জার্মানিতে হাইলি ওপেন ২০২৬ (HYLO Open 2026)-এ দুর্দান্ত সাফল্য ভারতের। BWF World Tour Super 500-এর এই প্রতিযোগিতায় একই দিনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন পিভি সিন্ধু এবং পুরুষদের সিঙ্গলসে খেতাব জিতলেন লক্ষ্য সেন। রবিবার জার্মানির সারল্যান্ডহালে শেষ হওয়া প্রতিযোগিতায় দুই ভারতীয় তারকার দাপট নজর কাড়ল।
দ্বিতীয় বাছাই সিন্ধু ফাইনালে ডেনমার্কের লাইন হজমার্ক কিয়ার্সফেল্ডটকে সরাসরি গেমে ২১-১২, ২১-১৪ ব্যবধানে হারান। মাত্র ৩৯ মিনিটেই ম্যাচ শেষ করেন তিনি। গোটা টুর্নামেন্টে একটি গেমও হারেননি ভারতীয় তারকা।
এই নিয়ে টানা দুই সপ্তাহ দুর্দান্ত ছন্দে পাওয়া গেল সিন্ধুকে। গত সপ্তাহে ফ্রেঞ্চ ওপেনে রানার্স আপ হওয়ার পর এবার হাইলি ওপেনের ট্রফি হাতে তুললেন তিনি। চলতি বছর জাপান ওপেনও জিতেছেন সিন্ধু। কঠিন ২০২৫ মরসুমের পর এই সাফল্য তাঁর ফর্মে ফেরার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।
খেতাব জয়ের পর সিন্ধু বলেন, “গত দু’সপ্তাহ অসাধারণ কেটেছে। পুরো দলকে কৃতিত্ব দিতে হবে। আমরা পরিকল্পনা অনুযায়ী এগিয়েছি। যত অভিজ্ঞ হওয়া যায়, নিজের কাজ আরও ভালো করা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও বুদ্ধিমান হওয়া গুরুত্বপূর্ণ। একই সঙ্গে শান্ত থাকাটাও জরুরি ছিল। তবে এখনও উন্নতির অনেক জায়গা রয়েছে।”
সেমিফাইনালে ১৯ বছরের ভারতীয় প্রতিভা অনমোল খার্বকেও হারিয়েছিলেন সিন্ধু। ফলে ভারতীয় ব্যাডমিন্টনের জন্য গোটা সপ্তাহটাই হয়ে উঠেছে স্মরণীয়।
পুরুষদের সিঙ্গলসে চতুর্থ বাছাই ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে কার্যত উড়িয়ে দেন লক্ষ্য সেন। ৩৯ মিনিটের লড়াইয়ে ২১-১৭, ২১-১০ ব্যবধানে জয় পান তিনি। এই জয়ের ফলে চলতি মরসুমে প্রথম আন্তর্জাতিক খেতাব পেলেন লক্ষ্য। একই সঙ্গে ক্রিস্টির বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ের হিসাবও সমান করলেন ভারতীয় তারকা।
খেতাব জয়ের পর লক্ষ্য বলেন, “অনেক দিন পর কোনও টুর্নামেন্ট জিতলাম। তাই খুব ভালো লাগছে। শেষ দুটো ম্যাচে বিশ্বের অন্যতম সেরা প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছি এবং আত্মবিশ্বাসের সঙ্গে জিতেছি। নিজের পারফরম্যান্সে আমি খুশি, আর টুর্নামেন্ট জিতে আরও বেশি ভালো লাগছে।”
হাইলি ওপেনে সিন্ধু ও লক্ষ্য সেনের এই সাফল্য ভারতীয় ব্যাডমিন্টনের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। চার বছর পর আবার একই BWF World Tour ইভেন্টে Super 500 বা তার বেশি স্তরে দুই ভারতীয় খেলোয়াড় দুইটি খেতাব জিতলেন। এর আগে ২০২২ সালের ইন্ডিয়া ওপেনে লক্ষ্য সেন পুরুষদের সিঙ্গলস এবং সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি পুরুষদের ডাবলস খেতাব জিতেছিলেন।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
