Women’s Asia Cup 2026: বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

শুরু থেকেই স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন ভারতের মেয়েরা। আর বৃহস্পতিবার বাংলাদেশের মেয়েদের ৪০ রানে হারিয়ে এশিয়া কাপ ২০২৬ (Women’s Asia Cup 2026)-এর ফাইনালে পৌঁছে গেল ভারতের মেয়েরা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রানেই থামতে হয় বাংলাদেশের মেয়েদের। প্রত্যাশিতভাবেই জিতে ফাইনাল নিশ্চিত করল ভারতের মেয়েরা। এবার চ্যাম্পিয়ন ট্রফি থেকে মাত্র এক ম্যাচ দূরে ভারত।

প্রথমে ব্যাট করতে নেমে ভারতের ওপেনার তারকা ব্যাটার স্মৃতি মন্ধনা এদিন দলের জয়ে বড় ভূমিকা রাখতে পারেননি। মাত্র ২ রান করেই তিনি ফিরে যান প্যাভিলিয়নে। এর পর একাই লড়েন শাফালি ভার্মা। মাঝে মাঝে তাঁকে সঙ্গ দিয়ে যান কখনও প্রতিকা কখনও হরমনপ্রীত বা রিচা। শাফালির ব্যাট থেকেই আসে সর্বোচ্চ ৬৪ রান। ৪০ বলে ৭টি বাউন্ডারি ও ৩টে ওভার বাউন্ডারি হাঁকান তিনি।


এছাড়া প্রতিকা রাওয়াল ২০, হরমনপ্রীত কৌর অপরাজিত ২৪, রিচা ঘোষ ২১, দীপ্তি শর্মা ১৩ ও ভারতি ফুলমনি কোনও রান করেই ফেরেন প্যাভিলিয়নে বাংলাদেশের সামনে ১৫০ রানের লক্ষ্যমাত্রা রেখে। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন সুলতানা খাতুন। একটি করে উইকেট মারুফা আক্তার, নাহিদা আকতার ও রাবেয়া খানের।

১৫০ রানের লক্ষ্যে নেমে দুই ওপেনার দিলারা আক্তার ২১ ও জুয়াইরিয়া ফিরদৌস ১৪ রান করে ফিরে গেলে প্রথমে ধাক্কা খায় বাংলাদেশের ব্যাটিং। তবে সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। এর পর সোমনাথ মোস্তারি ১৮, ক্যাপ্টেন নিগার সুলতানা ১৯, শার্মিন আখতার ১, ফাহিমা খাতুন ১৪ ও রাবেয়া খান ০ রানে আউট হয়ে যান।২২ রানে অপরাজিত থাকেন শর্মা আকতার। কিন্তু লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হন তাঁরা। ৪০ রান পিছনেই থামতে হয় তাঁদের।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন দীপ্তি শর্মা। ২ উইকেট নেন নন্দিনী শর্মা। একটি করে উইকেট নেন শ্রী চরনি ও প্রেমা রাওয়াত। ম্যাচের সেরা শাফালি ভার্মা।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle