১২ ও ১৩ সেপ্টেম্বর ১৮তম ব্রিকস (BRICS) সম্মেলনের আয়োজক হিসেবে ভারত এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। এ বছর ব্রিকসের সভাপতিত্ব ভারতের হাতে থাকায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিল, রাশিয়া, চিন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহী-সহ অন্যান্য সহযোগী দেশের নেতাদের স্বাগত জানাবেন।
সম্মেলনটি ‘ভারত মণ্ডপম’-এ অনুষ্ঠিত হবে, তবে এর সবচেয়ে আকর্ষণীয় প্রস্তুতিপর্বটি চলছে দিল্লির বিলাসবহুল হোটেলগুলোতে—যেখানে সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা থাকবেন। সুপরিকল্পিত আতিথেয়তা থেকে শুরু করে আন্তর্জাতিক অতিথিদের জন্য বিশেষ খাদ্যতালিকা—শহরের শীর্ষস্থানীয় হোটেলগুলো কোনও ত্রুটি রাখছে না। তারা একদিকে যেমন অতিথিদের ভারতীয় সংস্কৃতির স্বাদ দিতে সচেষ্ট, তেমনি তাদের ভিন্ন ভিন্ন খাদ্যাভ্যাসের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
ব্রিকস (BRICS) প্রতিনিধিদের আতিথেয়তার প্রস্তুতি নেওয়া তিনটি হোটেল—’দ্য লীলা প্যালেস’, ‘তাজমহল’ এবং ‘দ্য ললিত’-এর সঙ্গে এনডিটিভি বিশেষ কথপোকথনে উঠে এসেছে, তাদের রন্ধনশালায় কী কী বিশেষ আয়োজন করা হচ্ছে। হোটেলগুলো এ বিষয়ে যা জানিয়েছে যা অনেকটাই এরকম-
নয়াদিল্লির তাজমহল হোটেল ব্রিকস প্রতিনিধিদের স্বাগত জানাবে ‘ট্র্যাডিশন টু টেবিল’ (Tradition to Table) আয়োজনের মাধ্যমে। এটি এমন কিছু রেসিপির সংকলন যা তাজ-এর শেফরা তাঁদের রান্নার প্রথম ও প্রধান গুরু—অর্থাৎ তাঁদের মায়েদের—অনুপ্রেরণায় তৈরি করেছেন। এই আয়োজনটি ভারতীয় আতিথেয়তা এবং আমাদের রন্ধনশৈলীর ঐতিহ্যের মূল সুরকে তুলে ধরে। এই সংকলনে এমন সব রেসিপি স্থান পেয়েছে যার সঙ্গে শেফদের ব্যক্তিগত ও শৈশবের স্মৃতি জড়িয়ে আছে।
এই রন্ধন-ভাবনার আওতায় ভারতের ছয়টি অঞ্চলের ঐতিহ্যবাহী ও সুস্বাদু সব জলখাবার বা স্ন্যাকস পরিবেশন করা হবে। এর মধ্যে রয়েছে কাশ্মীরের মশলাদার আখরোট, পুরানি দিল্লির ময়দা-কাজু, মহারাষ্ট্রের ভাকারওয়াড়ি, রাজস্থানের মিনি কচুরি, বাংলার কুচো নিমকি এবং তামিলনাড়ুর মুরুক্কু। এই বিশেষ আয়োজনটি ভারতের বৈচিত্র্যময় আঞ্চলিক খাদ্যাভ্যাসের অনন্য উপাদান, গঠনশৈলী এবং প্রস্তুতপ্রণালীকে তুলে ধরে।
নয়াদিল্লির তাজমহল হোটেলের এরিয়া ডিরেক্টর (অপারেশনস) ও জেনারেল ম্যানেজার ড. আনমোল আহলুওয়ালিয়া বলেন, “প্রায় পাঁচ দশক ধরে নয়াদিল্লির তাজমহল হোটেল বিশ্বজুড়ে রাষ্ট্রপ্রধান, কূটনীতিক এবং বিশিষ্ট নেতাদের স্বাগত জানানোর গৌরব অর্জন করেছে। ভারতের রন্ধনশৈলীর ঐতিহ্য ও বৈচিত্র্যের প্রতিফলন হিসেবে, এই স্মারকটি সেই আন্তরিকতা, যত্ন এবং পারস্পরিক সংযোগের মনোভাবকে তুলে ধরে—যা তাজ-এর আতিথেয়তার মূল বৈশিষ্ট্য।”
