সুচরিতা সেন চৌধুরী: ডুরান্ড কাপ ফাইনালে পৌঁছেও শেষরক্ষা হল না। কোয়ার্টার ফাইনালে জামশেদপুর আর সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল ডায়মন্ড হারবার। শুধু শেষ হার্ডলটা পার করা হল না। আর নর্থইস্ট ইউনাইটেডের কাছে বড় ব্যবধানে হেরে রানার্স হয়েই থাকতে হল কলকাতার দলকে। আর পর পর দুই বছর দুই কলকাতার দলকে হারিয়ে জোড়া ডুরান্ড কাপ জিতে নিল উত্তরপূর্ব ভারতের এই দল। জুয়ান পেদ্রো আর আলাদিন আজারের কম্বিনেশনে এই দল ক্রমশ সব প্রতিপক্ষের আতঙ্ক হয়ে উঠেছে। সঙ্গে রয়েছেন দলের মালিক জন আব্রাহাম। তাঁর প্রসঙ্গ এলে কোচের গলায় শুধুই সম্মান ঝড়ে পড়ে। তাই চ্যাম্পিয়ন হওয়ার পর যে সেই মানুষটার প্রসঙ্গ আসবে তা তো স্বাভাবিক। এদিন তিনি হাজির ছিলেন স্টেডিয়ামে। দলের জয়ে উচ্ছ্বসিত জন ম্যাচ শেষ হতেই নেমে গেলেন মাঠে। তাঁর সঙ্গেই দলের সবার হাতে হাতে পৌঁছে গেল ‘চ্যাম্পিয়ন’ লেখা টিশার্ট।
পেদ্রো বলছিলেন, ‘‘জন আব্রাহাম সম্পর্কে কোনও শব্দই যথেষ্ট নয়। দুর্দান্ত ব্যক্তি। তিনি সবসময় আমাদের পাশে থাকেন। কঠিন মুহূর্ত আসে কিন্তু তিনি কখনও আমাদের হতাশ করেননি। আমরা তাঁকে ধন্যবাদ জানাই। পুরো ব্যবস্থাপনা চমৎকার। নর্থইস্টের ভক্তদেরও ধন্যবাদ।’’ জয়ে উচ্ছ্বসিত পেদ্রো, খুশি দলের সাফল্যেও। তবে প্রতিপক্ষের জন্য ৬-১ গোলের ব্যবধান যে কতটা কঠিন সেটাও মেনে নিলেন। তিনি নিজেই বলছেন, ‘‘এটা অনেক বড় ব্যবধানে জয়। এটা ৩-১ হতে পারত। তবে স্কোর নয়, জয়টাই আসল।’’
তবে গত বছরের ডুরান্ড ফাইনালের সঙ্গে তুলনা করতে চান না। বরং অতীত নয় বর্তমানটাকে উপভোগ করতে চান, তা স্পষ্ট জানিয়ে দিলেন নর্থইস্ট কোচ। বললেন, ‘‘আমি আজকের জন্য খুশি।’’ তবে তাঁর গলায় আবারও শোনা গেল তাঁর কলকাতা প্রেমের কথা। তবে এদিন বলে দিলেন, তিনি আবারও কলকাতায় আসতে চান এবং জিততে চান। তবে জয়ের বিষয়ে যে তাঁরা আত্মবিশ্বাসী ছিলেন সেটাও বোঝা গেল তাঁর কথায়। বলছিলেন, ‘‘আমরা এটাই আশা করেছিলাম। এটাই স্বাভাবিক ছিল। আমরা মুখিয়ে ছিলাম।’’
তিনি চ্যাম্পিয়ন হয়ে খুশি হলেও হতাশ নন রানার্স কোচ কিবু ভিকুনা। তিনি মনে করেন, ‘‘হার কষ্টের কিন্তু আমরা নতুন দল। আমরা নতুন দল হিসেবে দ্বিতীয় স্থান অর্জন করেছি। আমরা উন্নতি করছি। এই দল আরও উন্নতি করবে। আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি। আমরা ভালো খেলতে পারিনি। তবে একটা সময় পর্যন্ত ম্যাচ ৫০-৫০ ছিল। ওরা সুযোগকে গোলে রূপান্তরিত করেছে, আমরা পারিনি। তবে আমি এর জন্য দুঃখ পাচ্ছিল না। আজ রাতে আমরা দুর্বল ছিলাম।’’ বরং তিনি দাবি করছেন, ইস্টবেঙ্গল ম্যাচের চেয়ে কোথাও কোথাও এই ম্যাচে ভালো ফুটবল খেলেছে তাঁর ছেলেরা। শুধু ব্যবধানটা যে অনেকটাই বেশি হয়ে গেল। তবে তিনি সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রতিপক্ষ নর্থইস্টকে শুভেচ্ছা জানাতে ভুললেন না।
ডুরান্ড কাপ ২০২৫-এর পুরস্কারের তালিকা
কোয়ার্টার ফাইনাল: হেরে যাওয়া চার দল জামশেদপুর এফসি, ইন্ডিয়ান নেভি, মোহনবাগান এসজি, বোড়োল্যান্ড পাচ্ছে ১৫ লক্ষ টাকা করে।
সেমিফাইনাল: হেরে যাওয়া দুই দল ইস্টবেঙ্গল এফসি ও শিলং লাজং এফসি পাচ্ছে ২৫ লক্ষ টাকা করে
গোল্ডেন গ্লাভস: সেরা গোলকিপারের পুরস্কার পেলেন নর্থইস্টের গুরমিত সিং পেলেন ৩ লক্ষ টাকা ও একটি গাড়ি
গোল্ডেনবল: টুর্নামেন্টের সেরা প্লেয়ার আলাদিন আজারে পেলেন ৩ লক্ষ টাকা ও একটি গাড়ি
গোল্ডেন বুট: টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার আলাদিন আজারে পেলেন ৩ লক্ষ টাকা ও একটি গাড়ি
রানারআপ: টুর্নামেন্টের দ্বিতীয় দল ডায়মন্ড হারবার পেল ৬০ লক্ষ টাকা
চ্যাম্পিয়ন: টুর্নামেন্টের সেরা দল নর্থইস্ট ইউনাইটেড পেল ১ কোটি ২০ লক্ষ টাকা।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
