এ আর নতুন কী? ভারতীয় ফুটবলে সাফল্যের শীর্ষে থেকে, স্বপ্ন দেখিয়ে বিদায় নিয়েছিল অনেক ক্লাব। সেই তালিকা দীর্ঘ। জেসিটি, মাহিন্দ্রা, টেম্পো, ভাস্কো, পুনে এফসি, আরও কত নাম। আর সেই তালিকাকে দীর্ঘায়িত করল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। সব দলই যেন একই বার্তার পুনরাবৃত্তি করে গেল। শুক্রবার জামশেদপুর এফসির তরফে এক বার্তা দিয়ে জানিয়ে দেওয়া হল তারা আইএসএল ২০২৬-২৭ মরসুমের খেলবে না। একবার বেরিয়ে গিয়ে আবার দেশের মূল লিগের মূলস্রোতে ফিরে আসা আরও কঠিন। কোনও ক্লাবই এই অসাধ্যসাধন করতে পারেনি।
তবে ফুটবল থেকে পুরোপুরি সরে যাচ্ছে না বলেই জানিয়েছে জেএফএসপিএল। তাদের বার্তায় জানানো হয়েছে, তারা ভারতীয় ফুটবলের উন্নতিতে কাজ চালিয়ে যাবে। তারা বার্তায় লিখেছেন, “আমরা ভারতীয় ফুটবলের গ্ৰাসরুট পর্যায়ে কাজ করে যাব, ইয়ং ফুটবল প্রতিভাদের তুলে আনার জন্য। ইয়ং ভারতীয় প্লেয়ারদের গ্ৰাসরুট থেকে তুলে এনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাওয়ার রাস্তা তৈরি করে দেবে।”
পাশাপাশি তারা তাদের সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছে তাদের ধারাবাহিক সমর্থনের জন্য। এর সঙ্গে শুরু থেকে দলের সঙ্গে থাকার জন্য প্লেয়ার ও সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানিয়েছে। শুভেচ্ছা জানিয়েছে এআইএফএফ ও আইএসএলকেও। এই পরিস্থিতিতে জামশেদপুরের জায়গায় কোন দল খেলবে সেটা সিদ্ধান্ত নিতে হবে ফেডারেশনকে। এছাড়া ডায়মন্ড হারবারেরও আইএসএল খেলা নিয়ে সংশয় রয়েছে। সব মিলে আবারও সমস্যায় আইএসএল।

প্রসঙ্গত, এদিনই আইএসএল খেলার জন্য প্রথম কিস্তি জমা দেওয়ার শেষ দিন ছিল। ক্লাবগুলোকে এই মরসুমে আইএসএল খেলতে হলে এআইএফএফ-কে দিতে হবে ১ কোটি ১০ লাখ টাকা। তার প্রথম কিস্তি এদিন দিতে হতো ৫৫ লাখ। প্রাথমিকভাবে এই দিনটি আরও আগে থাকলেও পরে তার বাড়ানো হয়েছিল। এই দিন মিস করলে ক্লাবগুলোকে দিতে হবে জরিমানাও। সেই টাকাও নেহাতই কম নয়।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