নয়াদিল্লির দ্য লীলা প্যালেস ‘ব্রিকস সামিট ২০২৬’-এ আগত প্রতিনিধিদের জন্য এক বিশেষ রান্নার-অভিজ্ঞতার আয়োজন করেছে, যা সমসাময়িক দৃষ্টিভঙ্গির সঙ্গে দেশের ঐতিহ্যকে উদযাপন করে। ভারতের জাতীয় ফুল হিসেবে এর নানাবিধ তাৎপর্য বিবেচনা করে বিশেষভাবে হাতে তৈরি একটি ভোজ্য পদ্মফুল প্রস্তুত করা হয়েছে। এই প্রতীকটি ‘ব্রিকস ইন্ডিয়া ২০২৬’-এর পরিচয়ের সঙ্গে যেমন ওতপ্রোতভাবে জড়িত, তেমনি ‘দ্য লীলা’-র নিজস্ব যাত্রাপথের সঙ্গেও এর এক বিশেষ যোগসূত্র রয়েছে। গোলাপ, জাফরান ও এলাচ দিয়ে তৈরি এবং দেশীয় ফলের সঙ্গে পরিবেশিত এই পদ্মফুলটি ভারতের এক অনন্য বহিঃপ্রকাশ হিসেবে অর্থবহতা ও কারুশিল্পের এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছে।
‘দ্য লীলা প্যালেস নিউ দিল্লি’-র এক্সিকিউটিভ শেফ করণ ঠাকুর এনডিটিভিকে বলেন, “প্যালেসের রান্না-বিশেষজ্ঞ দলের তৈরি বিশেষ সব পদের মাধ্যমে আমাদের এই রন্ধনশৈলী ও খাবারের আয়োজন অব্যাহত থাকে; অতিথিরা যেমন এসব খাবার সানন্দে উপভোগ করেন, তেমনি বিভিন্ন সময় আগত প্রতিনিধি দলও এগুলোর বিশেষ প্রশংসা করেছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে ‘দ্য লীলা’-র ‘ওজাস্য’ (Aujasya) ব্র্যান্ডের মিলেট কুকিজ, হাতে তৈরি গ্রানোলা বার এবং স্বাস্থ্যকর ভেষজ পানীয় (wellness infusions)—যা ভারতীয় উপাদানের সমৃদ্ধির সঙ্গে পুষ্টির আধুনিক ও সমসাময়িক দৃষ্টিভঙ্গির এক চমৎকার মেলবন্ধন ঘটায়।
তিনি আরও বলেন, “আমাদের আন্তর্জাতিক অতিথিদের ভারতের এমন এক অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিটি বিষয় অত্যন্ত যত্নসহকারে বিবেচনা করা হয়েছে—যা একইসঙ্গে পরিশীলিত ও অনন্য এবং ‘দ্য লীলা’-র আতিথেয়তার দর্শনের গভীরে প্রোথিত।”
দ্য ললিত নয়াদিল্লি ব্রিকস (BRICS) সম্মেলন উপলক্ষে একটি বিশেষ মেনু প্রস্তুত করেছে। এই মেনুটি ভারতের সমৃদ্ধ আঞ্চলিক রন্ধনশৈলীকে তুলে ধরার পাশাপাশি সম্মেলনের মূল ভাবনার প্রতিফলন ঘটায়। প্রথাগত ভোজসভার খাবারের গণ্ডি পেরিয়ে এখানে ‘গালৌটি কাবাব’ ও ‘তান্দুর-বেকড ব্রেড’-এর মতো চিরাচরিত পদের এক পরিশীলিত ও আধুনিক রূপ পরিবেশন করা হচ্ছে। সেই সঙ্গে এতে প্রাধান্য পেয়েছে মিলেট বা বাজরা-ভিত্তিক বিভিন্ন পদ, যা ভারতের পুষ্টিবিষয়ক ঐতিহ্য এবং আধুনিক রন্ধনশৈলীর নতুন সম্ভাবনা—উভয়কেই তুলে ধরে।
এ ছাড়াও শেফরা বেশ কিছু অনন্য পদ তৈরি করেছেন; এর মধ্যে রয়েছে ‘মিসো পেস্ট’ দিয়ে রান্না করা বেগুন, মৃদু আঁচে রান্না করা চাইনিজ ক্যাবেজ এবং ‘অ্যাম্বার সস’ সহযোগে জাপানি ধাঁচে প্রস্তুতকৃত মিষ্টি স্বাদের কিডনি বিনও থাকছে।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
