Mohammed Shami: বিশ্বকাপের স্বপ্ন নিয়ে নতুন রান-আপের প্রস্তুতি সামির

মহম্মদ শামি

পথিক গুপ্ত: শুধু টেস্ট ক্রিকেট থেকেই কেন অবসর নিলেন মহম্মদ সামি (Mohammed Shami)। সোশ্যাল মিডিয়ায় নিজের অবসর বার্তায় তিনি লিখেছেন, ‘সাদা জার্সিকে পিছনে রেখে এলাম। এর সঙ্গে থাকা স্মৃতিগুলো কখনওই ভোলা যাবে না।’

কথা বলতে বলতে হাতে তুলে ধরলেন লাল বল, ২৭৯ নম্বর লেখা টেস্ট ক্যাপ। ভিডিয়ো বার্তায় সামি বললেন, ‘ ৬ নভেম্বর আজকের দিনে টেস্ট অভিষেক হয়েছিল। ১৩ বছর পরে আজকের দিনেই টেস্টকে বিদায় জানালাম।’ ইডেনে অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুই ইনিংসে ৪ ও ৫ উইকেট নিয়েছিলেন। স্বপ্নের অভিষেকের পরেও সেই ম্যাচের সেরার শিরোপা তাঁর জোটেনি। তবে সে দিনের ইডেনের স্মারক হিসেবে ম্যাচের একটি স্টাম্প নিয়ে গিয়েছিলেন সাউথ সিটি-লাগোয়া নিজের সেই সময়ের ফ্ল্যাটে।


তার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি একদা ময়দানে রাত কাটানো, বনগাঁ থেকে ডেলি প্যাসেঞ্জরি করে কলকাতায় প্রতিষ্ঠা পেতে আসা ডান হাতি পেসারকে। ঘটনাচক্রে টেস্ট থেকে বিদায়ের মুহূর্ত কিছুটা আবেগপ্রবণ হলেও এখনই থেমে যাচ্ছে না সামির স্বপ্ন। প্রশ্ন হলো, কোন রান আপের জন্য প্রস্তুত হচ্ছেন মোরাদাবাদের ৩৬ বছরের পেসার?

সামি সাফ বলেছেন, ‘আইপিএল, ঘরোয়া ক্রিকেটে সাদা বলে খেলা চালিয়ে যাব। ফিটনেসের প্রয়োজনে ডেজ় ম্যাচ খেলতে পারি।’

প্রসঙ্গত, এখন বাংলার সৈয়দ মুস্তাক আলি টি–টোয়েন্টি স্কোয়াডে আছেন। এর পরে ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় স্তরে বিজয় হাজারে ট্রফি। সেখানেও খেলতে চলেছেন সামি। তবে জানুয়ারিতে ফের রঞ্জি ট্রফি শুরু হলে সেখানে আর সামিকে দেখা যাবে না বলেই ধরে নিচ্ছে বাংলার ক্রিকেট মহল।

সামির স্বপ্ন কিন্তু মিশন ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ। যে স্বপ্ন আঁকড়ে বিরাট-রোহিতরা এখনও আন্তর্জাতিক ক্রিকেটে পড়ে রয়েছেন, আপাতত সেই লক্ষ্য নিয়েই এগোবেন সামি। তাঁর ঘনিষ্ঠ মহলে কথা বলে এমনটাই জানা গিয়েছে। সে দিক থেকে দেখলে বাংলার হয়ে আসন্ন বিজয় হাজারে ট্রফি যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদিও বিশ্বকাপের স্কোয়াডে ঢোকার রাস্তা মোটেও সহজ নয়। তবে ফাইটার সামি লড়বেন বলেই মনে করা হচ্ছে।

অদূর ভবিষ্যতে কোচিংয়েও আসার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অবসরে ছবি আঁকতে ভালোবাসেন। কেরিয়ারের ছবিতে আর একটা বিশ্বকাপ সাফল্য এঁকে যেতে চান সামি।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google