IFA Shield 2026: শ্রীনিধিকে ৬ গোলের মালা পরিয়ে যাত্রা শুরু মোহনবাগানের

সুচরিতা সেন চৌধুরী: জেলা থেকে গত কয়েক বছরে ময়দানে ফিরেছে ফুটবল। এখন নিয়মিত খেলা হচ্ছে তিন প্রধানের মাঠে। কলকাতা লিগ শেষ হয়েছে ১৯ সেপ্টেম্বর আর ২৩ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে গেল আইএফএ শিল্ড (IFA Shield 2026)। যদিও সেই অতীত জৌলুস এখন আর নেই শিল্ডের। কোনও রকমে নম নম করে সারতে হচ্ছে শিল্ড। তার মধ্যেই প্রবল বৃষ্টি মাথায় নিয়ে মোহনবাগান বনাম শ্রীনিধি ম্যাচ দিয়ে শুরু হয়ে গেল ১২৬তম আইএফএ শিল্ড। প্রথম ম্যাচই ৬-০ গোলে জয় দিয়ে শুরু করল কলকাতা লিগ চ্যাম্পিয়নরা।

যদিও প্রাথমিক সূচি অনুযায়ী প্রথম ম্যাচ ছিল ইস্টবেঙ্গল বনাম মহমেডান ডার্বি। কিন্তু কলকাতা লিগের নির্ণায়ক ম্যাচে মোহনবাগানের জয়সূচক গোল অফসাইড দাবি করে প্রতিবাদে শিল্ড না খেলার সিদ্ধান্ত নেয় মহমেডান। যার ফলে সেই গ্ৰুপে তাদের বদলে ক্যালকাটা কাস্টমসকে এনে বৃহস্পতিবার নতুন করে ম্যাচ দেওয়া হয়। যে কারণে মোহনবাগান বনাম শ্রীনিধি ম্যাচ দিয়ে শুরু হল শিল্ড। যেন ফিরে পাওয়া গেল পুরনো সেই দিন যখন বৃষ্টিভেজা ময়দানে ফুটবল চলতো। তার মধ্যেই মাঠে ভরালেন সমর্থকরা। এদিনের বাড়তি আকর্ষণ ছিল মোহনবাগানের হাতে কলকাতা লিগের ট্রফি তুলে দেওয়া।


কলকাতা লিগ জয়ের ফলে যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মোহনবাগান তার প্রমান পাওয়া গেল প্রথম মিনিট থেকেই। ৫ মিনিটেই ছাংতের কর্নার থেকে লিস্টন হয়ে শুভাশিসের হেড বাঁচিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষ গোলকিপার কমলজিৎ সিং। তার তিন মিনিটের মধ্যেই অবশ্য গোলের মুখ খুলে ফেলল মোহনবাগান। দ্রাজিচের পাস থেকে অভিষেকের নিখুঁত ফিনিশে এগিয়ে যায় মোহনবাগান।

১৫ মিনিটে মিগুয়েলের মিসের পরই ২৪ মিনিটে সমতায় ফেরার সুযোগ এসে গিয়েছিল শ্রীনিধির সামনে। আদ্রিয়ানোর শট প্রথমে বিশাল সেভ করলেও বল দখলে রাখতে পারেননি, ফিরতি বলে আবার আদ্রিয়ানোর শট বিশালের হাতেই জমা হয়। এর পর ৩৮ মিনিটে ছাংতে থেকে বল পেয়ে মিগুয়েলের শট গোলকিপারের হাতে জমা হয়।

IFA Shield 2026

৪০ মিনিটে ডেভিডকে ফাউল করে বক্সের ঠিক লাইনে ফ্রিকিক পাইয়ে দেন দীপক টাংরি। ৪২ মিনিটে পেপের ফ্রিকিক সরাসরি গিয়ে লাগে আলবার্তোর গলায়। সাময়িক চোট পেলেও কিছুক্ষণের মধ্যেই মাঠে ফেরেন তিনি। এর পর ছাংতের গোলে ২-০ করে মোহনবাগান। ৪৫ মিনিটে শুভাশিসের লম্বা পাস বাঁ দিকে পেয়ে গিয়েছিলেন মিগুয়েল। সেখান থেকে লিস্টন হয়ে ছাংতের গোলের সঙ্গেই শেষ হয় প্রথমার্ধ।

যেখানে প্রথমার্ধ শেষ হয়েছিল সেখান থেকেই দ্বিতীয়ার্ধ শুরু করে মোহনবাগান, আরও পিছিয়ে পড়ে শ্রীনিধি। আর হ্যাটট্রিকে নাম লিখিয়ে ফেলেন ছাংতে। ৫২ মিনিটে ম্যাকলারেনের পাস থেকে প্রণয়কে ডজ করে গোলে বল ঠেলেন ছাংতে। ৫৭ মিনিটে দলের হয়ে ৪-০ করার পাশাপাশি নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ছাংতে। তবে এখানেই শেষ নয়, বাকি ছিল আরও দুই। ৭২ ও ৮২ মিনিটে মোহনবাগানের হয়ে ৬-০ করেন সন্দীপ মালিক ও লি আরউইন। পরিবর্ত হিসেবে নেমেছিলেন দু’জনেই। এর সঙ্গেই ছয় গোল দিয়ে আইএফএ শিল্ড শুরু করে দিল মোহনবাগান।

মোহনবাগান: বিশাল কেইথ, শুভাশিস বোস, আলবার্তো রডরিগেজ, রাহুল ঢেকে, লালিয়ানজুয়ালা ছাংতে, দেজান দ্রাজিচ, দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী, লিস্টন কোলাসো, মিগুয়েল ফেরেরা, জেমি ম্যাকলারেন (লি হ্যারি আরউইন)

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle