো।


আকাশ মিশ্র

প্রশ্ন: ব্রাজিলের বিরুদ্ধে খেলার পর এবার উরুগুয়ে। একজন ফুটবলার হিসেবে এই অভিজ্ঞতাকে কীভাবে দেখছেন?

আকাশ মিশ্র: এই ম্যাচগুলো আমাদের জন্য বিরাট সুযোগ। আমরা ছোটবেলা থেকে এই দলের ফুটবলারদের টিভিতে দেখেছি। কিন্তু মাঠে নামার পর আবেগ সরিয়ে রেখে ৯০ মিনিট নিজেদের কাজ করতে হবে।

প্রশ্ন: উরুগুয়ের তারকা ফুটবলারদের বিরুদ্ধে খেলতে নামার সময় কি বাড়তি চাপ থাকবে?

আকাশ মিশ্র: চাপ থাকবেই। কিন্তু সেটাকে ইতিবাচকভাবে নিতে হবে। আমরা জানি ওদের মান কতটা উঁচু। আমাদের নিজেদের পরিকল্পনায় বিশ্বাস রাখতে হবে এবং একে অপরকে সাহায্য করতে হবে।

প্রশ্ন: ব্রাজিল ম্যাচ থেকে সবচেয়ে বড় শিক্ষা কী পেয়েছেন?

আকাশ মিশ্র: বড় দলের বিরুদ্ধে এক মুহূর্তের ভুলও বিপজ্জনক হতে পারে। তাই শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। উরুগুয়ের বিরুদ্ধে আমরা এই বিষয়টিতে আরও বেশি গুরুত্ব দেব।

প্রশ্ন: আপনারা কি উরুগুয়ের বিরুদ্ধে শুধু শেখার জন্য খেলবেন?

আকাশ মিশ্র: একেবারেই নয়। এটা আন্তর্জাতিক ম্যাচ—দেশ বনাম দেশ। আমরা শুধু শিখতে নামব না, লড়াই করতে নামব। নিজেদের সেরাটা দিতে হবে।

প্রশ্ন: ডিফেন্স হিসেবে উরুগুয়ের আক্রমণ সামলানোর পরিকল্পনা কী?

আকাশ মিশ্র: একা কেউ কাউকে আটকাতে পারে না। পুরো ডিফেন্সকে সংগঠিত থাকতে হবে এবং মিডফিল্ডার ও ফরোয়ার্ডদেরও আমাদের সাহায্য করতে হবে। দল হিসেবে ভালো ডিফেন্স করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রশ্ন: কোচ বলেছিলেন লিগ খেলার মধ্যে থাকলে দলের অনেক সুবিধে হতো, আপনি কী মনে করেন?

আকাশ মিশ্র: অনুশীলন আমরা করেছি কিন্তু ম্যাচ খেলার মধ্যে থাকলে সব সময়ই সুবিধা হয়।

প্রশ্ন: ব্যক্তিগতভাবে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ থেকে আপনার লক্ষ্য কী?

আকাশ মিশ্র: নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা। দলের জন্য যতটা সম্ভব ভালো খেলতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভারত যেন দল হিসেবে ভালো পারফর্ম করে।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google